‘আ.লীগ-বিএনপি সেমিনারকে কেয়ার করে না’
দেশের রাজনীতি নিয়ে চলমান উদ্বেগ বা সংকট এবং প্রধান দুই দলের মধ্যে বিদ্যমান দূরত্ব কমাতে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের নাগরিক শক্তিকে জাগিয়ে ঐক্যবদ্ধ করতে হবে।আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নাগরিক উদ্বেগ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।অর্থনীতিবিদ অজয় রায় বলেন, কেউ যদি মনে করে, রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না—এ ভাবনাটা ঠিক না। ব্যর্থ রাষ্ট্রের পরিস্থিতি বাংলাদেশে নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতি ও সংস্কৃতিতে দুর্নীতি প্রশ্রয় পেয়েছে। এ ব্যাপারে সুশীল সমাজের চিন্তার কথাগুলো জনগণকে বলতে হবে। জনগণের কথা যেন রাজনৈতিক দলগুলো শোনে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে।আওয়ামী লীগের নেতা মাহামুদুর রহমান মান্না বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির কথায় কাজ হয় না। নাগরিকদের কথায়ও কাজ হবে না। সেমিনার দিয়েও কাজ হবে না। কারণ আওয়ামী লীগ-বিএনপি সেমিনারকে কেয়ার করে না। তিনি নাগরিক শক্তিকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক শক্তিকে গড়ে তুলতে হবে। নাগরিকদের সমাবেশ ঘটাতে হবে। নাগরিকেরাই বলবে, আমরা তোমাদের ঝগড়া চাই না।সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, যত দিন বাংলাদেশের রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি বহাল থাকবে, তত দিন দুই দলই থাকবে। তৃতীয় দল আসবে না। এ জন্য প্রয়োজন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তিনি বলেন, `আমাদেরকে দুই দল নিয়েই থাকতে হবে। তাই তাদেরকে নিয়ে কীভাবে ভালো থাকা যায়, সে পথ বের করতে হবে।' এ জন্য প্রধান দুই দলকে সংলাপে বসার আহ্বান জানান তিনি।গোলটেবিলে সভাপতিত্ব করেন সুজনের সহসভাপতি এম হাফিজউদ্দিন খান। তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতি চলছে, এতে যেকোনো সময় একটি দল ধ্বংস হয়ে যাবে। এটা কারও কাম্য নয়। নাগরিক শক্তিকে জাগাতে হবে। তাদের ঐক্যবদ্ধ করতে হবে।