শীতার্তদের পাশে প্রথম আলো, ৩ জেলায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
‘আইজ একটু আরাম পাব’
লাঠি হাতে কাঁপতে কাঁপতে হাঁটছিলেন তিনি। আর হাত পাতছিলেন মানুষের কাছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আমনুরা গ্রামের মাবিয়া খাতুন। এ সময় মাবিয়াকে চোখে পড়ে প্রথম আলো বন্ধুসভার সদস্যদের। তাঁকে নতুন কম্বল দেওয়ার কথা বললে তিনি প্রথমে বিশ্বাস করতে চাননি। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে টাউন ক্লাব চত্বরে কম্বল দেওয়া হলে তিনি বলেন, ‘তোরাকে কি কয়্যা যে দুয়া করব, তোরঘে ভালো করবে। জারে (শীতে) ঘুমাতে পারি না। আইজ একটু আরাম পাব।’ এভাবে গতকাল পৌর এলাকার ১০০ জন দুস্থ মানুষকে খুঁজে বের করে প্রথম আলোর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া সাতক্ষীরা ও সিরাজগঞ্জে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।চাঁপাইনবাবগঞ্জ: বন্ধসভার সদস্যরা সকাল থেকে বিকেল পর্যন্ত ১০০ জন দুস্থকে খুঁজে বের করে কম্বলের স্লিপ দিয়ে আসেন। বিকেলে টাউন ক্লাব চত্বরে তাঁদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাঝপাড়ার বৃদ্ধ আব্দুস সাত্তার বলেন, ‘এত বছর বয়স হলো কেউ কম্বল দেওয়ার জন্য খুঁজেনি। আজ এটা দেখলাম।’ কম্বল বিতরণে সহায়তা করেন বন্ধুসভার সভাপতি গোলাম রশীদ, সহসভাপতি গৌরীচন্দ্র, সাধারণ সম্পাদক নাহিদুল হক, সদস্য মাখন, লুনা, বাসির, ফারুক, প্রিন্স, মামুন, ফরহাদ, মারুফ, চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ। এর আগে সকালে একই স্থানে বন্ধুসভার আবেদনে সাড়া দিয়ে রোটারি ক্লাব ৯০টি কম্বল দেয়। বন্ধুসভার সদস্যরা এ কম্বল ৫৫ জন প্রতিবন্ধীসহ ৯০ জনের মধ্যে বিতরণ করেন। সিরাজগঞ্জ: সদর উপজেলার রানীগ্রাম, চক কোবদাসপাড়া, কোবদাসপাড়া, গুনারগাতী, কূষাহাটা, খোকসাবাড়ী, শৈলাবাড়ী এলাকার ১০০ দুস্থ ও প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল পেয়ে রানীগ্রামের শান্তি বেওয়া বলেন, ‘এক মাস ধইর্যা শীতে কষ্ট করতিছি। কত লোকের কাছেই চাইছিলাম, কেহই দেয়নাই। প্রথম আলোর লোকজন কম্বল দিল, এইডা আমি কোনো দিন ভাবতি পারিনি। আল্লাহ আপনাদের বাচাইয়া রাহুক।’এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব খ ম আখতার হোসেন, জেলা বন্ধুসভার সভাপতি হেলাল আহমেদ, প্রথম আলোর সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক এনামুল হক।সাতক্ষীরা: ‘আইলায় ঘরদোর খাইয়েছে। সেথ্যাকি এ ওপদার (ওয়াপদা) বাদি নয়েছি। হাড় কাঁপানো শীত, ব্যাচি থাকা দায়। শীত কাপুড়ের অভাবি বাঁচাকাচাদের আনো দুদর্শা হুয়ে পুড়ে। তুমরা যে কমবুল দিলে তাতে রাতিদিনে গায়ে দিয়ে ব্যাচি থাকতি পারবুনে। শীত থ্যাকি রেহাই পাবুনি।’ গতকাল প্রথম আলোর পক্ষ থেকে কম্বল পেয়ে এ কথাই বলেন শ্রীনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৭৫ বছরের বৃদ্ধ মফিজউদ্দিন মোড়ল।গতকাল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া ও সোরা গ্রামে ৫৫ জনকে কম্বল ও ১৫০ শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়। একই সঙ্গে ৩০০ শিশু-কিশোর ও কিশোরীকে দেওয়া হয় জামা-প্যান্ট।এসব বিতরণের সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আশরাফ হোসেন, সোরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, বন্ধুসভার সভাপতি বরুণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক প্রকাশ পাত্র প্রমুখ।