চ্যানেল আইয়ে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লড়াই। লিখেছেন মান্নান হীরা, পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। কথা হলো অরুণা বিশ্বাসের সঙ্গে। ‘লড়াই’ নাটকের গল্প নিয়ে কিছু বলুন।গ্রামের একটি মেয়ে নারী পাচারকারীর খপ্পরে পড়ে। সেই পাচারকারী মেয়েটিকে বিয়ে করে শহরে নিয়ে আসে। একসময় তাকে অসামাজিক কাজে জড়িয়ে পড়তে বাধ্য করে। বিক্রি করে দেয় দালালদের কাছে। মেয়েটিকে রক্ষা করতে এগিয়ে আসে গ্রামের এক স্কুলশিক্ষক। ২৬ পর্বের নাটক। এরই মধ্যে পুরো কাজ শেষ করেছি। বৃহস্পতিবার কানাডা যাচ্ছি। ফিরে এসে এটিএন বাংলা ও চ্যানেল আইয়ের জন্য দুটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করব।আপনি ইদানীং দেখছি প্রায়ই দেশের বাইরে যাচ্ছেন।দেশের বাইরে বলতে কানাডায় যাচ্ছি। ওখানে আমার আর আমার ছোট ভাই মিঠুর ছেলেরা পড়াশোনা করছে। ওদের কাছে থাকতে হয়। এখন ওদের কাছে আছেন আমার মা (জ্যোৎস্না বিশ্বাস)। আপনারা দেশব্যাপী ‘রবি যাত্রাপালা প্রতিযোগিতা’ শুরু করেছিলেন। তার কী খবর?দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের কাজ শুরু করব। আগামী জানুয়ারি মাস নাগাদ প্রতিযোগিতাটি শেষ হবে। প্রথম পর্বের প্রতিযোগিতা দেখার জন্য বেশির ভাগ জেলাতেই আমি গিয়েছিলাম। স্থানীয় শিল্পীদের মধ্যে আগ্রহ দেখে আমরা মুগ্ধ হয়েছি। স্কুল পর্যায়ের ছেলেমেয়েরাও যাত্রা করার ব্যাপারে উদ্বুদ্ধ হচ্ছে। এটা কিন্তু যাত্রাপালার ভবিষ্যতের জন্য আশার ব্যাপার। আপনার বাবা অমলেন্দু বিশ্বাসের নামে একটি জাদুঘর করতে চেয়েছিলেন। ওই কাজের কী খবর?মানিকগঞ্জের জাবরা গ্রামে ‘অমলেন্দু বিশ্বাস জাদুঘর’ গড়ার কাজ এগিয়ে চলেছে। ওখানে আমরা যাত্রার স্থায়ী মঞ্চ গড়ছি। নাম দিয়েছি ‘অমল-জ্যোৎস্না মঞ্চ’। পুরো কাজটা আমরা নিজেরাই করছি। এখনো বাইরের কোনো আর্থিক সহযোগিতা পাইনি। তাই কাজ একটু ধীর গতিতে এগোচ্ছে। তার পরও আশা করছি, আগামী বছর নাগাদ জাদুঘর তৈরির কাজ শেষ করতে পারব।