খালেদা জিয়া সম্পর্কে আইএসপিআরের (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) সব অভিযোগকে ‘চরিত্র হননমূলক’ ও ‘রাজনৈতিক মিথ্যাচার’ বলে দাবি করেছেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সশস্ত্র বাহিনীর সাবেক একদল কর্মকর্তা।গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর এসব সাবেক কর্মকর্তা অভিযোগ করেন, ‘খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় যেসব তথ্য প্রচার করা হচ্ছে, তার মাধ্যমে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে।’ তাঁরা বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা অংশ আইএসপিআরকে ব্যবহার করে এসব ঘটনা ঘটাচ্ছে। এর দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। কারণ প্রধানমন্ত্রী স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে।’এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের পক্ষে বলা হয়, শয়নকক্ষের দরজা ভেঙে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে দেওয়া, এক কাপড়ে চলে যেতে বাধ্য করাসহ খালেদা জিয়া যেসব অভিযোগ তুলেছেন, তা ‘মিথ্যাচার’। বরং খালেদা জিয়া বাড়ি ছাড়ার সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের গালাগাল ও হুমকি-ধমকি দেন এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আইএসপিআরের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গতকাল বিএনপির গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা বলেন, ‘২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় আইএসপিআর কোথায় ছিল? তখন তো তারা এ ধরনের সংবাদ সম্মেলন করে কোনো বিবৃতি দেয়নি।’ তাঁরা বলেন, খালেদা জিয়ার বাসায় কর্মচারী ছিল ১২ জন। অথচ সেটাকে ৬৭ জন বানিয়ে অপপ্রচার চালানো হয়েছে। সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের নেতৃত্বে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) শাহজাহান ওমর, উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খান, বীর উত্তম; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ার হোসেন চৌধুরীসহ সশস্ত্র বাহিনীর ৩০ জন সাবেক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, যেদিন বাড়িটি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হলো, সেদিন সাংবাদিক বা আইনজীবী কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি। অথচ পরদিন পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকদের দাওয়াত দিয়ে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।হান্নান শাহ বলেন, ‘ওয়ান-ইলেভের সময়ও খালেদা জিয়ার বাসায় তল্লাশি চালানো হয়। তখন তো তার বাসায় কিছুই পাওয়া যায়নি। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে পরিকল্পিতভাবে কিছু জিনিস সেখানে ঢুকিয়ে নাটক সাজানো হয়েছে।’জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম: এদিকে গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেন, খালেদা জিয়াকে বের করে দিয়ে পরদিন ওই বাড়িতে সাংবাদিক নিয়ে ঘটা করে নাটক করা হয়েছে। এটা খালেদা জিয়ার মর্যাদাহানির জন্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, শনিবার আইএসপিআর বলেছে, খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন। পরদিন বলেছে গালাগাল করেছেন। আইএসপিআরের কোন বক্তব্য সঠিক? আইএসপিআর রোববার যা দেখিয়েছে, তা বাস্তব না সাজানো নাটক—জনগণ তা জানতে চায়। সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন, নিতাই রায় চৌধুরী, কায়সার কামাল, জামিল আক্তার এলাহী, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।‘আমরা মিথ্যা বলছি না’: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গতকাল তাঁর চেম্বারে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘প্রধান বিচারপতি তাঁদের এই মর্মে আশ্বস্ত করেছিলেন, সরকার বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করবে না, এটি করতে পারে না।’ এমন আশ্বাস সম্পর্কে প্রধান বিচারপতি তো কিছু বলছেন না— সাংবাদিকদের এ মন্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘তিনিও বলবেন। আর আমরা মিথ্যা বলছি না।’ মওদুদ আহমদ বলেন, ১০ নভেম্বর আপিল বিভাগের কার্যতালিকায় ৫ নম্বর ক্রমিকে স্থগিতাদেশের শুনানিসহ আপিল শুনানির তারিখ ছিল। সেদিন দুটো শুনানি মুলতবি করা হয় ২৯ নভেম্বর শুনানির জন্য। তাই আলাদা করে স্থগিতাদেশ চেয়ে দরখাস্তের প্রয়োজন নেই। কিন্তু এ নিয়ে অ্যাটর্নি জেনারেল ধূম্রজাল সৃষ্টি করছেন। তিনি অভিযোগ করেন, স্থগিতাদেশ ও আপিল গুরুত্বহীন প্রমাণ করতে সরকার দুরভিসন্ধিমূলকভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে। সরকারের এই আচরণ দেশের উচ্চতম আদালতের মান-মর্যাদার চরম অবমাননা করেছে।