ঢাকা-সিরাজগঞ্জ পথে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামে যে নতুন ট্রেন চালু হয়েছে তাতে প্রথম দিন থেকেই প্রচুর যাত্রী হচ্ছে। এই ট্রেনটির জন্য স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তাই ট্রেনটি কোনোভাবেই ‘অপ্রয়োজনীয় বিলাসিতা’ নয় বলে দাবি করেছে স্থানীয় দুটি নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন।গতকাল ‘মন্ত্রীদের মনগড়া সিদ্ধান্তের খেসারত দিচ্ছে রেলওয়ে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলোতে। প্রতিবেদনের একটি অংশ ছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস নিয়ে। তাতে রেলের অবস্থা বর্ণনা করে কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে একে ‘অপ্রয়োজনীয় বিলাসিতা’ বলে মন্তব্য করেছেন। বস্তুত এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। ট্রেনটির চলাচল অব্যাহত রাখা এবং যাত্রী চাহিদা বিবেচনা করে আরও বগি বাড়ানোরও দাবি জানিয়েছে সংগঠন দুটি। সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে গতকাল রোববার বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব দাবি জানানো হয়। সিরাজগঞ্জ শহরের কাঁচাবাজারের দুর্বার নাট্যগোষ্ঠীের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বাজার রেলস্টেশনের স্বাধীনতা স্কয়ারে শেষ হয়। সেখানে সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রথম আলোর একটি কপিতে প্রতীকী অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানায়। সংক্ষিপ্ত সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মাহবুবে খোদার সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সভাপতি জহুরুল হক, সাংস্কৃতিক সংগঠনের নেতা আসাদ উদ্দীন, আছির উদ্দীন মিলন, আবু বক্কার সিদ্দিক প্রমুখ।লিখিত প্রতিবাদ: প্রতিবেদনের একাংশের লিখিত প্রতিবাদ জানিয়েছে ‘সিরাজগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটি’ ও ‘সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি’। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটি বলেছে, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে ‘অপ্রয়োজনীয় বিলাসিতা’ বলা হলেও বাস্তবতা ভিন্ন। চালু হওয়ার পর থেকেই ট্রেনটিতে প্রচুর যাত্রী হচ্ছে। এই ট্রেনটির জন্য সিরাজগঞ্জের মানুষ দলমত-নির্বিশেষে আন্দোলন করেছে। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির প্রতিবাদপত্রে বলা হয়, রেল কর্মকর্তাদের বরাত দিয়ে লেখা সিরাজগঞ্জ এক্সপ্রেসকে অপ্রয়োজনীয় বিলাসিতা বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও ধৃষ্টতাপূর্ণ। এই বক্তব্য যে সঠিক নয়, তা ট্রেনটি চালু হওয়ার পর যাত্রীসংখ্যা ও আয়ের হিসাব দেখলেই স্পষ্ট হয়ে উঠবে।প্রতিবেদকের বক্তব্য: ইঞ্জিন-কোচের সংকটের কারণে বাংলাদেশ রেলওয়ের চলমান অনেক ট্রেনের সেবা কমিয়ে দিচ্ছে। ইতিমধ্যে ১৪০টি স্টেশন বন্ধ করে দিতে হয়েছে। বিদ্যমান চাহিদার বিপরীতে ২৫ শতাংশ ইঞ্জিন ও বগি কার্যকর পাওয়া যায় না। এ অবস্থায় ছয় বগি নিয়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু করা হয়েছে। রেলের সার্বিক অবস্থা ও আর্থিক লাভ-লোকসান বিবেচনায় সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা সিরাজগঞ্জ এক্সপ্রেসকে ‘অপ্রয়োজনীয় বিলাসিতা’ বলে মন্তব্য করেছেন।কার্যকর আর্থিক পরিকল্পনা ছাড়াই রেল যেনতেনভাবে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে, প্রথম আলোর প্রতিবেদনে তা-ই তুলে ধরা হয়েছে। এর বাইরে কোনো এলাকার প্রতি বিরূপ কোনো বক্তব্য, মন্তব্য—কিছুই ওই প্রতিবেদনে ছিল না।