‘অস্ত্রের বদলে অবৈধ মালামাল উদ্ধারের কথা বলা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউ এফএল) জেটিতে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্র আটকের পর কর্তৃপক্ষ ঢাকায় একটি প্রতিবেদন পাঠায়। তাতে অস্ত্রের বদলে ‘অবৈধ মালামাল’ উদ্ধারের কথা বলা হয়েছে। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) যোগসাজশ করে এ প্রতিবেদন পাঠান। গতকাল বৃহস্পতিবার আদালতে জেরার জবাবে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এসব কথা বলেছেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে গতকাল সপ্তম দিন তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষ জেরা করে।জেরার সময় মামলার আসামি সিইউএফএলের জিএম কে এম এনামুল হকের আইনজীবী মাহমুদুর রহমান বলেন, সার কারখানার নিরাপত্তা কর্মকর্তা মবীন খানের দেওয়া তথ্যের ভিত্তিতে কে এম এনামুল হক এ প্রতিবেদন তৈরি করেছিলেন। জবাবে তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এ বক্তব্য সঠিক নয়।মাহমুদুর রহমান একই সঙ্গে আরেক আসামি হাফিজুর রহমানেরও আইনজীবী। তাঁর জেরা শেষ হলে তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন সিইউএফএলের এমডি মহসীনউদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম। আইনজীবী ফজলুল করিম আদালতের সাতটি নির্দেশনাসংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত কর্মকর্তাকে ১৫-১৬ মিনিট জেরা করেন। এরপর আগামী ১১ জুন পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় পুলিশের করা দুটি মামলায় বিগত চারদলীয় জোট সরকারের আমলে অভিযোগপত্র দেওয়া হয়। তাতে যথাক্রমে ৪৩ ও ৪৫ জনকে আসামি করা হয়। বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শেষে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক কয়েকজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাসহ আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।