যে গ্রামের কৃষকবধূ অচেনা লোক দেখলে এখনো এক হাত ঘোমটা টেনে দাঁড়ান, যে গ্রামের ছেলেপুলেরা এখনো মোটরসাইকেল দেখলে ছুটে এসে ভিড় জমায়, যে গ্রামের গরু-ছাগল এখনো গাড়ির আওয়াজে দড়ি ছিঁড়ে দৌঁড়ে পালায়; সেই অজপাড়াগাঁকে হুট করে শহর ঘোষণা করে পৌরসভা বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, বগুড়ার শিবগঞ্জ পৌরসভা এমনি। অনেকেই তাই বলে থাকেন এটি খামখেয়ালির পৌরসভা। ১৯৯৮ সালে। এলাকার কিছু যুবক একজোট হয় উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করার জন্য। গঠন করা হয় শিবগঞ্জ উন্নয়ন কমিটি (শিউক) নামের একটি সংগঠনের। এই কমিটির সদস্যরা দীর্ঘদিন পৌরসভার দাবিতে এলাকায় মিছিল-মিটিং করেন। বিভিন্ন জায়গায় স্মারকলিপিও দেন। হরতাল কর্মসূচি পর্যন্ত সফল করেছেন। কিন্তু সে সময়ের আওয়ামী লীগ সরকার এ দাবি পূরণ করা থেকে বিরত থাকে। এরপর আসে জোট সরকার। ঘোষণা দেওয়া হয় শিবগঞ্জকে পৌরসভা করা হবে। শুরু হয়ে যায় তোড়জোড়। ২০০২ সালের ১২ মার্চ আশপাশের তিনটি ইউনিয়নের ২৩টি মৌজা নিয়ে ৫.৪০ বর্গমাইল এলাকাকে শহর ঘোষণা করা হয়। এর কিছুদিন পর ঘোষণা করা হয় পৌরসভা। অভিযোগ রয়েছে, পৌরসভার এলাকা নির্বাচনের সময় সে সময়ের বিএনপি নেতারা উপজেলা সদরের আশপাশের গ্রামগুলোকে না নিয়ে এমনভাবে গ্রাম নির্বাচন করে, যেসব গ্রামে বিএনপি-জামায়াত সমথর্ক ভোটারদের আগে থেকেই প্রাধান্য রয়েছে। বিএনপির নেতারা সে সময় পৌরসভা গঠনের কৃতিত্ব নিয়ে বলে বেড়াতেন ‘একটি শিশুর জন্ম হলো। এ শিশুর লালন-পালনের দায়িত্ব আপনাদের সবার।’ কিন্তু সাধারণ মানুষজন বলত, ‘একটা শিশুর জন্ম হয়েছে ঠিক, কিন্তু এ শিশু যে বিকলাঙ্গ!’বেহাল সড়ক: রাস্তাঘাট বলতে এই শহরের মধ্য দিয়ে চলে যাওয়া নাগরবন্দর-মহাস্থানগড় রাস্তাকে বোঝায়। এই রাস্তার নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবেই সড়ক ও জনপদ বিভাগের। প্রতিদিন শত শত বাস-ট্রাক চলাচল করে এই শহরের মধ্য দিয়ে। ফলে গড়গড় শব্দ, ঘন কালো ধোঁয়া আর আকাশছোঁয়া ধুলা এই পৌরবাসীর নিত্যসাথী। শহরের অন্যান্য ছোট ছোট রাস্তা, যা পৌরসভারই নিয়ন্ত্রণাধীন, এর অবস্থাও তথৈবচ। তিন বছর আগে যে রাস্তা পাকা করা হয়েছিল, তার বেশির ভাগেরই পিচ উঠে গেছে। রাস্তার অনেক জায়গায় খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। ময়লা-আবর্জনায় অতিষ্ঠ মানুষ: পৌর এলাকার অর্জুনপুর গ্রামের তাসনিম বেগম একটি ময়লার ব্যাগ হাতে বাড়ি থেকে বের হলেন। কিছু দূর এগিয়ে রাস্তা পার হয়ে তিনি ব্যাগটি ছুড়ে দিলেন পাশের ফাঁকা মতো একটি জায়গায়। কাছে আসতেই হেসে বললেন, ‘ডাস্টবিন নেই তো, তাই এখানে-ওখানেই ময়লা ফেলতে হয়।’ ঘটনাটি গত ২০ নভেম্বর সকালের। শুধু তাসনিম বেগম নন, এ পৌরসভার সব পাড়া-মহল্লায় সকাল-বিকেল অবিরত ঘটছে এমন শত শত ঘটনা। ডাস্টবিনের অভাবে যেখানে-সেখানে আবর্জনা ফেলতে হচ্ছে শহরবাসীকে। শুধু সদরে রয়েছে মাত্র ১২টির মতো। কিন্তু এগুলোর অধিকাংশই ভেঙে গেছে। ফলে ময়লা-আবর্জনা ডাস্টবিনের ভেতর থাকে না। কুকুর-বিড়াল তা ছড়িয়ে-ছিটিয়ে ফেলে। ময়লা-আবর্জনা নিষ্কাশনে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবই দুর্ভোগের মূল কারণ বলে শহরবাসী মনে করেন। হাত বাড়ালেই মাদক: একসময়ের মেধাবী ছাত্র মামুন রহমান (ছদ্মনাম) এখন প্রায় সারাক্ষণই নেশার ঘোরে আচ্ছন্ন থাকেন। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, আর পরিচিত কাউকে দেখলেই হাত পেতে ১০টা টাকা চেয়ে বসেন। টাকা দিয়ে কী হবে—জানতে চাইলে নিরুত্তর থাকেন তিনি। মাদক সেবন নিয়ে তাঁর পরিবার-পরিজন অতিষ্ঠ হয়ে পড়েছে। নেশাগ্রস্ত এই ছেলেকে নিয়ে মা-বাবার দুশ্চিন্তার অন্ত নেই। এ পৌরসভায় শুধু মামুনই নন, নেশায় বুঁদ হয়ে আছেন অনেক যুবক। যুবকদের সঙ্গে পাল্টা দিয়ে অল্প বয়সী কিশোরেরাও আসক্ত হয়ে পড়ছে। করতোয়ার ওপর সেতু হবে কবে?: ‘বাড়িত থ্যাকা পেরাই ১০০ গজ দুরোত পৌরসভার অপিস। কিন্তু হামড়া এতো কাচের বাসিন্দ্যা হয়্যাও এডা বিরিজের অভাবে সেটি সহজে যাবার পারি ন্যা। বচরের বেশির ভাগ সময়ই হামাকের ভরসা করবার লাগে লাওয়ের ওপর। আর লাও না প্যালে তিন মাইল হ্যাটে আসা লাগে পৌরসভার অপিসোত। অথচ বিরিজ থাকলে পাঁচ মিনিটও লাগলোনাহিনী।’ পৌর এলাকার অর্জুনপুর মহল্লার পরিবহন শ্রমিক শেখ রাসেল (৪২) হতাশার সুরে এভাবেই তাঁর কষ্টের কথা বলছিলেন। সেতুটি না থকার কারণে তাঁর মতো পৌর এলাকার দুটি ওয়ার্ডের মানুষ বছরের পর বছর দুর্ভোগের শিকার হচ্ছে। ‘ওরকে ঘরোত আলো, হামরা চায়্যা দেকি’: ‘হামরা একই গায়োত বসবাস কর্যা আসিচ্ছি বচরের পর বচর। পাশের ঘোরোত মানসে কারেন্ট পায়। ওরেকেরে ঘরোত আলো। আর হামরা চায়্যা চ্যায়া দেকি।’ পৌরসভার নাগরিক হয়েও বিদ্যুৎ সুবিধা না পেয়ে কথাগুলো গভীর কষ্ট নিয়ে জানান মধ্য-ভূরঘাটা মহল্লার আবদুল গফুর প্রামাণিক (৫০)। মহল্লাবাসী জানান, এ মহল্লার চারদিকে যেসব বাড়ি আছে, সবগুলোতেই বিদ্যুৎ আছে। শুধু মধ্যপাড়াতে নেই। মাত্র তিনটি খুঁটি বসানো সম্ভব হলে তাঁরা এ দুর্ভোগ থেকে মুক্তি পেতেন। কিন্তু এদিকে কেউ ফিরেও তাকায় না। গণশৌচাগারহীন শহর!: আমিনুল ইসলামের বাড়ি উপজেলার ডেপচণ্ডী গ্রামে। গত ১০ নভেম্বর পৌর শহরে এসেছিলেন সংসারের কিছু জিনিসপত্র কিনতে। শহরে আসার পর তাঁর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার তাড়া পড়ে। ফলে কোথায় যাবেন তা নিয়ে বিড়ম্বনায় পড়েন তিনি। পৌরসভা কর্তৃপক্ষ অতিপ্রয়োজনীয় গণশৌচাগার নির্মাণের কথা কখনো ভেবে দেখেনি। ‘অযথায় খালি ট্যাকস বাড়িচে’: পৌর এলাকার সুলতানপুর মহল্লার তোজাম্মেল হোসেনকে (৬৫) আগে ইউনিয়ন পরিষদের কর দিতে হতো ৫০ টাকা। পৌর এলাকা ঘোষণার পর এক লাফে এ কর পাঁচ গুণ বেড়ে হয়েছে ২৫০ টাকা। পৌর এলাকা হওয়ার পরে তাঁর আশা ছিল—যেহেতু কর বেড়েছে, এবার অনেক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। কিন্তু গত আট বছরেও তিনি কোনো সুবিধা পাননি। তোজাম্মেল হোসেন বলেন, ‘অযথায় খালি ট্যাকস বাড়িচে। এর চ্যায়ে আগেই ভালো আচনু। বাড়ির সামনোত এডা জোলা ভরাট কর্যা ইট বিছনোর মতো মিচ্চিএনা সুবিধা পর্যন্ত পাইনি। হামি শহর লিয়া কী করমো।’ পৌর মেয়র যা বলেন: পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রুহুল আমিন সরকার জানান, পৌরসভায় অনেক সমস্যায় রয়েছে। তবে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের। কিন্তু কিছু মানুষের হিংসার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে সাবেক মেয়র তাঁর উন্নয়ন কাজে প্রায়ই বাধার সৃষ্টি করছেন। ময়লা-আবর্জনা রাখার জন্য আরও ডাস্টবিন প্রয়োজন। তবে প্রয়োজনীয় অর্থ না থাকায় তা পারছেন না। একই অবস্থা বেহাল সড়কগুলোর ব্যাপারেও। আর মাদকের ব্যাপারে জনসচেতনতা গড়ে তুলতে তাঁরা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ভূরঘাটা মধ্যপাড়ায় যে বিদ্যুৎ নেই, তা তাঁর জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। তিনি জানান, করতোয়া নদীর ওপর সেতু হওয়াটা খুব জরুরি। কিন্তু সেতু নির্মাণে যে টাকা লাগবে তা খরচ করার ক্ষমতা পৌরসভার নেই। তিনি আরও বলেন, গণশৌচাগার নির্মাণ করার জন্য চেষ্টা চলছে।