‘অবসর নিয়ে ভাবছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব ফুটবলে সবচেয়ে সফল কোচদের একজন স্যার অ্যালেক্স ফার্গুসন। ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে দেখা ফুটবলে পরিবর্তন এবং ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ফিফাডটকমকে বলেছেন স্কটিশ এই কোচ। সাক্ষাৎকারটির চুম্বক অংশ এখানে তুলে দেওয়া হলো এই মৌসুমে আপনার দল কী রকম খেলছে বলে আপনি মনে করেন?অ্যালেক্স ফার্গুসন: এই ভালো তো এই খারাপ। চোট নিয়েও আমরা সমস্যায় আছি। নেমানজা ভিদিচ ও ড্যারেন ফ্লেচারের মতো খেলোয়াড়েরা তো পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে গেল। তা সত্ত্বেও প্রিমিয়ারশিপ জেতার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। এখনো সুযোগ আছে বলে মনে করি আমি। শিরোপা লড়াইয়ে এবার আরও দুটো নতুন দল। প্রিমিয়ার লিগ আরও বেশি জমে উঠেছে বলে কি মনে করেন আপনি?ফার্গুসন: প্রতিদ্বন্দ্বিতাটা সব সময়ই ছিল। পার্থক্যটা হচ্ছে আগের বড় চার দল—আমরা, চেলসি, আর্সেনাল ও লিভারপুলের সঙ্গে এবার যোগ হয়েছে টটেনহাম ও টাকার বস্তা নিয়ে মাঠে নামা ম্যানচেস্টার সিটি। আর এটাই শিরোপা জয়ের পথটাকে কঠিনতর করেছে। চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব থেকে বিদায়টা কি এখনো ব্যথা দেয়?ফার্গুসন: হতাশাটা ছিল বিশাল। আমার মনে হয়, ওই পর্বটা পেরোতে পারলে আমরা ফাইনালেও খেলতে পারতাম। বাসেলের সঙ্গে ঘরের মাঠের ম্যাচটিই সমস্যা করেছে। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও ২-২ গোলে ড্র। আমরা মনোযোগ হারিয়ে ফেলেছিলাম, আর এটাই কাল হয়েছে। ফিরতি ম্যাচে আমরা পুরো সময় দাপটের সঙ্গে খেলেও গোল পেলাম না। গত বছর বার্সেলোনার পেছনে থেকে দ্বিতীয় হলেন। ওই রাতে কোনো কিছু কি অন্য রকমভাবে করা সম্ভব ছিল?ফার্গুসন: প্রথম দুটো গোল এড়ানো সম্ভব ছিল আর ভাগ্যের কিছুটা পরশ পেলে হয়তো আমরা জিততেও পারতাম। তবে অন্য দলটি যখন বেশ ভালো হয়, তখন আপনার তেমন কিছুই করার থাকে না। এ মুহূর্তে কি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদই সেরা?ফার্গুসন: আমি এখনো বার্সেলোনাকেই ইউরোপ-সেরা মনে করি। রিয়াল মাদ্রিদ ব্যবধানটা কমিয়ে আনছে, লিগের পয়েন্ট টেবিল সেটারই সাক্ষ্য দেবে। তবে বার্সা এখনো সেই জাদুকরি খেলা খেলতে সক্ষম, যেটা অন্যদের সাধ্যের বাইরে। ২৫ বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আপনি, যা সময়ের হিসাবে ক্লাবটির নতুন রেকর্ড। আপনার সাফল্যের চাবিকাঠি কী?ফার্গুসন: ক্লাবের হয়ে অনেক কিছুই করার আছে। আমার সুযোগ হয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করার। আমি পরিকল্পনা করেছি দুই বা তিন বছর পরের কথা চিন্তা করে, যেটা অন্য কোথাও দেখা যায় না বলা চলে। ফুটবল হলো ফলনির্ভর শিল্প, যেখানে একজন ম্যানেজার চার বা পাঁচটা ম্যাচ টানা হারলে তাঁর চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়। কিন্তু ইউনাইটেডে এমন ঘটনা অসম্ভব। স্কাউটিং ও যুবদলসহ ফুটবলসংক্রান্ত অনেক কিছুই দেখার দায়িত্ব আমার। এই দিক দিয়ে দেখলে আমি খুব ভাগ্যবান। কারণ, দলের শক্তি বাড়াতে কাকে দলে নিতে হবে, কোথা থেকে আনতে হবে, সে ব্যাপারে আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। কয়েক বছর আগেও ইউনাইটেডের সাফল্যের পেছনে যুব প্রকল্প বড় ভূমিকা রাখত। কিন্তু এখন খুব কম খেলোয়াড়ই ওখান থেকে উঠে আসছে। কারণ কী?ফার্গুসন: কয়েক বছর আগে যুব প্রকল্পে শুধু এমন খেলোয়াড়দের নেওয়া হতো, যাদের বাড়ি থেকে ক্লাবের দূরত্ব এক-দেড় ঘণ্টার বেশি পথের নয়। কিন্তু নির্দিষ্ট এই গণ্ডির মধ্য থেকে ছয়-সাতজন ভালো খেলোয়াড় পাওয়াটা অসম্ভব একটা কাজ। তাই স্কাউটিংয়ের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে বিদেশ থেকে মেধাসম্পন্ন খেলোয়াড় আনতে পারছি। তবে এটা সত্যি, যুব প্রকল্প থেকে ডেভিড বেকহামের মতো খেলোয়াড় অনেক দিন ধরেই উঠে আসছে না। আপনি তো অনেক দিন ধরেই খেলাটার সঙ্গে আছেন। এই সময়ে ফুটবলে কতখানি পরিবর্তন এসেছে?ফার্গুসন: আমূল পরিবর্তন। ৩৭ বছর আগে আমি যখন প্রথম ম্যানেজমেন্টে ঢুকি, তখন কোনো এজেন্ট ছিল না। চুক্তিতে কোনো স্বাধীনতা ছিল না, ফলে ফুটবলাররা ক্লাবের কাছে একরকম বাঁধা ছিল। পরিবর্তনটা অবশ্যম্ভাবী ছিল। কিন্তু ব্যাপারটা এত বিপরীতমুখী হচ্ছে যে তা খেলাটার জন্য ভালো হবে কি না, আমি নিশ্চিত নই। গণমাধ্যমের ভূমিকাও পাল্টেছে। নিত্যনতুন খবর ছাপার জন্য সাংবাদিকদের ওপর এখন প্রচুর চাপ। এটা শুধু খেলা নিয়েই নয়, প্রায় সবকিছু নিয়েই। সন্দেহ নেই এর প্রভাব আমাদের ওপরও পড়েছে। খেলোয়াড় ও মাঠের পরিবর্তন...ফার্গুসন: এই দিক দিয়ে বলতে হয়, সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে মাঠের উন্নতিতে। অন্য বড় পরিবর্তনটা হয়েছে ক্রীড়াবিজ্ঞানে এবং অগ্রগতিটা বিস্ময়কর। আমি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসি সহকারী কোচ, ফিটনেস ট্রেনার ও স্কাউটসহ পুরো কোচিং দলে লোক ছিল আটজন। আর এখন আমাদের ক্রীড়াবিজ্ঞানীই আছে ১০ জন! আপনার দীর্ঘ গৌরবময় ক্যারিয়ার থেকে একটি মুহূর্ত বেছে নিতে বলা হলে কোনটির কথা বলবেন?ফার্গুসন: কোনো সন্দেহ নেই, বার্সেলোনায় বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয় (১৯৯৯)। এটা এমন একটা অর্জন, যার অভিজ্ঞতা আমার ছিল না। আর ক্লাবও সর্বশেষ এটা জিতেছিল সেই ১৯৬৮ সালে। শেষ প্রশ্ন, অবসর নিয়ে পরিকল্পনা তো বদলেছেন। খেলাটির সঙ্গে আর কত দিন থাকবেন?ফার্গুসন: আমার দর্শনটা হচ্ছে এ রকম, যত দিন কাজটা উপভোগ করব এবং স্বাস্থ্য ভালো থাকবে, তত দিন আমি চালিয়ে যাব। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়াটা যেমন ঠিক নয়, তেমনি খুব বেশি দিনের পরিকল্পনা করাও ঠিক নয়। ভবিষ্যতে কী হয়, কে বলতে পারে। অবসরের সময় একদিন আসবেই, তবে সেটা নিয়ে আমি ভাবছি না।ভাষান্তর: সোলায়মান পলাশ