‘অপহূত’ বস্তিনেতাকে জঙ্গি বলে হাজির করল র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস আগে অপহূত বস্তিবাসীদের এক নেতাকে জঙ্গি দাবি করে গতকাল রোববার গণমাধ্যমের সামনে হাজির করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি, শাখাওয়াত হোসেন ওরফে দুলাল নামের ওই ব্যক্তিকে গতকাল ভোরে গ্রেপ্তার করা হয়েছে।সন্ত্রাস ও অপরাধ দমনে নিযুক্ত এই বিশেষ বাহিনী দুলালকে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বলে দাবি করছে। তবে পুলিশের বক্তব্য, এখনো মামলাটির অভিযোগপত্র হয়নি।র‌্যাবের দাবি বিষয়টি নিয়ে বিভ্রান্তির জন্ম দিয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং স্থানীয় কমিউনিটি পুলিশের নেতা শাখাওয়াত হোসেন ওরফে দুলালকে (৪৫) র‌্যাবের সদর দপ্তরে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।র‌্যাবের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, দুলাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) দুর্ধর্ষ সদস্য এবং ২০০১ সালে রাজধানীর পল্টন ময়দানে সিপিবির বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। হুজির কেন্দ্রীয় নেতা ইদ্রিসের দেওয়া তথ্যমতে ‘দীর্ঘদিন পলাতক থাকা’ দুলালকে গতকাল ভোরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।ভাসানটেক এলাকার রাজনৈতিক নেতা, কয়েকজন প্রতিবেশী এবং একজন কলেজশিক্ষক গতকাল টেলিভিশনে খবর দেখে প্রথম আলো কার‌্যালয়ে এসে বিস্ময় প্রকাশ করেন। তাঁরা বলেন, দুলাল ২০০৩ সাল থেকে বস্তি পুনর্বাসন সংগ্রাম পরিষদের সঙ্গে যুক্ত। তিনি এখন এ সংগঠনের প্রচার সম্পাদক। এ ছাড়া দুলাল ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পশ্চিম ভাসানটেক গুদারাঘাট বস্তির কমিউনিটি পুলিশের সহসভাপতি এবং জাতীয় পার্টির (জেপি) স্থানীয় নেতা। তাঁরা অভিযোগ করেন, দুলালকে ১৬ ফেব্রুয়ারি র‌্যাব পরিচয়ে সাদা পোশাকধারী একদল লোক অপহরণ করে নিয়ে যায়। ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করায় তাঁকে ধরে নেওয়া হয় বলে তাঁরা দাবি করেন।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাঁদের কাছে এ ঘটনার ভিডিওচিত্র রয়েছে, যা পুলিশকে দেওয়া হয়েছে।কাফরুল থানার পুলিশ সূত্র জানায়, দুলালকে অপহরণ করার অভিযোগ করে ১৭ ফেব্রুয়ারি তাঁর ফুফু তাহমিনা বেগম ওই থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর ২৩ ফেব্রুয়ারি দুলালের স্ত্রী তাসলিমা বেগম থানায় একটি নিয়মিত মামলা [নং-৪৫ (২) ২০১০] করেন। মামলায় অভিযোগ করা হয়, বস্তি পুনর্বাসন প্রকল্প এলাকা থেকে সাদা পোশাকধারী প্রশাসনের লোকজন তাঁকে ধরে নিয়ে যায়।এ ‘অপহরণ’ ঘটনার প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের সেনানিবাস এলাকার সৌদি কলোনি শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নৌবাহিনী কলেজের সহকারী অধ্যাপক এফ এ খান ফিরোজ প্রথম আলোকে বলেন, তিনি প্রকল্পের ফটকের বাইরে একটি দোকানে চা খাচ্ছিলেন। পাশের দোকানে চা খাচ্ছিলেন দুলাল, জাব্বারসহ আরও কয়েকজন। কিছুক্ষণ পর সাদা পোশাকধারীরা দুলালকে ধরে একটি ট্যাক্সি ক্যাবে তুলে নিয়ে যায়।ফিরোজ জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করে দুলালকে উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন ২ মার্চ। স্বরাষ্ট্রমন্ত্রী সেই দরখাস্তে সই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই দিনই ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠান। ফিরোজ বলেন, তিনি দুলালকে ২২ বছর ধরে চেনেন। তিনি কখনো পলাতক ছিলেন না।দুলালের স্ত্রী তাসলিমা ও ফুফু তাহমিনা প্রথম আলোকে বলেন, পুনর্বাসন প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাই দুলালের কাল হয়েছে। একই কথা বলেন পশ্চিম ভাসানটেক গুদারাঘাট বস্তি কমিটির সাধারণ সম্পাদক আবদুর রশিদ।‘র‌্যাব পরিচয়ে অপহরণ’ শিরোনামে দুলালের ছবিসহ দৈনিক ইত্তেফাক-এ গত ২৭ ফেব্রুয়ারি খবর প্রকাশিত হয়। এরপর আরও একটি পত্রিকায় একই খবর প্রকাশিত হয়।সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে র‌্যাবের জনসংযোগ ও আইন শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, তাঁরা নিশ্চিত হয়েছেন, দুলাল হুজির জঙ্গি এবং সিপিবির বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।এক মাস আগে দুলালকে র‌্যাব পরিচয়ে অপহরণ করার ব্যাপারে মামলা থাকলেও কী করে গতকাল ভোরে গ্রেপ্তার করা হলো—এ প্রশ্নের জবাবে কমান্ডার সোহায়েল প্রথম আলোকে বলেন, ‘এসব জঙ্গি খুব নটোরিয়াস (কুখ্যাত)। তারা নিজের স্ত্রীকেও বিশ্বাস করে না। তাই কিছু না বলে গা ঢাকা দিয়েছিল। তার স্ত্রী এ জন্য না বুঝে হয়তো মামলা করেছিল।’গতকাল র‌্যাব ‘এক বিশেষ বিজ্ঞপ্তি’তে জানায়, দুলাল ওই মামলার ২২ নম্বর পলাতক আসামি।তবে সিপিবির বোমা হামলা মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক মৃণাল কান্তি সাহা গতরাতে প্রথম আলোকে বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। অভিযোগপত্র দেওয়া হয়নি। র‌্যাবের সংবাদ সম্মেলন: সিপিবির সমাবেশে বোমা হামলা মামলার কথিত অভিযোগপত্রভুক্ত তিন আসামি মাওলানা ইদ্রিস আলী (৩২), মাওলানা আবদুল লতিফ ও দুলালকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়। তাঁদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হয়নি। র‌্যাব কর্মকর্তা কমান্ডার সোহায়েল সংবাদ ব্রিফিংয়ে বলেন, চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাবের গোয়েন্দা শাখা শনিবার রাত ১১টা থেকে রোববার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। তারা রাত সাড়ে ১২টায় কৃষি মার্কেট এলাকা থেকে মাওলানা ইদ্রিসকে গ্রেপ্তার করে। এরপর তাঁর কাছ থেকে তথ্য পেয়ে একই এলাকা থেকে লতিফ এবং এরপর বেড়িবাঁধ এলাকা থেকে দুলালকে গ্রেপ্তার করে।সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব দাবি করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই স্বীকার করেছেন, তাঁরা সিপিবির বোমা হামলায় জড়িত এবং হুজির সদস্য।র‌্যাব জানায়, ইদ্রিস হুজির ঢাকা মহানগর আমির মাওলানা আবু তাহেরের ভাই। তাঁকে এর আগে সিপিবির বোমা হামলা মামলায় গ্রেপ্তার করা হয়। বছরখানেক আগে তিনি জামিনে বের হন। কিছুদিন আদালতে হাজিরাও দিতেন। কিন্তু ২১ আগস্ট গ্রেনেড হামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে—এ আশঙ্কায় ইদ্রিস পরে গা ঢাকা দেন। আর লতিফ এলিফ্যান্ট রোডে কাপড় ব্যবসার আড়ালে হুজির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।দুলালকে অপহরণের ঘটনায় ভাসানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ৩ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছিল। তাতেও অভিযোগ করা হয়, নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড পুনর্বাসন প্রকল্পে ব্যাপক অনিয়ম করছিল। তারা দুই-তিন লাখ টাকা দরের ফ্ল্যাটের জন্য সাত-আট লাখ টাকা দাবি করে আসছিল। এর বিরুদ্ধে আন্দোলন করায় র‌্যাব পরিচয়ে সাদা পোশাকের লোক দুলালকে অপহরণ করে।