অপেক্ষা করছিলেন এ দিনটির জন্য। কিন্তু দিনটা হতাশই করল তাঁকে। কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে বাংলাদেশকে পদক দিতে পারলেন না শারমিন আক্তার (রত্না)। রেঞ্জে দাঁড়িয়ে কথা বলার সময় কাল হতাশাই ঝরল তাঁর কণ্ঠে ৪০০-তে আপনার সেরা ৩৯৮। আজ হলো ৩৯৪। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, খুব হতাশ...শারমিন আক্তার (রত্না): খুবই হতাশ। স্কোর ভালো হয়নি। সাদিয়া আর আমার দুজনেরই স্কোর ৩ করে বেশি হওয়া উচিত ছিল। তাহলে আমরা অনায়াসে ব্রোঞ্জ অন্তত পেতাম। সমস্যাটা কোথায় হলো?শারমিন: দুজনেরই শুরুটা খারাপ হয়ে গেছে। নার্ভাসনেস কাজ করেছে বোধ হয়। তবে আমি যে খুব নার্ভাস ছিলাম, তা-ও নয়। তাহলে?শারমিন: প্রথম ১০ শটের সিরিজেই ৩ পয়েন্ট হারাই আমি। দ্বিতীয় শটটাই ৯ হয়েছে। এ অবস্থায় বাকি তিন সিরিজের ৩০টি শট ১০ করলে সর্বোচ্চ ৩৯৭ হবে। একটি-দুটি মিস হলেই সর্বনাশ। এই যে টেনশন, এটা কাজ করে ভেতরে। ৪০ শটের জন্য ৭৫ মিনিট সময় পেলেও ২৮ মিনিটেই আপনার শ্যুটিং শেষ। এত তাড়াহুড়ো করলেন কেন?শারমিন: আমার শ্যুটিংই এমন। আস্তে-ধীরে মারার চেষ্টা করেছি কিন্তু ৪০টি গুলি মারতে আমার বড়জোর ৩৫ মিনিট লাগে। দর্শক হয়ে যাওয়ার পর কেমন লাগছিল?শারমিন: দোয়া করছিলাম সাদিয়া যাতে ভালো মারে। কিন্তু ওরও খারাপ হয়েছে। একটা কথাই মনে হচ্ছিল, স্কোর আরও বেশি করার ক্ষমতা আমাদের আছে। কেন যে পারলাম না! এই গেমস থেকে এখন পর্যন্ত আপনি কী শিখলেন?শারমিন: আমাদের অনেক পরিশ্রম করতে হবে। এমন ঢিলেঢালাভাবে চলবে না। ভালো প্রস্তুতি না নিয়ে এলে ভালো ফল অসম্ভব। মানসিকভাবে আমাদের আরও শক্তিশালী হওয়া দরকার। আপনারা দেশে যে অনুশীলন করেন, সেটা কি পর্যাপ্ত?শারমিন: আমরা এখন যে অনুশীলন করছি, তা মোটেও পর্যাপ্ত নয়। সর্বোচ্চ পর্যায়ে যেতে যেসব জিনিস লাগে, তা আমাদের নেই। অন্য দেশগুলোর শ্যুটারদের কেমন দেখছেন? শারমিন: অন্যরা রকেট-গতিতে এগোচ্ছে। সিঙ্গাপুরকে দেখেন, ওদের যে দুটি মেয়ে ১০ মিটার করল আজ, ওদের দুজনের পেছনেই দুজন বিদেশি কোচ আছে। ওদের সারাক্ষণ বলছে, কী করতে হবে। দুজনই রাইফেল শ্যুটার, তার পরও ওদের জন্য আলাদা কোচ। আপনাদের কোচ নেই কেন?শারমিন: এটার উত্তর তো আমি দিতে পারব না। আমরা তো কোচ আনার জন্য বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। ফয়েজ ভাই (আসবাব আলী ফয়েজ) এখানে একমাত্র কোচ হয়ে এসেছেন। উনি বিকেএসপির কোচ। আমাদের একমাত্র কোচ শোয়েব ভাই (শোয়েবুজ্জামান)। উনি একসঙ্গে ৭ জনকে দেখান। তাঁর একার পক্ষে সবাইকে সমানভাবে দেখা সম্ভব নয়। আমাদের ভালো বিদেশি কোচ লাগবেই। কাল (আজ) ১০ মিটারের ব্যক্তিগত বিভাগের প্রতিযোগিতা। কী ভাবছেন?শারমিন: দেখি কী হয়। আগে বলা যায় না। আজকের চেয়ে আরও ভালো হতে পারে, খারাপও হতে পারে। নেগেটিভ বলব না, চেষ্টা করব আজকের চেয়ে ভালো স্কোর করতে। এখানে এমনিতে কেমন লাগছে? কারও সঙ্গে বন্ধুত্ব?শারমিন: ভালোই লাগছে। ভালো আয়োজন। তবে কারও সঙ্গে মেশার সময়ই তো নেই। দু-চারজন বাদে বাকি সবাই অপরিচিত। মালয়েশিয়ার যে মেয়েটা ৩৯৮ মারল, ওকে আগে দেখিইনি। ওদের স্কোর দেখলেই তো মনটা খারাপ হয়ে যায়। ওরা কত এগিয়েছে!