‘আ.লীগ এখন আ.লীগের বিরুদ্ধে যুদ্ধরত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হলে তা দেশের গণতন্ত্রের ধারাবাহিকতাকে ক্ষুণ্ন করবে। তত্ত্বাবধায়কের বিকল্প হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে। ‘আগামী নির্বাচন: প্রেক্ষিত, ধরন ও গণতান্ত্রিক ধারা’ শীর্ষক আলোচনা সভায় আজ শনিবার বিশেষজ্ঞ ব্যক্তিরা এই অভিমত দিয়েছেন। সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অজয় রায়। সভায় সংবিধান বিশেষজ্ঞ আমীর-উল ইসলাম বলেন, নির্বাচনের সময় সংসদ ভেঙে দেওয়াটা যৌক্তিক হবে না। এতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ওই সময়ে সাংসদদের বিশেষ অধিকার দেওয়া যাবে না। একই সঙ্গে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং এর আর্থিক স্বাধীনতার বিষয়টি আলোচনায় আসতে পারে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হলে জঙ্গিবাদ ও সামরিকতন্ত্রকে আমন্ত্রণ জানানো হবে। এতে গণতন্ত্র অকার্যকর হয়ে যেতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলায় আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অসাংবিধানিক বলেছে। আবার সেই আদালতই কেন অগণতান্ত্রিক এই ব্যবস্থা আরও দুই মেয়াদের জন্য রাখতে বলেছেন? আদালতের এই বক্তব্য নতুন জটিলতার সৃষ্টি করেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়েছে। আবার “বিসমিল্লাহ...” ও রাষ্ট্রধর্ম হিসেবে “ইসলাম”কে রাখা হয়েছে। এতে প্রমাণিত হয়, বর্তমান সরকার সামরিক স্বৈরশাসকের প্রতি শ্রদ্ধাশীল। সব মিলিয়ে সংবিধান এখন একটি কিম্ভূতকিমাকার দলিলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধরত।’ সৈয়দ আনোয়ার আরও বলেন, ‘অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আর কত মেয়াদ থাকলে রাজনীতিবিদেরা দায়িত্বশীল হবেন? রাজনীতিবিদদের চিন্তাচেতনা, রাজনীতি ও সংবিধানে সংকট আছে। তাই গোঁজামিল দিয়ে দেশ চালানো হচ্ছে।’প্রধান দুই দলকে নির্বাচনে ধরে রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিকল্প হিসেবে ভিন্ন একটি পথ খুঁজে বের করতে হবে বলে বিচারপতি কাজী এবাদুল হক মত দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কথা বললেও তার কোনো রূপরেখা উল্লেখ করেননি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হলে এবং ওই সময়ের জন্য মন্ত্রিসভা পদত্যাগ করলে বিরোধী দলের আপত্তি থাকা উচিত নয়। নির্বাচিত জনপ্রতিনিধি এবং ১০ শতাংশ বাইরের লোক নিয়ে অন্তর্বর্তী সরকার হতে পারে। যাঁরা এই সরকারে থাকবেন, তাঁরা নির্বাচনে অংশ নেবেন না। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে। এ ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃত্ব নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করতে হবে। তবে তার আগে অন্তর্বর্তী সরকারের সময় সাংসদদের বিশেষ অধিকার থাকবে কি না, তা পরিষ্কার করতে হবে। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, সংসদের ধারাবাহিকতা রেখে নির্বাচন করতে হবে। কিছুদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ডেকে এনে গণতান্ত্রিক ব্যবস্থায় ছেদ টানা যাবে না। এতে অশুভ শক্তি ক্ষমতা দখলের সুযোগ পাবে। বরং উভয় দলকে নির্বাচনে রাখার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ভিন্ন কোনো পদ্ধতির কথা বিবেচনা করা যেতে পারে। আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ বলেন, বর্তমানে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র থাকায় নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। সুতরাং অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রয়োজন নেই। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প খুঁজতে হলে বিএনপিকে সংসদে যেতে হবে। ক্ষমতাসীন দলকেও এ ব্যাপারে আন্তরিক হতে হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক প্রমাণ করতে হবে।