‘অস্ত্র উদ্ধারে’ গিয়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ র্যাব
সাতক্ষীরা সদর উপজেলার নাথুয়ারডাঙ্গা গ্রামে গত শুক্রবার গভীর রাতে অস্ত্র উদ্ধারে গিয়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ ছিল র্যাবের একটি দল। আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী সফিকুল ইসলামের বাড়িতে অস্ত্র উদ্ধারে গেলে গ্রামবাসী তাদের অবরোধ করে রাখেন। সাড়ে ছয় ঘণ্টা পর গতকাল শনিবার সকালে পুলিশ তাদের উদ্ধার করে। অভিযোগ রয়েছে, ওই নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। তবে র্যাব-৬ খুলনা কার্যালয়ের অধিনায়ক মেজর খালিদ গতকাল প্রথম আলোকে বলেন, র্যাব কাউকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি কিংবা আটক করেনি। র্যাব সদস্যদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। র্যাব পরিচয় দেওয়ার পর তাদের সঙ্গে খারাপ আচরণ করা ঠিক হয়নি।অভিযানে নেতৃত্বদানকারী র্যাবের মেজর মো. কামরুজ্জামান স্বীকার করেন, র্যাবকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে অন্য কেউ হয়তো আওয়ামী লীগের নেতার ঘরে অস্ত্র রেখেছিল।সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ও চিংড়ি ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একদল র্যাব সদস্য তাঁর বাড়ি ঘিরে ফেলেন। তাঁর বাড়িতে অস্ত্র রয়েছে বলে দাবি করে র্যাব সদস্যরা বাড়ির প্রধান দরজা খুলতে বলেন। সফিকুলের অভিযোগ, তিনি দরজা না খুললে রাত দেড়টার দিকে গ্রিলের ফাঁক দিয়ে তাঁর ঘরের বারান্দায় একটি কাপড়ের ব্যাগে করে তিনটি আগ্নেয়াস্ত্র ফেলা হয়। এ সময় তিনি ঘটনাটি মুঠোফোনের মাধ্যমে প্রতিবেশী কয়েকজনকে জানান। রাত পৌনে দুইটার দিকে বাড়ির উত্তর ও পশ্চিম দিকের দুটি দরজা ভেঙে র্যাব সদস্যরা তাঁর ঘরে ঢোকেন এবং ওই অস্ত্র উদ্ধার দেখিয়ে তাঁকে আটক করেন। এ সময় তাঁর ভাই জিয়াউল ইসলাম ও প্রতিবেশী আনিসুর রহমান প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয়। এ খবর রাতে গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ ধীরে ধীরে তাঁর (সফিকুল) বাড়ির আশপাশে জড়ো হতে থাকেন। র্যাব সদস্যরা তিনটি দেশি আগ্নেয়াস্ত্রসহ তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের কয়েক শ মানুষ প্রতিবাদ করে এবং তাঁকে ছেড়ে দেওয়ার দাবি জানান। কিন্তু র্যাব সদস্যরা তাঁকে না ছাড়লে একপর্যায়ে রাত দুইটার দিকে গ্রামের কয়েক শ লোক র্যাবের গাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে খুলনা থেকে র্যাবের আরও ১০-১২ জন সদস্য ঘটনাস্থলে আসেন।প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের মেজর মো. কামরুজ্জামানকে রাত দুইটার পর গ্রামবাসী একটি ঘরে আটকে রাখেন। তাঁকে তিন ঘণ্টা অবরোধ করে রাখার পর গতকাল ভোর পাঁচটার দিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম হাসেম খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। পরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত হোসেন ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে ওসি প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী শান্ত হন। পুলিশ ওই আগ্নেয়াস্ত্র ও র্যাব সদস্যদের নিয়ে চলে যায়।র্যাব-৬-এর মেজর মো. কামরুজ্জামান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা ওই বাড়িতে অভিযান চালাতে যান। ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে যায়। এ সময় র্যাবের দুজন সদস্যকে ঘরের ভেতর পাঠানো হয়। তাঁরা বারান্দার গ্রিলের পাশ থেকে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় অস্ত্র রাখার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ষড়যন্ত্রমূলকভাবে অন্য কেউ আগ্নেয়াস্ত্রগুলো সেখানে রেখেছে। কাউকে মারধর কিংবা কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়নি বলে তিনি দাবি করেন। র্যাবকে ভুল তথ্য দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম শওকত হোসেন বলেন, ‘ঘটনাটি ষড়যন্ত্রমূলক। এলাকায় ভালো মানুষ হিসেবে সফিকুলের সুনাম রয়েছে। পার্শ্ববর্তী এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান র্যাবকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ সাতক্ষীরা সদর থানার ওসি হাসেম খান বলেন, তিনটি আগ্নেয়াস্ত্র র্যাব-৬-এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) দেলোয়ার হোসেন তাঁর কাছে জমা দিয়েছেন। এ ঘটনায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাতক্ষীরার পুলিশ সুপার মনির-উজ-জামান জানান, তদন্তের অংশ হিসেবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।