‘অ্যান্ডির জন্য আফসোস আছে, গর্বও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার হিসেবে বেশ কবার এসেছেন। প্রধান নির্বাচক হিসেবেও বাংলাদেশে এসেছেন এর আগে একবার। পাশাপাশি ধারাভাষ্যও দিচ্ছেন টেলিভিশনে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেল কথা বললেন এই সিরিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটের সামগ্রিক অবস্থা নিয়ে প্রথম ম্যাচ জয়টা জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ?অ্যালিস্টার ক্যাম্পবেল: সিরিজের কথা ভাবলে, প্রথম ম্যাচ জেতাটা সব সময়ই গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে এই জয় জিম্বাবুয়ের ক্রিকেটকে হয়তো এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেয়নি, তবে প্রমাণ করেছে জিম্বাবুয়ের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। ছয় মাস ধরে আমাদের দলটা উন্নতির পথে আছে, এরই ধারাবাহিকতায় এই জয়। আপনাদের কোচ-অধিনায়ক—সবাই বলছেন এবার প্রস্তুতিটা ভালো। সেই প্রস্তুতিটা কেমন ছিল, এবার কী করেছেন, যেটা আগে হয়নি?ক্যাম্পবেল: ওরা কোন দিকটা নিয়ে বলেছে, আমি বলতে পারব না। আমি যেটা বলতে পারি, এখন কোচিংটা অনেক ভালো হচ্ছে। অ্যালান ডোনাল্ড, জেসন গিলেস্পিদের মতো একসময়ের বিশ্বসেরা তারকারা ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলে কাজ করছে। ঘরোয়া ক্রিকেটের কাঠামো ও মান দুটোই বেড়েছে। স্বাভাবিকভাবেই এর সুফল পাচ্ছে জাতীয় দল। দলের সাপোর্ট স্টাফও এখন অনেক বেশি। খেয়াল করে দেখবেন, কিছু নতুন ক্রিকেটারও এনেছি আমরা। তাদের মধ্যে রাজিস (চাকাভা) ভালো করেছে, আরভিন ভালো করেছে। মানসিকভাবেও আমরা এবার অনেক প্রস্তুত। কন্ডিশন ও উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা আছে।  যে প্রত্যাশা নিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন, দল তাহলে সে পথেই এগিয়ে যাচ্ছে?ক্যাম্পবেল: অবশ্যই। শুধু দল নয়, পুরো জিম্বাবুয়ে ক্রিকেট। ১৪-১৫ মাস আগে যে অবস্থায় প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলাম, সেখান থেকে দেশের ক্রিকেট অনেক এগিয়েছে। একদম তৃণমূল পর্যায় থেকে শীর্ষপর্যায় পর্যন্ত অনেক বিশেষজ্ঞ কোচ নিয়োগ দেওয়া হয়েছে, যেটার ফল আমরা পেতে শুরু করেছি। আশা করি, ভবিষ্যতে আরও পাব। রাতারাতি বিরাট কিছু তো আর হবে না। তবে সূক্ষ্ম চোখে দেখলে উন্নতিটা আপনিও বুঝতে পারবেন। আগামী জুনেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। আপনার কি মনে হয় টেস্টে ফেরার জন্য জিম্বাবুয়ে প্রস্তুত?ক্যাম্পবেল: অবশ্যই। দেখুন, শুরুতেই তো আমরা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছি না। এ মুহূর্তে আমরা বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালোভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারব। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এখনো আমরা অনেক পিছিয়ে আছি। বিশেষ করে ফাস্ট বোলিংয়ে। তবে এমন নয় যে খুব ভালো ফাস্ট বোলার লাগবেই। শ্রীলঙ্কা তো স্পিন উইকেট বানিয়ে স্পিনার দিয়েই ম্যাচের পর ম্যাচ জিতেছে, বাংলাদেশও স্পিন-নির্ভর। আমাদেরও খুব ভালো স্পিনার আছে, শুরুতে আমরাও সে পথেই এগোব। জিম্বাবুয়ের উইকেট তো আগে বেশ বাউন্সি ছিল, কিন্তু এখন স্পিন-বান্ধব হয়ে গেছে। দলের শক্তির কথা ভেবে এটা কি ইচ্ছে করেই করা?ক্যাম্পবেল: আমি পুরোপুরি স্পিন-বান্ধব বলব না। হ্যাঁ, কিছু উইকেট ধীরগতির ও নিচু বাউন্সের, তবে বেশির ভাগ উইকেটই আসলে ফ্ল্যাট। উইকেটের ব্যাপারটা আমাদেরও মাথায় আছে, আরেকটু পেসার-বান্ধব উইকেট বানানো প্রয়োজন।  অ্যান্ডি ফ্লাওয়ার তো ইংল্যান্ডের কোচ হিসেবে দারুণ করছেন। আফসোস হয় না?ক্যাম্পবেল: হা...হা...হা...। আফসোস তো আছেই, তবে গর্বও আছে। ও কতটা ভালো করছে, এটা তো ইংল্যান্ডের পারফরম্যান্সেই পরিষ্কার। ওর সঙ্গে কিন্তু আমাদের নিয়মিত যোগাযোগ হয়। ও নিজে থেকেই জানতে চায় সবকিছু কেমন চলছে। জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য ওর যথেষ্ট আবেগ। আমরা অবশ্যই চাই না ওর চাকরি চলে যাক, তবে একদিন না একদিন নিশ্চয়ই ওকে আমরা কাজে লাগাতে পারব।