ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার অনেক দিন থেকেই। সম্প্রতি রান পেয়েছেন ‘এ’ দলের হয়েও। পুরস্কারটাও পেয়ে গেলেন হাতেনাতে। ইনজুরিতে আক্রান্ত দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের বিকল্প হিসেবে যাচ্ছেন ইংল্যান্ডে। কাল সন্ধ্যায় বিমানবন্দরে যাওয়ার পথে শামসুর রহমান জানালেন তাঁর অনুভূতি... অপ্রত্যাশিতভাবে জাতীয় দলে ডাক পেয়ে কেমন লাগছে?শামসুর রহমান: খুব ভালো লাগছে, অপ্রত্যাশিতভাবে কোনো কিছু পেয়ে যাওয়ার আনন্দই আলাদা। তবে খুব অবাক হইনি, জানতাম একদিন না-একদিন সুযোগ পাবই। অন্যদের ইনজুরিতে সুযোগ পাওয়ার চেয়ে সরাসরি হলেই কি বেশি ভালো লাগত?শামসুর: সুযোগ তো সুযোগই, সেটা যেভাবেই পাই না কেন। আমি তো পাইপলাইনেই ছিলাম। হয়তো দলের কম্বিনেশনের জন্য সুযোগ পাচ্ছিলাম না। বাংলাদেশ দল এখন দারুণ ব্যালান্সড। তবে জানতাম, যেকোনো মুহূর্তে সুযোগ আসতে পারে। কখন জানলেন ইংল্যান্ডে যাচ্ছেন?শামসুর: গতকাল (পরশু) রাতে। সম্প্রতি ‘এ’ দলের হয়ে ভালো খেলাটা নিশ্চয়ই দলে আসতে সাহায্য করেছে?শামসুর: অবশ্যই। ‘এ’ দল মানে তো দেশের দ্বিতীয় জাতীয় দল। এখানে ভালো করাটা অনেক বড় ব্যাপার। যাদের বিপক্ষে খেলেছি, সেই দুটি দলেই কিন্তু জাতীয় দলের অনেক ক্রিকেটার আছে। এদের বিপক্ষে রান পাওয়াটা দলে আসতে যেমন সাহায্য করেছে, আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে গেছে। ‘এ’ দলের অধিনায়কত্বও করলেন, কেমন হলো অভিজ্ঞতা?শামসুর: খারাপ না। অনেক দিন থেকেই আমি ‘এ’ দলের সহ-অধিনায়ক ছিলাম। বোর্ড যে আমাকে এত বড় দায়িত্বের জন্য যোগ্য মনে করেছে, এ জন্য বোর্ডকে ধন্যবাদ। অধিনায়কত্ব আমি আগেও করেছি। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। মুশফিক জাতীয় দলে ডাক পেয়ে চলে আসায় পরে আমিই নেতৃত্ব দিয়েছি। তবে বড় কোনো দলে এই প্রথম। আপনার সময়ের অনেকেই তো অনেক আগে থেকেই জাতীয় দলে খেলছে। অথচ আপনি বাইরে, খারাপ লাগত না?শামসুর: খুব, খুব খারাপ লাগত। এই যে তামিম, মুশফিক, সাকিব, রকিবুল, শুভ (সোহরাওয়ার্দী), ডলার—আমরা সবাই তো একসঙ্গে খেলেছি, সবাই আমার বন্ধু। ওরা খেলছে, অথচ আমি নেই, মাঝেমধ্যে খুব খারাপ লাগত। তবে হতাশ হইনি। অবশেষে সুযোগ তো পেলাম। আমাদের দেশে অনেকেই খুব দ্রুত জাতীয় দলে সুযোগ পেয়ে যায়। আপনি পেলেন একাডেমি, ‘এ’ দলে প্রচুর ম্যাচ খেলে, এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন?শামসুর: শুধু একাডেমি বা ‘এ’ দল নয়, আমি অনূর্ধ্ব-১৭ থেকে শুরু করে সব বয়সভিত্তিক দলে খেলেছি। এত এত ম্যাচ খেলার অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগবে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে এসবের তুলনা চলে না, তার পরও খেলাটা তো ক্রিকেটই। আমার আত্মবিশ্বাসটা অন্যরকম থাকবে। আপনার শুরুটা হয়েছিল কীভাবে?শামসুর: ক্রিকেট তো ছোট থেকেই খেলতাম। ২০০৬ সালে বিকেএসপিতে গেলাম। ওখানে মতিয়ুর স্যার, ফাহিম স্যার আমাদের গাইড করেছেন। এই তো এভাবেই ক্রিকেটে আসা। ইংল্যান্ড মনে হয় আপনার জন্য লাকি, জাতীয় দলে প্রথম ডাক পেয়েছিলেন ইংল্যান্ডেই টি-টোয়েন্টি বিশ্বকাপে। আবার ইংল্যান্ড সফরে ডাক পেলেন...শামসুর: লাকি কি না জানি না। টি-টোয়েন্টিতে তো খেলাই হয়নি। আমার ধারণা, সুযোগ পেলে খারাপ করতাম না। কী মনে হয়, এবার সুযোগ পাবেন?শামসুর: আগেই তো বলেছি, বাংলাদেশ দল এখন অনেক ব্যালান্সড। দলে জায়গা পাওয়া সহজ নয়। আর এটা আমার হাতেও নয়। আশা করি, সুযোগ পেলে কাজে লাগাতে পারব। ক্রিকেটে কোনো আইডল আছে?শামসুর: মাইকেল ক্লার্ক ও মাহেলা জয়াবর্ধনে। দুজনেই খুব ধীরে-সুস্থে ইনিংস গড়ে তোলে। জয়াবর্ধনে হয়তো টি-টোয়েন্টিতে এখন অনেকে মারমুখী খেলছে, তবে এটাও কিন্তু ওর কৃতিত্ব। আর দুজনের ব্যাটিংই দেখতে দারুণ।