‘অবরুদ্ধ অশ্রুর দিন’ স্বজনহারানোর স্মৃতিকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধে স্বজনহারানোর স্মৃতিচারণামূলক গ্রন্থ অবরুদ্ধ অশ্রুর দিন-এর প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় গণসচেতনতা, গণপ্রহরা ও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। যেসব স্থানে যুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধাদের নির্যাতন ও হত্যা করা হয়েছে, সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে একাত্তরে বাগেরহাটে শহীদ ভোলানাথ বসুর স্মৃতিচারণামূলক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এই দাবি করেন। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসর্গী দ্বিজেন শর্মা।১৯৭১ সালের ১৭ মে নিজ বাসভবনে পরিবার-পরিজনের সামনে ভোলানাথ বসু নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। ৪০ বছর পর প্রকাশিত ওই বইয়ে তাঁর পারিবারিক স্মৃতিকথা তুলে ধরেছেন আত্মীয়-পরিজন, প্রতিবেশী ও সুহূদেরা। বইটি সম্পাদনা করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও ভোলানাথ বসুর মেয়ে ঝর্ণা বসু।অনুষ্ঠানে গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘এই বইটি প্রকৃত ইতিহাস নির্মাণে ভূমিকা রাখবে। একটি শহীদ পরিবারের কী ব্যাপক যন্ত্রণা হতে পারে, সেই অজানা ইতিহাস বইটিতে তুলে ধরা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারে শুধু সদিচ্ছা থাকলেই হবে না, যুদ্ধাপরাধীদের হুঙ্কারের জবাব দিতে হবে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বাগেরহাটের খণ্ডিত চিত্র হলেও বইটিতে একাত্তরের ভয়ংকর ঘটনার চিত্র উঠে এসেছে। একাত্তরে সম্মুখসমরে যাঁরা যুদ্ধ করেছেন তাঁরা মহৎ। এর বাইরে অনেকে ছিলেন তাঁদের মৃত্যুভয় ছিল না। তাঁদের সবাইকে সম্মান জানাই।’মফিদুল হক বলেন, গ্রন্থটিতে শহীদ ভোলানাথ বসুর কথা বলা হলেও, একাত্তরের পূর্বাপর ঘটনার সাক্ষ্য এতে প্রকাশ পায়। সে সময় ভয়ংকর গণহত্যা হয়েছে। শহীদ ভোলানাথ বসু সেই আক্রমণের গভীরতম প্রকাশ। অবরুদ্ধ অশ্রুর দিন বইটি অবরুদ্ধ সেই বেদনাকে সবার সামনে প্রকাশ করেছে। শাহীন রেজা নূর বলেন, একাত্তরের নির্মম পৈশাচিকতা শহীদ পরিবারে ধিকিধিকি করে জ্বলছে। ভোলানাথ বসু ছিলেন সৎ, সজ্জন ও পরোপকারী। আনোয়ারা সৈয়দ হক বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভোলানাথ বসু পালাতে চাননি।সভাপতির বক্তব্যে দ্বিজেন শর্মা বলেন, ‘একাত্তরে আমরা উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা সাধারণ মানুষের কাছ থেকে উপকৃত হয়েছি। কিন্তু স্বাধীনতার পর সেই মর্যাদাটা রক্ষা করতে পারিনি।’ সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত এই বইটিতে ভোলানাথ বসুর স্ত্রী উমা বসু, দৌহিত্রী প্রজ্ঞাদীপা হালদার, ছেলে মানস বসুর লেখাসহ ২০টি স্মৃতিচারণমূলক রচনা রয়েছে।