‘অভিমানেই সাঁতার ছেড়ে দিচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনবার অলিম্পিকে (সিডনি, এথেন্স ও বেইজিং) অংশ নিয়েছেন। গত ১৫ বছরে সব মিলিয়ে শতাধিক সোনা জিতেছেন। কিন্তু হঠাৎ করেই সাঁতার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ডলি আক্তার। ছেড়ে গেছেন এসএ গেমসের অনুশীলন ক্যাম্প। নেপথ্য কাহিনি জানালেন বাংলাদেশ আনসারের এই সাঁতারু হঠাৎ করে কেন সাঁতার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন?ডলি আক্তার: কী বলব, নির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছি না। তবে আমার এই সিদ্ধান্ত এক দিনের নয়। তাহলে কি ধরে নেব অভিমানে সাঁতার ছেড়ে দিচ্ছেন?ডলি: অনেকটা তা-ই। অভিমানেই আমি সাঁতার ছেড়ে দিচ্ছি।  কাদের ওপর অভিমান?ডলি: আমি কাউকে নির্দিষ্ট করে অভিযুক্ত করছি না। তবে ব্যক্তিগত কারণেই আমি খেলাটা ছেড়ে দিচ্ছি। খেলা ছেড়ে দেওয়ার জন্য পরিবার থেকে কি কোনো চাপ আছে?ডলি: (কিছুক্ষণ নীরব থেকে ) কী বলব...বুঝতে পারছি না। একটা কথা বলতে চাই, আমি কিন্তু মনেপ্রাণে সাঁতার পছন্দ করি। এটা আমার পছন্দের খেলা। তার পরও আমি কেন ছেড়ে দিচ্ছি...বুঝতে পারছেন নিশ্চয়। ফেডারেশনে আসলে আগের মতো সেই পরিবেশ আর নেই। আর পরিবারের কথা বলছেন? এই সিদ্ধান্ত আমার একান্ত নিজের। পরিবারের কেউ এখনো জানে না। জানানোর চেষ্টা করিনি। তবে অনেক আগে থেকেই বলা হচ্ছিল, অনেক তো খেললে, এখন বাদ দাও। বা অন্য রকম চিন্তাভাবনা করো। আমাকে পরিবার থেকে কোনো চাপ দেওয়া হয় না।  ফেডারেশনে যদি ভালো পরিবেশ আসে, তাহলে কি ফিরে আসবেন? ডলি: অবশ্যই। যদি ভালো পরিবেশ দেখি, অবশ্যই ফিরে আসব। সত্যি বলতে কি, সাঁতার ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে। আমি চাই না ক্রীড়াঙ্গনে আমার কোনো দুর্নাম রটুক। এ জন্যই সাঁতার ছাড়তে চাচ্ছি।  মূল সমস্যাটা আসলে কোথায়?ডলি: নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। বিগত দিনে সাঁতারে একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের আমলার মেয়ে আরিফা আত্মহত্যা করেছে। ববিতাকে নিয়েও অনেক কথা উঠেছিল। এসব ঘটনার জের ধরে আনসারের কোচ ইমদাদুলকে বহিষ্কারও করে ফেডারেশন। সবকিছু মিলিয়েই আমার আজকের এ সিদ্ধান্ত। আপনি তো ইদানীং ভলিবলও খেলছেন।ডলি: হ্যাঁ। ভলিবল খেলছি কিছুদিন ধরেই। সাঁতার না খেললে ভলিবলই খেলব।  সাঁতার ছাড়তে নিশ্চয়ই কষ্ট হচ্ছে?ডলি: কী যে কষ্ট হচ্ছে আমার। আমার ইচ্ছে ছিল, যত দিন পারি খেলে যাব। কিন্তু কী করব!  গত জাতীয় সাঁতারেও তো রেকর্ডসহ আটটি সোনা জিতেছিলেন। এখনো তো দেশকে দেওয়ার অনেক আছে?ডলি: হ্যাঁ। গত অক্টোবরের ন্যাশনালে আটটা সোনা জিতেছি। মেয়েদের মধ্যে একমাত্র রেকর্ড ছিল ৫০ মিটার ব্যাকস্ট্রোকে। আমি মনে করি, আমি এখনো ফুরিয়ে যাইনি। আমার আসলে অনেক স্বপ্ন ছিল সাঁতার নিয়ে। সাঁতারে কি এখন মেয়েদের নিরাপত্তা কমে গেছে?ডলি: এটা কঠিন প্রশ্ন। তবে এটা সত্যি, সামনে মেয়েরা হয়তো সাঁতারে আর আসতে চাইবে না। আমি নিজেও এখন নিজেকে সাঁতারু পরিচয় দিতে পারি না। আনইজি লাগে।