‘অভিজ্ঞতা কাজে লেগেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিন বছর পর। অথচ অভিষেক টেস্টেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে দলের সেরা ব্যাটসম্যান নাজিমউদ্দিন। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮১ ম্যাচ খেলার অভিজ্ঞতাকেই এই সাফল্যের কারণ বলেছেন তিনি অভিষেক টেস্টেই ভালো ব্যাটিং করলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লেগেছে?নাজিমউদ্দিন: আমি অনেক দিন ধরেই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছি। জাতীয় দলে অনেক দিন পর যখন সুযোগ পেলাম, চেষ্টা ছিল ভালো খেলার। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতাও কাজে লেগেছে। আমি মনে করি, যত বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে টেস্টে আসা যায়, ততই ভালো। আমার ক্ষেত্রে এই জিনিসটা কাজে লেগেছে। অভিষেক টেস্টের আগে কি ভেবেছিলেন এত ভালো খেলতে পারবেন?নাজিমউদ্দিন: আমার প্রথম টার্গেটই ছিল ভালো ক্রিকেট খেলা। প্রথম ম্যাচ ছিল বলে একটু নার্ভাস ছিলাম। তবে চেষ্টা করছি ভালো খেলার, দলের জন্য খেলার। সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি করতে পারলেন না। আফসোস হচ্ছে?নাজিমউদ্দিন: না, সেঞ্চুরি মিস নিয়ে কোনো আফসোস নেই। তবে ওই সময় আউট না হলে হয়তো আরও লম্বা ইনিংস খেলতে পারতাম। দলের জন্য ভালো হতো। শুরুতে ধৈর্য নিয়ে ব্যাটিং করলেও পরের দিকে খুব মেরে খেলছিলেন। কেন?নাজিমউদ্দিন: ফিফটি হয়ে যাওয়ার পর আসলে একটু বেশি রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম। এ কারণেই ওভাবে শট খেলে হয়তো আউট হয়ে গেছি। জাতীয় লিগ থেকে হুট করে টেস্ট দলে চলে এলেন। ভাবতে পেরেছিলেন এ রকম হতে পারে?নাজিমউদ্দিন: যখন জাতীয় লিগে খেলছিলাম, তখন তো আর জানতাম না যে আমি জাতীয় দলে সুযোগ পাব! হঠাৎ ডাক পেয়েছি। চেয়েছিলাম এটি কাজে লাগাতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক সময় তিন-চার নম্বরে ব্যাট করেন। এখানে ওপেনার হিসেবে খেলতে সমস্যা হয়নি?নাজিমউদ্দিন: মূলত আমি ওপেনিংয়েই ব্যাট করি। টি-টোয়েন্টি, ওয়ানডেতেও সব সময় তাই। প্রথম শ্রেণীর ক্রিকেটে কখনো কখনো দলের স্বার্থে তিন-চার নম্বরে খেলতে হয়। আমার মূল জায়গা ওপেনিং হলেও দলের স্বার্থে যেকোনো জায়গায় ব্যাটিং করতে রাজি আছি। জাতীয় লিগে খুব ভালো ফর্মে ছিলেন। টেস্টের ভালো ব্যাটিংয়ে সেটা কতটা কাজে লেগেছে?নাজিমউদ্দিন: আমি তো ম্যাচের মধ্যেই ছিলাম। জাতীয় লিগে খেলতে খেলতে এখানে সুযোগ পেয়েছি। সেটি কাজে লেগেছে। টেস্ট অভিষেক নিয়ে আপনার স্বপ্ন কী ছিল?নাজিমউদ্দিন: সবারই স্বপ্ন থাকে, শুরুটা যেন ভালো হয়। আমারও তেমন স্বপ্ন ছিল। আমার স্বপ্ন ছিল টেস্ট খেলা। সেই সুযোগ পাওয়ার পর এখানে ভালো খেলতে পেরে নিজের ওপর সন্তুষ্ট।