‘অলিম্পিকে খেলাটা ভাগ্যের হাতে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকে খেলার স্বপ্ন দেখে আসছেন। কিন্তু সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি। এখন ভরসা বিশেষ বিবেচনায় পাওয়া ওয়াইল্ড কার্ড। সেই লক্ষ্য নিয়েই উচ্চতর প্রশিক্ষণে ১৬ এপ্রিল লন্ডন যাচ্ছেন চার শ্যুটিং-কন্যা। তাঁদেরই অন্যতম শারমিন আক্তার (রত্না) অলিম্পিকে খেলার ব্যাপারটা ছেড়ে দিয়েছেন ভাগ্যের হাতে আপনারা চারজন একসঙ্গে লন্ডনে যাচ্ছেন উচ্চতর প্রশিক্ষণে। খুব উদ্দীপ্ত হয়ে আছেন নিশ্চয়ই?শারমিন আক্তার (রত্না): খুব যে উদ্দীপ্ত হয়ে আছি তা নয়। কারণ, অলিম্পিকে খেলার সরাসরি সুযোগ তো পাইনি। এখন ওয়াইল্ড কার্ডের দিকে তাকিয়ে থাকতে হবে। পাব কি না জানি না। আমরা তো চারজন আছি। আমি, শারমিন আপু, তৃপ্তি, সাদিয়া। বড়জোর দুটি ওয়াইল্ড কার্ড পাওয়া যেতে পারে বলে শুনছি।  আপনার কী মনে হয় কার নামে ওয়াইল্ড কার্ড আসতে পারে?শারমিন: কার নামে যে আসবে, এটা অনুমান করা কঠিন। এখন আমাদের সবার পারফরম্যান্সই কাছাকাছি। আমি না পেলে আমাদেরই আরেকজন পাবে। তাতে আমি অবশ্য হতাশ হব না।  কিন্তু আপনি এর আগে বলেছিলেন, অলিম্পিকই আপনার স্বপ্ন। এখন অলিম্পিকে খেলতে না পারলে হতাশ হবেন না! শারমিন: অলিম্পিক আমার স্বপ্ন, এটা বলেছিলাম। এখনো স্বপ্নই মনে করি। এবং স্বপ্নটা জোরালোভাবেই আছে আমার মধ্যে। যেহেতু সরাসরি সুযোগ পেলাম না, তাই আর কী করব। অলিম্পিকে খেলার ব্যাপারটা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। এখন লন্ডনে অনুশীলন করে নিজেকে যতটা এগিয়ে নিতে পারি তার ওপরই জোর দিচ্ছি।  কী মনে হয়, লন্ডনের এই অনুশীলন কতটা এগিয়ে নেবে আপনাদের?শারমিন: ওখানে কার অধীনে অনুশীলন করব বা কীভাবে করব এসব কিছু জানি না। আমাদের সঙ্গে কোচ শোয়েব ভাই যাচ্ছেন, সমস্যা হবে না আশা করি। অলিম্পিকের এখনো সাড়ে তিন মাসের বেশি সময় বাকি। এ সময়টা লন্ডনের বিসলে শ্যুটিং রেঞ্জে অনুশীলন করতে পারা বিরাট ব্যাপারই। তা ছাড়া এই প্রথম একসঙ্গে চারজন যাচ্ছি আমরা। সবাই মেয়ে। এটা একটা সুবিধা। ভালোই হবে আশা করি।  এখন আপনারা বিকেএসসিতে অনুশীলন করছেন। তা এই ক্যাম্পটা কেমন চলছে? শারমিন: ক্যাম্পের প্রথম এক-দেড় মাস আমাদের কোনো কাজে আসেনি। কারণ, বিকেএসপির কোচের অধীনে তখন আমরা অনুশীলন করেছি। বিকেএসপির কোচ আমাদের সম্পর্কে সেভাবে জানেন না, জানার কথাও নয়। সেই ঘাটতিটা পূরণ করতে হচ্ছে এখন।  এখন আপনাদের স্কোর কত হচ্ছে?শারমিন: ১০ মিটার এয়ার রাইফেলে এখন আমাদের সবারই স্কোর ৪০০-তে ৩৯৫ বা এর কমবেশি। আরও ভালো করার ক্ষমতা আছে আমাদের। এখন নিবিড় অনুশীলনের মাধ্যমে ভালো স্কোর করারই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রায়ই আপনারা স্বাভাবিক স্কোরটা করতে পারেন না। এটা কেন? শারমিন: আমরা আসলে নিজেরাই চাপ নিয়ে ফেলি। আমাদের ওপর সবার প্রত্যাশা থাক বা না থাক, আমরা নিজেরা মনে করি খুব ভালো কিছু করতে হবে। এই চাপ নিয়ে ফেলার কারণেই এমন হয়। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।  অলিম্পিকে যদি সুযোগ পান, লক্ষ্য কী থাকবে?শারমিন: অলিম্পিকে পদক জিতব এমন কথা বলা ঠিক হবে না। ওটা হবে বোকামি। তবে সুযোগ পেলে চাইব নিজের সেরা স্কোর করতে। আপাতত আর বেশি কিছু ভাবছি না অলিম্পিক নিয়ে।