‘অবরোধ’ শান্তিপূর্ণ রাখতে হেফাজতের সঙ্গে সরকারের যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সামনে রেখে হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের পক্ষ থেকে নতুন করে যোগাযোগ শুরু হয়েছে। অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে সরকারের একটি প্রভাবশালী অংশ হেফাজতের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করেন, হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি বাস্তবায়নে বিরোধী দল বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। এ কর্মসূচিকে রাজনৈতিকভাবে নিজেদের অনুকূলে নিতে বিএনপি ও জামায়াতে ইসলামী নানা পরিকল্পনা করছে। তাই বিরোধী দল যাতে হেফাজতের কর্মসূচি থেকে রাজনৈতিক সুবিধা নিতে না পারে, সে জন্য সরকার তৎপর রয়েছে। নানা মাধ্যমে হেফাজতের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। আগামী সপ্তাহে হেফাজতের সঙ্গে রাজনৈতিক পর্যায়ে আলোচনা হতে পারে।সরকারি একাধিক সূত্র জানায়, ঢাকা অবরোধ কর্মসূচির ধরন কেমন হবে, তা জানতে চেষ্টা করছে সরকার। হেফাজতে ইসলামের কর্মীরা ঢাকার বাইরে অবস্থান নেবেন, নাকি ঢাকার ভেতরে সমবেত হবেন, তা এখনো সরকারের কাছে স্পষ্ট নয়। সূত্রগুলো আরও জানায়, অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ হলে সরকার কোনো বাধা দেবে না। সরকার চায়, বিভাগীয় শহরগুলোর মতোই শান্তিপূর্ণ সমাবেশ করুক হেফাজতে ইসলাম। তবে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব রকম প্রস্তুতি থাকবে। এ জন্য বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনী ও সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে হেফাজতের ঢাকা অবরোধসহ বিরোধী দলের কর্মসূচি মোকাবিলার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির ধরন যা-ই হোক, ঢাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। রাজধানীর প্রবেশমুখে দীর্ঘ সময় ধরে অবস্থান করতেও দেওয়া হবে না। হেফাজতে ইসলামের সঙ্গে আলোচনায় সরকার এ বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছে। জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষ থেকে হেফাজতে ইসলামের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। যাতে এ সংগঠনকে ব্যবহার করে বিএনপি-জামায়াত রাজনৈতিক ফায়দা নিতে না পারে এবং সংঘাতময় পরিস্থিতি এড়ানো যায়।তবে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সরকারের পক্ষের কারও সঙ্গে তাঁদের সংগঠনের আলোচনার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করা আমাদের ইমানি দায়িত্ব। আর প্রশাসনের দায়িত্ব হলো প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের নিরাপত্তা দেওয়া। এর জন্য কোনো সমঝোতার প্রয়োজন হয় না।’