এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন সৌদি আরবের সালেহ আল শেহরি। ‘এ’ গ্রুপে ৬ গোল করে কাল পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত দেখাল ১৮ বছর বয়সী স্ট্রাইকারকে দলের ১১ গোল। আপনার হ্যাটট্রিক। নিশ্চয়ই দারুণ খুশি লাগছে?সালেহ আল শেহরি: এটা দারুণ এক অনুভূতি। খুবই ভালো লাগছে আমার। এই আনন্দ আসলে বলে বোঝাতে পারব না। কারণ কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই আমার প্রথম হ্যাটট্রিক। এ জন্য একটু বেশিই আনন্দিত। ঢাকায় আসার আগে কি ভেবেছিলেন এত গোল পাবেন এখানে?সালেহ: বাছাইপর্ব শুরুর আগে আমি আসলে ভাবতেই পারিনি যে এত গোল করব। একটু বিস্মিতই বলতে পারেন। আপনার এই হ্যাটট্রিক কি কাউকে উৎসর্গ করেছেন?সালেহ: এটা আমার মা-বাবাকে উৎসর্গ করেছি। কারণ তাঁরা এবং বর্তমান কোচের উৎসাহে এই পর্যায়ে খেলতে আসতে পেরেছি। আমার বাবা ফুটবলের দারুণ ভক্ত। তাঁর ইচ্ছা আমাকে অনেক বড় ফুটবলার বানাবেন। পরিবারে আর কেউ কি খেলাধুলায় আছেন?সালেহ: না। আমার পরিবারে শুধু আমিই ফুটবল খেলি। কোন শহরে বাড়ি আপনার।সালেহ: আমার বাড়ি জেদ্দায়। ঘরোয়া ফুটবলে কোন ক্লাবের হয়ে খেলছেন?সালেহ: আমি আল আহিল ক্লাবের ফুটবলার। আন্তর্জাতিক অঙ্গনে আপনার প্রিয় ফুটবলার কে?সালেহ: সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ। ওর খেলা আমার খুবই ভালো লাগে। মাঠে ওর মতো খেলতে চেষ্টা করি। ভবিষ্যতে নিশ্চয়ই ইউরোপে খেলার ইচ্ছা আছে?সালেহ: আছে না আবার! ইংলিশ প্রিমিয়ার লিগে দেখবেন মধ্যপ্রাচ্যের ধনকুবের মালিক আছে। এ জন্যই ভবিষ্যতে ইংলিশ লিগের কোনো ক্লাবে খেলার স্বপ্ন দেখি। বাছাইপর্ব থেকে তিন জয়ে আপনারা এরই মধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলেছেন। এখন ইরাকের সঙ্গে বাকি ম্যাচটা নিয়ে কী ভাবছেন?সালেহ: আমাদের প্রধান লক্ষ্য, এই গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া। এ জন্য অবশ্যই ইরাককে হারাতে চাই। বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে কী বলবেন?সালেহ: বাংলাদেশের বেশ কজন ফুটবলারের খেলা দেখে ভালো লেগেছে। প্রতিভাবান ফুটবলার আছে এই দলে। ওদের সঙ্গে খেলে মনে হলো বাংলাদেশের আরও অনেক উন্নতি করতে হবে। বেশি বেশি ম্যাচ খেলতে হবে। উন্নতির জন্য বেশি খেলার কোনো বিকল্প নেই। গ্যালারিতে সৌদি সমর্থক দেখে কেমন লেগেছে?সালেহ: এত সমর্থক আমরা আশা করিনি। এখানে দেখলাম, প্রতিটি ম্যাচেই ভিআইপি গ্যালারিতে পতাকা হাতে বসে আছেন অনেক সৌদি দর্শক। ওদের উৎসাহ আর সমর্থন আমাদের খুবই ভালো লেগেছে। দেখলেন না, ম্যাচ শেষে গ্যালারির বাউন্ডারি দেয়ালের কাছে গিয়ে সবার সঙ্গে হাত মিলিয়েছি! ঢাকায় এসেছেন। কোনো বাংলাদেশি খাবারের স্বাদ নিয়েছেন?সালেহ: (হেসে) না! এখনো কোনো বাংলাদেশি খাবার আমরা খাইনি।