২০০৪ সালের অক্টোবরের পর চলে গেছে প্রায় সাত বছর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রাত্যই হয়ে আছেন তারেক আজিজ। তবে ‘এ’ দলের ক্যাম্পে সুযোগ পাওয়া এই পেসার আত্মবিশ্বাসী, খেলার সুযোগ পেলে সামর্থ্যের প্রমাণ ঠিকই দেবেন ঠিক কত দিন পর ডাক পেলেন এ ধরনের ক্যাম্পে?তারেক আজিজ: আন্তর্জাতিক ক্রিকেট সর্বশেষ খেলেছি ২০০৪ সালে। তবে গত বছর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে হোম সিরিজের বাংলাদেশ ‘এ’ দলে স্ট্যান্ডবাই ছিলাম। যদিও খেলার সুযোগ পাইনি। এবারের ক্যাম্পটাকে তাই কামব্যাকের সুযোগ হিসেবে দেখছি। এবারের ক্যাম্পটা কী ধরনের হবে?তারেক: এখনো সেভাবে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে ১২ দিনের একটা ক্যাম্প হবে। এখন স্কিল ট্রেনিং চলছে, পাশাপাশি ফিটনেস ট্রেনিং হবে। দুই গ্রুপে ভাগ করে প্র্যাকটিস হচ্ছে। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এটা তো জাতীয় দলে ফেরারই একটা সুযোগ। এমন সুযোগ পাবেন, সে রকম আশা কি ছিল?তারেক: কিছুদিন আগে জিওফ লসনের একটা ক্যাম্পে আমাদের ডাকা হয়েছিল। ওই সময় বোর্ডের এক পরিচালক আমাকে বললেন, ‘তারেক আজিজ, হারায় গেলা...।’ আমি তখন ওনাকে বলি, হারিয়ে তো আর আমি যাইনি। আপনারা হারিয়ে দিয়েছেন, তাই হারিয়ে গেছি। চার বছর ধরে আমার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স মূল্যায়ন করা হচ্ছে না। সেজন্যই হারিয়ে গেলাম। উনি তখন কী বললেন?তারেক: বললেন, ঠিক আছে...তুমি তোমার ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যানগুলো আমাকে দিয়ো। আমি তখন আমার প্রথম শ্রেণীর ক্রিকেট ও প্রিমিয়ার লিগের পরিসংখ্যান ওনার টেবিলে রেখে আসি। আমরা যারা বাদ পড়ে আছি নির্বাচকেরা তাদের বেশির ভাগ সময় মূল্যায়ন করেন না। একজনকে তৈরি করতে গিয়ে আরেকজনকে ছুড়ে ফেলা হয়। ক্যাম্পে ডাকার আগে কি নতুন নির্বাচক কমিটি আপনার সঙ্গে কথা বলেছিল?তারেক: ওভাবে কথা হয়নি। তবে সুমন ভাই (হাবিবুল বাশার) একদিন বলেছিলেন, ভালো করে প্র্যাকটিস কর। ভালো খেললে এখনো সুযোগ আছে। আমাদের মতো ক্রিকেটারদের জন্য নির্বাচকদের কাছ থেকে এটা শোনাই অনেক বড়। চার বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। নিশ্চয়ই অপেক্ষায় আছেন জাতীয় দলে ফেরার?তারেক: অবশ্যই। তবে এই অপেক্ষার যন্ত্রণা কেমন, সেটা আসলে বলে বোঝানো যাবে না। শফিউল যেবার জাতীয় দলে সুযোগ পেল, আমি আর ও একই সঙ্গে বিমানে খেলেছি। সেবার আমি সেরা পাঁচ পেসারের মধ্যে ছিলাম। খুব আশায় ছিলাম, হয়তো অভিজ্ঞতার কথা ভেবে আমাকে ডাকা হবে। শেষ পর্যন্ত ডাকা হলো নতুন একজনকে! আসলে ভাগ্যও কাজ করছে না। এ রকম হলে তো আত্মবিশ্বাসেও ছেদ পড়ে...তারেক: এ পর্যন্ত যতটুকুই এসেছি, খুব কষ্ট করে ক্রিকেট খেলে এসেছি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করেছি। প্রয়োজনে ইমরান স্যারের (সারোয়ার ইমরান) সাহায্য নিই। এই পাঁচ বছরে অনেক কিছু শিখেছি। ছেদ পড়েনি, বরং অনেক বেশি আত্মবিশ্বাসী এখন নিজের বোলিং নিয়ে। ইনজুরির সমস্যা ছিল। সেগুলো কি এখন আর নেই?তারেক: শতভাগ ফিট আছি এখন। গত এক বছরে বড় কোনো ইনজুরিতে পড়িনি। জাতীয় দল, ‘এ’ দল আর একাডেমি দল নিয়ে একটা তিনদলীয় সিরিজ হওয়ার কথা আছে। এটাকে কি শীর্ষপর্যায়ে সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ হিসেবে নেবেন?তারেক: এ রকম একটা কিছু যদি হয়, যেখান থেকে দেখা হবে আসলে কারা ভালো, সেটা তো অবশ্যই একটা সুযোগ। যারা এখন আন্তর্জাতিক ম্যাচ খেলছে তারা হয়তো ব্যাপারটাকে সেভাবে নেবে না। তবে আমরা যারা পিছিয়ে আছি, তাদের জন্য এটা একটা সুযোগ।