প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ ও ভারত এখন দ্বিপক্ষীয় সম্পর্কের এক ঐতিহাসিক মুহূর্ত পার করছে। অবশ্য দুই প্রতিবেশী দেশকে এখনো অনেক দূর যেতে হবে।’ তিনি আশা প্রকাশ করেন, যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে বিদ্যমান সব অমীমাংসিত দ্বিপক্ষীয় ইস্যু নিষ্পত্তি হবে।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পৃথক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, অভিন্ন নদীসমূহ বিরোধের উৎস নয়, বরং দুই দেশের সমৃদ্ধির অগ্রদূত হতে পারে। খবর বাসসের।ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘তিস্তা ও ফেনী নদীর পানি ভাগাভাগির ক্ষেত্রে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য, ন্যায্য ও সৌহার্দ্যপূর্ণ একটি সমাধানে পৌঁছাতে আমরা আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার’ এবং ‘ভারতে জাতীয় মতৈক্য রয়েছে, ভারতকে অবশ্যই বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ সম্ভাব্য সুসম্পর্ক গড়ে তুলতে হবে।’ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অংশীদারির জন্য একটি নতুন কাঠামোর ব্যাপারে একমত হয়েছি। এটি দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিক খুলে দেবে, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করবে এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করবে।’ তিনি সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বাংলাদেশের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।মনমোহন বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে অশুল্ক বাধাসম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি। বাংলাদেশের উন্নয়ন-প্রচেষ্টায় ভারতের সহযোগিতার অঙ্গীকারের অংশ হিসেবে আমরা আমাদের জাতীয় গ্রিডে সংযুক্ত করার মাধ্যমে বাংলাদেশে অনেক বিদ্যুৎ সরবরাহ করব। আমরা খুলনায় যৌথ উদ্যোগে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহযোগিতা দেব।’ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এটা হচ্ছে মনমোহনের দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০০৫ সালে তিনি ঢাকায় আসেন। তবে ১৯৯৯ সালের পর এটাই হচ্ছে বাংলাদেশে ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর।দুই দেশের প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, এখন থেকে দহগ্রাম ও আঙ্গরপোতার জনগণ তিনবিঘা করিডর দিয়ে ২৪ ঘণ্টা যাতায়াত করতে পারবে। শেখ হাসিনা বিবৃতিতে বলেন, সংস্কৃতি, মূল্যবোধ, ভাষা, ইতিহাস, ভৌগোলিক অবস্থানসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে অভিন্ন ঐতিহ্য। এর মাধ্যমে শুধু ভৌত সংযোগই নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে মানসিক, সাংস্কৃতিক ও দর্শনগত যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তা প্রতিফলিত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, ‘আজকের সিদ্ধান্তগুলো শুধু এই অঞ্চলের জনগণের ওপরই নয়, জাতীয় ও আঞ্চলিক ক্ষেত্রেও সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। আজ আমাদের মধ্যে অত্যন্ত হূদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও মতৈক্যের প্রতিফলন ঘটেছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সহযোগিতা ও উন্নয়নের ব্যাপারে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছি; যা একটি দূরদৃষ্টিসম্পন্ন দলিল হিসেবে শুধু আজকের বাস্তবতায়ই নয়, ভবিষ্যতেও সম্ভাবনার সৃষ্টি করবে।’ তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী ৪৬টি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ঘোষণা দেবেন।বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি সমঝোতা স্মারক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একটি প্রটোকল স্বাক্ষর করেছি, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে।’বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মসিউর রহমান, সংসদ সদস্যরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।