বাংলাদেশে প্রথম নারী অলিম্পিয়ান তিনি। গিয়েছেন ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে। আজ আরেকটি অলিম্পিকের উদ্বোধন। শ্যুটার কাজী শাহানা পারভীন পেছনে ফিরে রোমাঞ্চিত। একই সঙ্গে এত বছর পরও অলিম্পিকে বাংলাদেশের শুধু যাওয়ার জন্যই যাওয়া দেখে হতাশও লন্ডন অলিম্পিক শুরুর প্রাক্কালে নিশ্চয়ই অতীতে ফিরে যাচ্ছেন?কাজী শাহানা পারভীন: অবশ্যই, ওই রকম একটা স্মৃতি ভুলি কী করে। ভীষণভাবে মনে পড়ছে ২০ বছর আগের বার্সেলোনা অলিম্পিকের কথা। আমি বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান। দেশের হয়ে খেলেছি, দারুণ আনন্দময় ছিল সেই কয়েকটা দিন। আপনার আগে ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রথম গিয়েছিলেন সাইদুর রহমান ডন। ’৮৮ সিউল অলিম্পিকে গিয়েছেন অ্যাথলেট শাহ আলম, শাহান উদ্দীনরা। তাহলে আপনি প্রথম অলিম্পিয়ান কীভাবে?শাহানা: আমার আগে যাঁরা গিয়েছেন, তাঁরা সবাই হিটেই আউট। আমিই প্রথম সরাসরি মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে খেলি। ৩৫ জনের মতো প্রতিযোগী ছিল। জুরিখে ওয়ার্ল্ভ্রকাপ শ্যুটিংয়ে আমি অলিম্পিকের জন্য কোয়ালিফাই করি। সরাসরি ইভেন্ট করেছি, সেই হিসেবে আমিই বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান বলে মনে করি। অলিম্পিকে যাওয়ার পর কখনো কি মনে হয়েছে, ভালো কিছু করেও ফেলতে পারেন! শাহানা: রেজাল্ট নিয়ে ভাবিনি। আমি তো আমার ক্ষমতাটা জানতাম। তখন মেয়েদের ১০ মিটারে বিশ্ব সেরা পর্যায়ে ৪০০-তে ৩৯৬-৯৭ হতো। আমি ৩৮৫ বা এর কাছাকাছি করতাম। তো অলিম্পিকে গিয়ে নিজের সেরাটা করতে পেরেছিলাম, সেটাই ছিল আমার মূল লক্ষ্য। তখন যেভাবে গিয়েছেন, আর এখন যেভাবে বাংলাদেশের দল যাচ্ছে, কোনো পার্থক্য কি দেখছেন?শাহানা: লক্ষ্যের কথা যদি বলেন, কোনো পার্থক্য নেই। আমরা এখনো অনেকটা যাওয়ার জন্যই যাই। অলিম্পিকে ভালো করার জন্য আজও আমাদের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। তবে অন্য বিষয়গুলোতে পরিবর্তন এসেছে। কী সেটি?শাহানা: আমি যখন যাই, সেবার গোলাম আম্বিয়া, শাহজালাল মবিন, মোখলেসুর রহমানসহ আরও পাঁচজন গিয়েছেন। অন্যদের কথা বলতে পারব না, তবে আমার প্রস্তুতি বলতে কিছুই ছিল না। ফেডারেশনে থেকে অনুশীলন করতে চাই, তাও করতে দেওয়া হয়নি। তখন দেশবাসী তো বটেই, খোদ কর্মকর্তাদের কাছে অলিম্পিক নিয়ে ধারণা তেমন ছিল না। এখন তো সবাই বোঝে অলিম্পিকের গুরুত্ব। আগের তুলনায় ভালোই প্রস্তুতি নেওয়া হয়। তবু ফলাফলে এতটুকু প্রভাব পড়ে না কেন?শাহানা: আসলে ভালো কিছু করতে চাইলে সবার আন্তরিক চেষ্টা থাকতে হবে। এখানে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আবশ্যক। দেখুন, আমি যখন গিয়েছি, একটা ভালো জ্যাকেট-রাইফেল পর্যন্ত ছিল না। এখন ভালো রাইফেল দেখলে তাকিয়ে থাকি। আর আফসোস হয়, আহা, আমি যদি এই রকম একটা ভালো রাইফেল পেতাম। অলিম্পিক তো বিশাল এক ক্রীড়াযজ্ঞ। তাতে অংশ নিতে পারা একজন ক্রীড়াবিদের কাছে আসলে কতটা আনন্দের?শাহানা: এটা বলে বোঝানো যাবে না। এই অনুভূতি চির অমলিন। আমি তো বলব, আমার জীবন সার্থক হয়েছে অলিম্পিকের অংশ হতে পেরে। অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আপনি। দেশের পতাকা হাতে একজন। তার পেছনে অন্যরা। কেমন লেগেছিল সেই মুহূর্তটা?শাহানা: অসাধারণ। উদ্বোধনী অনুষ্ঠানে থাকব, সবাই দেখবে, তার জন্যই পরদিন সকাল আটটায় আমার কম্পিটিশন থাকার পরও উদ্বোধনীতে যাই। ফিরতে ফিরতে রাত দুইটা। ভোর ছয়টায় উঠে তৈরি হই। সেই রাতে বলতে গেলে ঘুমই হয়নি। এবার শ্যুটার শারমিন আক্তার রত্নাকে নিয়ে ফেডারেশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন ভালো কিছু আশা করছে। আপনি কীভাবে দেখছেন?শাহানা: আমাদের অনেক সীমবদ্ধতা আছে। বিদেশি কোচ নেই। তারপরও আশা করি রত্না ভালোই করবে। ওর জন্য আমার শুভকামনা রইল।