‘অশিক্ষিত মানুষের কথা কায়ও শোনে না’
‘হামার গ্রাম কোনার মাইষের খুব খারাপ অবস্থা। রাস্তা নাই, আলো নাই, বেলা ডুবলে সোবায় ঘুমায়। ভয়ে কায়ও ঘর থাকি বেড়ায় না।’ কথাগুলো বললেন তারাগঞ্জ উপজেলার সরকারপাড়া গ্রামের খোদেজা বেওয়া। তারাগঞ্জ উপজেলার সদর থেকে ১৮ কিলোমিটার দূরে সরকারপাড়া গ্রামের অবস্থান। বিদ্যুতের জন্য এ গ্রামের লোকজন বহুবার পল্লী বিদ্যুত্ অফিসে ধরনা দিয়েছে। বিগত জোট সরকারের আমলে এলাকার সাংসদের কাছেও ছোটাছুটি করেছে; কিন্তু বিদ্যুত্ আর পায়নি। বিদ্যুতের অভাবে দুঃসহ জীবনযাপন করছে গ্রামটির দুই হাজার মানুষ। উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, এ গ্রামের লোকসংখ্যা দুই হাজার। গ্রামটিতে চাষযোগ্য ৫৪০ একর জমি আছে। দেশ স্বাধীনের ৩৮ বছরেও গ্রামটি অবহেলিত রয়ে গেছে। বিগত সরকারের আমলে বিদ্যুত্ সংযোগের জন্য গ্রামের লোকজন পল্লী বিদ্যুত্ অফিসে একাধিকবার ধরনা দিয়েছে। সাবেক সাংসদের কাছেও গিয়েছে। তিনি গ্রামটিতে বিদ্যুত্ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সরকার চলে গেছে, কিন্তু সেই সাংসদের প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। আদর্শ কৃষক মঞ্জুরুল বলেন, ‘ভাইজান হামার অশিক্ষিত মানুষের কথা কায়ও শোনে না। পাশের গ্রামোত বিদ্যুত্ জ্বলে, হামার গ্রামত বিদ্যুত্ জ্বলে না।’ শিক্ষিত যুবক লোকমান হোসেন বলেন, ‘সেচের ব্যবস্থা না থাকায় এ গ্রামের কৃষকেরা তাঁদের জমিতে ভালো ফসল ফলবার পারছেন না। সরকারের এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম মোস্তফা জানান, বিদ্যুত্চালিত সেচযন্ত্রের মাধ্যমে সেচের সুবিধা থাকলে গ্রামের সব জমি উন্নত চাষের আওতায় আসবে। রংপুর-২ পাগলাপীর পল্লী বিদ্যুত্ অফিসের মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেন জানান, নানা সমস্যার কারণে অনেক গ্রামে এখনো বিদ্যুত্ দেওয়া সম্ভব হয়নি। পর্যায়ক্রমে এসব গ্রামে বিদ্যুত্ দেওয়া হবে।