‘অস্ত্র খালাসের রাতে এনএসআই সদস্যরা উপস্থিত ছিলেন’
দশ ট্রাক অস্ত্র খালাসের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপপরিচালক মেজর লিয়াকত হোসেনসহ ছয় সদস্য উপস্থিত ছিলেন। অস্ত্র খালাসের বিষয়ে অবগত ছিলেন এনএসআইয়ের সেই সময়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমও।আজ মঙ্গলবার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেন ওই সময়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) আবদুল্লাহ হেল বাকি। সাক্ষ্য শেষে জেরা অসমাপ্ত রেখেই দিনের কার্যক্রম শেষ হয়। ২১ মে তাঁকে আবার জেরা করবেন আসামির আইনজীবীরা। সাক্ষ্য শেষে মেজর লিয়াকতকে শনাক্ত করেন বাকি।অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের কোনো সাক্ষাত্কার না দিতে আবদুল্লাহ হেল বাকিকে নির্দেশ দিয়েছিলেন সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর। এনএসআইয়ের জড়িত থাকার বিষয়টি সরকারি তদন্ত কমিটিতে উল্লেখ করলেও কমিটি তাঁর এ-সংক্রান্ত বক্তব্য গ্রহণ করেনি বলে সাক্ষ্যে জানান বাকি।আবদুল্লাহ হেল বাকি বলেন, ‘২০০৪ সালের ২ এপ্রিল ভোর চারটার পরে আমি সিইউএফএল ঘাটের পূর্ব-উত্তর কোনায় ছিলাম। কিছুক্ষণ পর দেখতে পাই, সার্জেন্ট হেলালউদ্দিন ও আলাউদ্দিনসহ আরও পাঁচ-ছয়জন লোক আমার দিকে আসছে। কাছাকাছি এলে সার্জেন্ট হেলালউদ্দিন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন যে এনএসআইয়ের মেজর লিয়াকত কিছু বলবেন।’‘লোকটির (মেজর লিয়াকত) দিকে মনোযোগ দিলে উনি আমাকে বলেন, আপনারা এগুলো আটকাচ্ছেন কেন? এগুলোর ব্যাপারে ডিজি ব্রিগেডিয়ার রহিম অবগত আছেন।’প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল দিবাগত রাতে সিইউএফএলের জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। ওই রাতে অস্ত্র উদ্ধারে নেতৃত্ব দিয়েছিলেন সিএমপির বন্দর অঞ্চলের তৎকালীন উপকমিশনার আবদুল্লাহ হেল বাকি। বর্তমানে তিনি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পদে কর্মরত আছেন।ওই রাতের বর্ণনা দিয়ে আবদুল্লাহ হেল বাকি বলেন, ‘এরপর মেজর লিয়াকত মোবাইলে সংযোগ স্থাপন করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলেন, নেন ডিজি সাহেবের সঙ্গে কথা বলেন। আমি ভদ্রভাবে কথা বলতে অপারগতা প্রকাশ করি। তাঁকে বলি, আপনার ডিজিকে আমার কমিশনারের সঙ্গে যোগাযোগ করতে বলুন। এর পরও মেজর লিয়াকত ও তাঁর সঙ্গে থাকা চার-পাঁচজন লোক উগ্রতা দেখাচ্ছিল। আমার নির্দেশে সার্জেন্টরা তাঁদের সরিয়ে নেয়।’২০০৪ সালের ২ এপ্রিল দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে উদ্ধার অস্ত্র পরিদর্শন করেন সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর। এরপর দামপাড়া পুলিশ লাইনে বাবরের নেতৃত্বে একটি সভা হয়। সভার বিষয়ে বাকি বলেন, ‘আমিও সভায় ছিলাম। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে বলেন, এটা আন্তর্জাতিক স্পর্শকাতর বিষয়। সাংবাদিকদের এ বিষয়ে কোনো সাক্ষাৎকার দেবেন না।’আদালতে দিনের কার্যক্রম শেষে সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘আবদুল্লাহ হেল বাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। তিনি ঘটনাস্থলে মেজর লিয়াকতকে দেখেছিলেন। অস্ত্র আটক না করতে মেজর লিয়াকত তাঁকে হুমকিও দিয়েছিলেন বলে বাকি আদালতে জানান। এ ঘটনায় সিইউএফএলের সেই সময়ের এমডি, জিএম জড়িত থাকতে পারেন এবং বাবর তাঁকে সাংবাদিকদের সাক্ষাত্কার দিতে নিষেধ করেন। বাকির এসব বক্তব্য আদালতে জবানবন্দি হিসেবে গৃহীত হয়েছে।’