গুলি আর বোমার শব্দে একসময় ঘুম ভাঙত তাদের। তবে এখন আর সে রকম পরিস্থিতি নেই পাকিস্তানের সোয়াত উপত্যকায়। প্রত্যন্ত ওই এলাকা থেকে উঠে এসে জাতীয় যুব টেবিল টেনিস দলে জায়গা করে নিয়েছে রমিজ খান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক যুব টেবিল টেনিসে অংশ নিতে ঢাকায় আসা এই পাঠান কিশোর বলল পাকিস্তানের খেলাধুলা ও নিজের ক্যারিয়ার নিয়ে ঢাকা শহর কেমন লাগছে?রমিজ খান: খুবই ভালো লাগছে। এখানকার আতিথেয়তায় আমরা মুগ্ধ। সোয়াত তো পর্যটন এলাকা। কিন্তু ওখানে নাকি গোলাগুলিও হয় প্রচুর...রমিজ: সত্যি বলেছেন, সোয়াত খুব সুন্দর এলাকা। পাহাড়ে ঘেরা। পাকিস্তানের সব মানুষ এখানে ঘুরতে আসে। এখন অবশ্য সেখানে গন্ডগোল হচ্ছে না। আর গোলাগুলির ব্যাপারে আমি বলব এটা ইউরোপীয় মিডিয়ার অপপ্রচার। যদিও আগে মাঝেমধ্যে সন্ত্রাসীরা এখানে আক্রমণ চালাত। তবে কে সন্ত্রাসী, আর কে ভালো লোক, সেটা তো দেখে বোঝার উপায় নেই। তুমি কী পড়ছ?রমিজ: আমি নবম শ্রেণীতে পড়ি। ক্রিকেট, হকি বাদ দিয়ে টেবিল টেনিস ভালো লেগে গেল তোমার?রমিজ: আমার চাচার আগ্রহেই টেবিল টেনিসে এসেছি। খেলাটা উনিই হাতে ধরে শিখিয়েছেন। আমি উনার খেলা দেখতাম ছোটবেলা থেকেই। উনার সঙ্গে খেলতে যেতে চাইতাম বাইরে। আমার বয়স যখন সাড়ে ছয় বছর, তখন একদিন বললেন, ‘আয়, তোকে খেলা শেখাই।’ খেলতে খেলতে এটা নেশার মতো হয়ে গেল পরে। তুমি কি সোয়াতেই থাকো?রমিজ: না। আমি এখন রাওয়ালপিন্ডিতে এক কোচের বাসায় থাকি। তিনি পাকিস্তানের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। সেখানে কি কোনো ক্যাম্পে আছো?রমিজ: না। আমি তাঁর সঙ্গেই তাঁর বাড়িতে থাকি। তবে আমার বাবা-মা, ভাইবোন সবাই সোয়াতেই থাকেন। পরিবারের অন্য কেউ কি খেলাধুলা করেন?রমিজ: হ্যাঁ। আমার বড় ভাইও টেবিল টেনিস খেলেন। ক্যারিয়ারে নিজেকে কোথায় দেখতে চাও?রমিজ: অলিম্পিকে সোনা জিততে চাই। এটা আমার সারা জীবনের স্বপ্ন। পাকিস্তানে টেবিল টেনিসে তোমার অবস্থান কী?রমিজ: সর্বশেষ জুনিয়রে আমি চ্যাম্পিয়ন। আর র্যাঙ্কিংয়ে ২ নম্বর। টেবিল টেনিসে তোমার আদর্শ কে?রমিজ: অনেকেই আছেন। তবে পাকিস্তানের মোহাম্মদ কোরেশির খেলা বেশি ভালো লাগে। টেবিল টেনিসের বাইরে আর কোন খেলা ভালো লাগে?রমিজ: ক্রিকেট। অবসর পেলেই আমি ক্রিকেট খেলা দেখতে বসে যাই।প্রিয় কোনো ক্রিকেটার আছেন?রমিজ: আমার প্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি। তিনিও পাঠান, আমিও পাঠান (হাসি)। তাই উনাকেই বেশি ভালো লাগে। পাকিস্তানে তো আন্তর্জাতিক খেলাধুলা বলতে গেলে হচ্ছেই না...রমিজ: এটা সত্যি, অন্যান্য দেশের লোকজন আমাদের এখানে আসাটা নিরাপদ মনে করে না। এখানকার অবস্থা সবাই জানে। ওরা পাকিস্তানে খেলতে আসতে ভয় পায়। এ জন্য আমাদের খুবই খারাপ লাগে। কিন্তু এটা তো রাজনৈতিক ব্যাপার। এখানে আমাদের কিছুই করার নেই। এই অবস্থার উন্নতির ব্যাপারে কতটা আশাবাদী?রমিজ: আমরা অবশ্যই আশাবাদী। ইনশাল্লাহ হয়তো এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখুন, ভারতীয় ক্রিকেট দল এখন পাকিস্তানে খেলতে আসবে। যদি তারা খেলতে আসে, তাহলে আমাদের জন্য নতুন এক দুয়ার খুলে যাবে। ওদের দেখে অন্য দলও আসবে।