‘অপেক্ষায় আছি ডাক পাওয়ার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পক্ষে ১৯টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে দুটি সেঞ্চুরিও আছে। কিন্তু আহমেদ শেহজাদ গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে আর জাতীয় দলে নেই। কাল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সেঞ্চুরি করার পর ভিক্টোরিয়ার এই ওপেনার জানালেন, তিনি এখন পাকিস্তান দলে ফেরার প্রতীক্ষায় ঢাকায় এসে প্রথম সেঞ্চুরি পেলেন। খুব খুশি?আহমেদ শেহজাদ: আল্লাহর কাছে শুকরিয়া। আমি খুবই খুশি। পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো জায়গায়ই আপনাকে পারফর্ম করতে হবে। গত দুই ম্যাচেও ভালো শুরু হয়েছিল, ব্যাটে বল লাগছিল। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। আলহামদুলিল্লাহ এই ম্যাচে সেটা ছিল। সবাই বলছে গাজী ট্যাংকের সঙ্গে ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। সেজন্য বেশি খুশি। ভিক্টোরিয়া দলটাকে কেমন লাগছে?শেহজাদ: এক কথায় দারুণ। বাদল ভাই (লুৎফর রহমান) যে পরিবেশটা এখানে তৈরি করেছেন, সেটা অসাধারণ। ইমরান ভাইসহ (সারওয়ার ইমরান) যাঁরা কোচ আছেন তাঁরাও অনেক সাহায্য করছেন। আমার ধারণা, স্থানীয় সেরা ক্রিকেটারদের নিয়েই দলটা করা হয়েছে। কয়েক দিন তো হলো এখানে। দলের কার সঙ্গে বেশি বন্ধুত্ব হয়েছে?শেহজাদ: তামিম ইকবাল। বাংলাদেশ দলের খুব ভালো একজন ক্রিকেটার, মানুষ হিসেবেও ভালো। ভালো ছেলে। দলের সবাই তাকে সম্মান করে। তার কারণেই দলের ভেতরের পরিবেশটা খুব ভালো। ভিক্টোরিয়ার শিরোপা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?শেহজাদ: পাকিস্তান, পাকিস্তান ‘এ’ দলের হয়ে খেলতে গত তিন-চার বছরে কয়েকবারই এখানে এসেছি। আমার দৃষ্টিতে এটা এখানকার ক্লাব ক্রিকেটের সম্ভাব্য সেরা দল। সব ম্যাচেই আমরা সেরা খেলা খেলতে চেষ্টা করছি। এভাবে খেললে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়। ঢাকার ক্রিকেটের মান সম্পর্কে আপনার মূল্যায়ন কী?শেহজাদ: খুবই ভালো। আমার মনে হয়, এখান থেকে আমাদেরও কিছু শেখার আছে। অনেক উন্নতি হচ্ছে এখানকার ক্রিকেটে। খেলার যে মান, রান করা খুব সহজ নয়। এক-দুই ওভার পরই স্পিনাররা এসে যাচ্ছে। আর বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা তো বিশ্ব বিখ্যাত। আগে যে কয়টা ম্যাচ খেলেছি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই ম্যাচটাই কেবল সহজে জিতেছি।  আন্তর্জাতিক ক্রিকেটে দুটি সেঞ্চুরি আছে আপনার। ওই দুটি সেঞ্চুরির সঙ্গে আজকের (গতকাল) সেঞ্চুরিটাকে কি কোনোভাবে তুলনা করা যায়?শেহজাদ: আগেই বলেছি, পেশাদার ক্রিকেটার হিসেবে কোথাও গেলে আপনাকে পারফর্ম করতে হবে। সেদিক দিয়ে সবখানেই একটা চাপ থাকে মাথার ওপর। আমরা পেশাদার, খেলার জন্য টাকা পাচ্ছি। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট, যেখানেই খেলি চেষ্টা করি সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে পাকিস্তান দলে নেই আপনি। দলে ফেরার ব্যাপারে কতটা আশাবাদী?শেহজাদ: আমি এখন পারফর্ম করছি। দেশে বেশ কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। সেখানে ভালো পারফরম্যান্স ছিল। পাকিস্তানে এবারের ঘরোয়া ক্রিকেটে আমি তৃতীয় সেরা ব্যাটসম্যান হয়েছি। আশা করছি, এটা আমাকে জাতীয় দলে ফেরাতে সাহায্য করবে। অপেক্ষায় আছি ডাক পাওয়ার। যখনই ডাকা হবে, আমি খেলতে প্রস্তুত আছি। ক্যারিয়ারের শুরুর কথা বলুন। ক্রিকেটে এলেন কীভাবে?শেহজাদ: শৈশব থেকেই ক্রিকেট খেলছি। তবে তখন কারও পক্ষেই বলা সম্ভব ছিল না, একদিন আমি পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলব, দেশের প্রতিনিধিত্ব করব। বলতে পারেন, খেলাটা আমার শখ ছিল। ক্রিকেটটাকে ভালোবেসেই খেলতাম, ক্লাবে যেতাম। অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭, ১৯—বয়সভিত্তিক সব ক্রিকেটেই খেলেছি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে পাকিস্তানের হয়ে খুব ভালো পারফর্ম করার পরই প্রথম মনে হলো, আমি হয়তো জাতীয় দলেও খেলতে পারব।