‘অশিক্ষিত’দেরও সহজ শর্তে লাইসেন্স দেওয়া দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সে যদি অশিক্ষিতও হয়, গরু-ছাগল, মহিষ-ভেড়ার ছবি তো সে চেনে। সিগন্যাল তো ছবি। ছবিটা সে চিনতে পারে কি না, সিগন্যালটা বোঝে কি না, সেটাই কথা। আমাদের তো এক লাখ ত্রিশ হাজার চালকের অভাব আছে। কীভাবে এই ঘাটতি পূরণ করব? এই বাস্তবতায় অশিক্ষিত চালকদেরও সহজ শর্তে লাইসেন্স দেওয়া দরকার।’ যোগ্যতার পরীক্ষা ছাড়া পেশাদার লাইসেন্স দেওয়ার জন্য নৌপরিবহন-মন্ত্রী শাজাহান খানের আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌমন্ত্রী সংবাদ সম্মেলন ডাকেন।শাজাহান খান দাবি করেন, তাঁর বিরুদ্ধে পরীক্ষা ছাড়া লাইসেন্স দেওয়ার জন্য চাপ সৃষ্টির যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়। তিনি বলেন, ‘আমরা কোনো দিন পরীক্ষা ছাড়া লাইসেন্স দিতে বলিনি। বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) দক্ষতা পরীক্ষার বোর্ড আছে। তারা পরীক্ষা না নিলে আমরা কী করতে পারি?’যোগ্যতার পরীক্ষা ছাড়া পেশাদার লাইসেন্স দেওয়ার জন্য পরিবহন শ্রমিক ফেডারেশন যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করে। ওই আবেদনে ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে নৌমন্ত্রী স্বাক্ষর করেন। এ নিয়ে কয়েক দিন ধরে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।সংবাদ সম্মেলনে নৌমন্ত্রী দাবি করেন, পরীক্ষা নিয়ে প্রয়োজনমতো লাইসেন্স দেওয়ার সক্ষমতা বিআরটিএর নেই। তাই কেউ যাতে ভুয়া লাইসেন্স নিয়ে যানবাহন না চালায়, সে জন্যই ‘সহজ শর্তে’ লাইসেন্স দেওয়ার আবেদন করেছেন তাঁরা।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, লিখিত পরীক্ষা নিয়েন না। চালিয়ে দেখাতে পারলেই তো হলো।’পেশাদার লাইসেন্স পেতে হলে পুলিশ ভেরিফিকেশন (সত্যাসত্য যাচাই) লাগে, নানা আনুষ্ঠানিকতা আছে। কাকে লাইসেন্স দেওয়া হচ্ছে, সেটা কে ঠিক করবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, ‘আমরা চালকদের চিনি। তারা ভালো না খারাপ, আমরা তা জানি। যেমন—আমি মাদারীপুর ইউনিয়নের সব চালককেই তো চিনি।’টেলিভিশন চ্যানেলগুলোর টক শোতে পরীক্ষা ছাড়া চালক লাইসেন্স দেওয়ার বিষয়ে যে সমালোচনা হচ্ছে, তার জবাবে মন্ত্রী বলেন, ‘সব দুর্ঘটনার জন্য চালকদের ঢালাওভাবে দায়ী করবেন না। যাঁরা টক শো করেন, তাঁরা আমার সামনে এসে বলেন।’ মন্ত্রী আরও বলেন, অনেকেই তাঁর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, যাঁরা তাঁর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদেরই নৈতিকতা ঠিক নেই।নৌমন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো বিভাগ। মন্ত্রণালয় তার সব ঠিকমতো চালাতে পারে না। সড়ক বিভাগ (সওজ ও বিআরটিএ) নিয়ে আলাদা মন্ত্রণালয় করা উচিত।নৌমন্ত্রীর হাতে দেশের সড়ক যোগাযোগ খাত জিম্মি হয়ে পড়েছে—জনমনে সৃষ্ট এমন ধারণার বিষয়ে মতামত জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। বাবা লঞ্চের ব্যবসা করতেন। আমার ভাই বাসের ব্যবসা করেন। আমি তো ভেসে আসিনি।’২০০১ সালে নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন কি না, সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শাজাহান খানকে এই প্রশ্ন করলে তিনি খেপে যান। একপর্যায়ে মন্ত্রী ওই সাংবাদিককে উদ্দেশ করে উচ্চ স্বরে বলতে থাকেন, ‘এটা ভুল তথ্য। আপনি প্রমাণ করতে পারবেন? না পারলে স্যরি বলা উচিত।’ এরপর নৌমন্ত্রী সংবাদ সম্মেলনকক্ষ ত্যাগ করেন।