‘অস্ট্রেলিয়া, তাতে কী!’
নানাভাবে ভারতীয় সাংবাদিকেরা আটকানোর চেষ্টা করলেন, কিন্তু যুবরাজ সিং সব প্রশ্ন আর বিতর্ক হুক করে পাঠালেন মাঠের বাইরে। তাঁকে কিছুতেই ‘ধরা’ গেল না। অগত্যা হারলেন সাংবাদিকেরাই। ‘আপনারা ঠিকমতো প্র্যাকটিস করেন না বলে শোনা যায়। প্র্যাকটিসের অভাব কি রয়ে যাচ্ছে না?’ প্রশ্নটা একটু ঝাঁঝালো হয়ে গেল। উত্তর হলো আরও তীর্যক।‘শুনুন মশাই, শরীরটা তো আমাদের, আপনার নয়। কতটুকু প্র্যাকটিস করব, সেটা আমরাই ভালো বুঝি। এটা বাইরে থেকে ঠিক করে দেওয়ার ব্যাপার নয়। কাজেই এটা নিয়ে কথা বলার কারণ দেখছি না’—বললেন যুবরাজ।এই মাত্র সেঞ্চুরি আর দুই উইকেট তুলে ভারতকে আরেকটি লড়াই জেতানো নায়কের কথা শুনে চিদাম্বরম স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হাসির রোল। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তাদের তিন পেসারকে সামলানো কঠিন। ব্রেট লিদের বাউন্সারের সামনে পড়ছেন, একটু কি....।এটিও তীর্যক প্রশ্ন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ১৩তম ওয়ানডে সেঞ্চুরির আত্মবিশ্বাসটা মুখেও থাকল ‘যুবি’র, ‘দেখুন, বাউন্সার-টাউন্সার কোনো চিন্তার ব্যাপার নয়। আর অস্ট্রেলিয়ার কথা বলছেন? বিশ্বকাপ জিততে আপনাকে যে কারও বিপক্ষেই জিততে হবে। কাজেই কোয়ার্টার ফাইনালে সামনে কে দাঁড়াচ্ছে, এটা একদমই আমাদের ধর্তব্যের বিষয় হতে পারে না। অস্ট্রেলিয়া! তাতে কী!’ শচীন টেন্ডুলকারকে আম্পায়ার আউট দেননি। উইকেটের পেছনে ‘ক্যাচ’, সঙ্গে সঙ্গে নিজেই ‘হাঁটা’ দিলেন সাজঘরে। এটাকে কীভাবে দেখছেন? প্রশ্নটা সম্ভবত সেভাবে আশা করেননি যুবরাজ। তাই হয়তো এমন জবাব, ‘এটা তো তাঁর (টেন্ডুলকার) সিদ্ধান্ত। আমাকে জিজ্ঞেস করার কী আছে। আমি তো এ নিয়ে বলতে পারব না ভাই।’যুবরাজ বললেন তাঁর নিজের কথা। এই বিশ্বকাপে ব্যাট-বলে নিজের বীরত্বগাথা যুবরাজের মাথা উঁচুই রাখল ম্যাচ-উত্তর জনাকীর্ণ সংবাদ সম্মেলনে, ‘মাঝখানে ফর্ম হারানো এবং ইনজুরি দুটোই কাটিয়ে এখন ছন্দে ফিরেছি। আমি কঠোর পরিশ্রম করেছি এবং এটা আমাকে ফিরে আসতে সাহায্য করেছে। ধারাবাহিকভাবে পারফর্ম করতে পেরে আমি খুশি। আজ পেটে একটু সমস্যা ছিল। তবু চেয়েছি শেষ পর্যন্ত ব্যাট করতে। তর পরও যতটুকু করতে পেরেছি, তা আমাকে সামনে এগিয়ে নেবে আশা করছি।’যুবরাজ কথা বলে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে আসা ড্যারেন স্যামি ছিলেন বেশ বিষণ্ন। প্রতিটি উত্তরই ছিল নিচু স্বরে। চেন্নাইয়ে এই শেষ গ্রুপ ম্যাচে একটা সময় পর্যন্ত খুব ভালোভাবে ম্যাচে থাকলেও শেষ পর্যন্ত যে ম্যাচ ছেড়ে পালিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ! তাই স্যামির মুখে শুরুতেই শোনা যায়, ‘হ্যাঁ, একটু আগে যা হলো, সেটা পুরোপুরি হতাশাজনক আমাদের জন্য।’ভারতকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে পাওয়া যেত অস্ট্রেলিয়াকে। এই ম্যাচ হারায় এখন দাঁড়াতে হচ্ছে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়া পাকিস্তানের সামনে। ঢাকায় আগামী পরশু পাকিস্তানের মুখোমুখি হওয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হয়ে গেল কি?মনে যাই থাকুক, সংবাদ সম্মেলনে কূটনৈতিক উত্তর দিতেই অভ্যস্ত অধিনায়কেরা। স্যামিও ব্যাতিক্রম নন, ‘এটা নক আউট পর্ব। হারলেই আপনাকে বাড়ি ফিরতে হবে। এই পর্বে যে-ই আসুক, তার বিপক্ষে জিততে হবে এবং যেকোনো দলকেই হারানোর ক্ষমতা থাকতে হবে।’ঠিক যেন যুবরাজের কথার প্রতিধ্বনি। নক আউট পর্বে যে কাউকে হারানোর ক্ষমতা না থাকলে তো বিশ্বকাপের যাত্রাটা থেমে যাবে ওখানেই। যুবরাজ যেমন তা চান না, শক্তি-সামর্থ্যে তুলনামূলক একটু পিছিয়ে থাকলেও স্যামিও তা চান না। আসল লড়াইটা তাই এই পর্বেই। সেটি মেনেই তাঁরা ফিরলেন হোটেলে।