‘অ্যাথলেটিকসের চাহিদা কমে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গেমসের জন্য কাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করছিল আনসারের মহিলা অ্যাথলেটিকস দল। এই দলের সাথী পারভীন দীর্ঘদিন ধরে আছেন দেশের অ্যাথলেটিকসে। দেড় বছর পর খেলায় ফিরে অতীত-বর্তমান নিয়ে কথা বললেন রেকর্ডধারী এই হাইজাম্পার বেশ কিছুদিন আপনাকে অ্যাথলেটিকসে দেখা যায়নি। এখন থেকে আবার নিয়মিত হবেন?সাথী পারভীন: যত দিন সম্ভব খেলার ইচ্ছা আছে। গত দেড় বছর হাঁটুর চোটের কারণে খেলার বাইরে ছিলাম। এখন বাংলাদেশ গেমসের ক্যাম্প হচ্ছে, তাই চলে এলাম। আপনি তো বাংলাদেশের মহিলা হাইজাম্পে রেকর্ডধারী। অনেক পুরোনো মুখ। কত বছর হলো অ্যাথলেটিকসে?সাথী: আমার শুরুটা ১৯৯৫ সালে। হাইজাম্পে প্রথম রেকর্ড করি পরের বছরই। ’৯৯ সালে সেই রেকর্ড ভেঙে ২০০২ সালে সর্বশেষ রেকর্ড গড়েছি (১.৬৭ মিটার)। এখনো তা অটুট আছে। ২০১২ সালের ন্যাশনালটাই শুধু করিনি। বাকি সব করেছি। হিসাব করলে অ্যাথলেটিকসে আমার ১৮ বছর চলছে। সেই অর্থে আপনার এখন শেষের সময়। সামনে খেলা ছেড়ে কী করবেন ভাবছেন?সাথী: ডিগ্রি পাস করলাম। এখন বিপিএড করে যেকোনো একটা স্কুলে ঢুকতে চাই।  আপনার শুরুর সময় আর এখনকার অ্যাথলেটিকসে সঙ্গে কোনো পার্থক্য দেখছেন?সাথী: পার্থক্য তো আছেই। আমি খুলনা থেকে উঠে এসেছি। আমাদের শুরুর সময়ের অ্যাথলেটিকেস ছিল অনেক জমজমাট। এখন অ্যাথলেটিকসের চাহিদা কমে গেছে।  এর কারণ কী? খেলোয়াড়দের মান কমে গেছে?সাথী: এর উত্তর আমি জানি না। খেলোয়াড়দের মানটা অবশ্যই প্রয়োজন, একই সঙ্গে খেলোয়াড়দের তৈরি করে নিতে হয়। আমাদের অ্যাথলেটিকসে অনেক গ্যাপ আছে, এটা পূরণ করা দরকার। বাংলাদেশের মেয়েদের হাইজাম্পে নতুন কেউ উঠে আসছে?সাথী: নতুন খেলোয়াড় আসছে। তবে অনেকে এসেই চলে যাচ্ছে। আমি কিন্তু খেলাটা আঁকড়ে ধরে ছিলাম এবং আছি। ’৯৬ সালে ন্যাশনালে প্রথম চ্যাম্পিয়ন হই, এরপর টানা চ্যাম্পিয়ন হয়েছি। ২০১০ সালে শুধু একবারই ন্যাশনালে দ্বিতীয় ছিলাম। গত ন্যাশনালে যেহেতু খেলিনি, অন্য একজন চ্যাম্পিয়ন হয়েছে। আশা করছি, সামনে হাইজাম্পে ভালো ভালো খেলোয়াড় আসবে। এই যে মেয়েরা আসছে আর চলে যাচ্ছে। এটা কেন?সাথী: যারা চলে গেছে তারাই ভালো বলতে পারবে। আমার ধারণা, হয়তো যেটা মনে করে তারা এসেছে, সেটা পায়নি। তাই চলে গেছে বা যাচ্ছে।  হাইজাম্প নিয়ে কিছু বলুন। ঠিকমতো অনুশীলনসুবিধা পান?সাথী: হাইজাম্প সম্পূর্ণ টেকনিক্যাল খেলা। ফোম ছাড়া জাম্প করা যায় না। আমরা ঢাকা এলেই শুধু ফোম পাই, বিকেএসপি আর আর্মি স্টেডিয়ামেও ফোম আছে। খুলনা বা ঢাকার বাইরে ফোম নেই। সে ক্ষেত্রে আমি খুলনায় শুধু ফিটনেস ট্রেনিংটা করতে পারি। টেকনিক্যাল অনুশীলন করা সম্ভব হয় না। অ্যাথলেটিকসে এত বছর কাটিয়ে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলান? সাথী: আর এসব নিয়ে ভেবে লাভ কী। বছর চারেক হলো আনসারের চাকরি করছি। এই তো চলে যাচ্ছে। আনসারের মহিলা অ্যাথলেটিকস টিমটা বেশ ভালো। বিজেএমসিরও ভালো দল আছে। মেয়েদের খেলার ক্ষেত্র আগের চেয়ে বড় হয়েছে, এটা দেখলে ভালোই লাগে। খুলনা থেকে জাতীয় পর্যায়ে অনেক অ্যাথলেট উঠে এসেছেন। তাঁদের সঙ্গে দেখা হয়?সাথী: দেখা তো হয়ই। আমার আগে হাইজাম্পে যিনি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই কল্পনা বিশ্বাসও খুলনারই। তাঁর বাসা আমার বাসা কাছাকাছি। যূথী-বীথি দুই বোন আছে (৮০০, ১৫০০, ৩০০০ মিটার করত), ওরা এখন বিয়েশাদি করেছে। চাকরি করছে। সবার সঙ্গেই দেখা হয়।