‘অপ্রত্যাশিত’ ফলের কারণ খুঁজছে জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে নিজেদের পরাজয়কে ‘অপ্রত্যাশিত’ বলে মনে করছে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি (জাপা)। দলটি মনে করেছিল, বিএনপিবিহীন এই নির্বাচনে তাদের প্রার্থী জয়ী হতে না পারলেও ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন।কিন্তু বাস্তবে তা হয়নি। ভরাডুবি হয়েছে জাপার প্রার্থীর। এখন এই অপ্রত্যাশিত ফলাফলের কারণ অনুসন্ধান শুরু করেছে জাপা। জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলো ডটকমকে বলেন, ঘাটাইলের উপনির্বাচনের এই ফল জাতীয় পার্টির জন্য অপ্রত্যাশিত। কারণ, নির্বাচনের আগে যে স্বতঃস্ফূর্ত জনসমর্থন দেখা গেছে, বিভিন্ন সমাবেশে পার্টির চেয়ারম্যানের সঙ্গে জনগণ যে অঙ্গীকার করেছিল, নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন ছিল না।রুহুল আমিন হাওলাদার বলেন, কেন এ ধরনের ফলাফল হলো, জাতীয় পার্টি তার কারণ বের করার চেষ্টা করছে। এই কারণ বের করতে পারলে ভবিষ্যতেও এটি কাজে দেবে বলে তিনি মনে করেন।গতকাল রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহিদুল ইসলামকে বিপুল ব্যবধানে পরাজিত করেন। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছিল। বিএনপির জায়গাটি দখল করতে চেয়েছিল জাতীয় পার্টি। নির্বাচনের আগে ঘাটাইলে গণসংযোগ করতে গিয়ে এরশাদ প্রথম আলোকে বলেছিলেন, ‘মানুষ আমাদের ব্যাপারে খুবই পজিটিভ। নির্বাচনে যদি কোনো কারচুপি না হয়, তা হলে আমাদের প্রার্থী জয়ী হবে।’কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা যায়, আমানুর রহমান (আনারস) ৯৭ হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম (নৌকা) ৪৪ হাজার ৫৩১ ভোট পান। জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ লাঙ্গল প্রতীক নিয়ে পান মাত্র ১১ হাজার ৬৮৪ ভোট। বিজয়ী প্রার্থীর সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ৮৬ হাজারেরও বেশি।প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনকে নিজেদের ভোটের হিসাব যাচাইয়ের কৌশল হিসেবে নিয়েছিল মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মনস্থির করেছিল জাপা। দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঘাটাইলে গণসংযোগও করেছেন। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে এলাকায় থেকে নির্বাচনী প্রচার জোরদার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। জাপা মনে করছিল, গত চার বছরে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে কয়েকটি দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির ঘটনায় আওয়ামী লীগের ওপর মানুষ বিরক্ত হয়ে উঠেছে। তাই সরকারের মেয়াদের শেষ ভাগের এ দুটি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর ওপর নেতিবাচক প্রভাব পড়বে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় প্রথম আলো ডটকমকে বলেন, ঘাটাইলের নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। স্থানীয় জনগণের কাছে এ নির্বাচনটি অনেকটা গুরুত্বহীন হয়ে পড়েছিল। কারণ সরকারের মেয়াদ মাত্র এক বছর বাকি আছে। কোনো কোনো কেন্দ্রে আড়াই হাজার ভোটারের মধ্যে ৯৭ জন মাত্র ভোট দিয়েছেন। সুতরাং এটা জনমতের প্রতিফলন নয়। এর পরও জাতীয় পার্টির ফলকে ‘অপ্রত্যাশিত’ বলে মনে করেন দলের এই নেতা। তবে অন্যান্য বারের চেয়ে এ বছর ঘাটাইলে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। এটাকে তিনি ইতিবাচক বলে মনে করছেন।