‘আইজ গোলাপ বেচনের দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবসের আনন্দ আয়োজন সবাইকে স্পর্শ করে—তা নয়। অনেকের কাছে এ দিনের বিশেষ কোনো তাত্পর্য নেই। তারা জানেই না এ দিনে কী হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনের খাবার দোকানের কর্মী ১২ বছরের জসিম তাদের একজন। আজ বিশেষ কোন দিন জিজ্ঞেস করলে সে চুপ করে থাকে। পাশের একজন বলে, ‘আপা ঢাকায় ও নতুন আইছে। কিছু জানে না।’উত্সবের প্রাণকেন্দ্র টিএসসি এলাকায় ফুল বিক্রি করে সুমাইয়া। বয়স দশ-বারো। আজ কী দিবস তুমি জানো?প্রশ্নটি শুনেই সে হেসে ওঠে। শুকনো ঠোঁটের কারণে হাসি খুব বিস্তৃত হতে পারে না।উত্তর দেয়, ‘আইজ অনেক আনন্দ-ফুর্তি হইবো। আইজ ভালোবাসা দিবস। আরও ভেবে বলে আইজ গোলাপ বেচনের দিন। কাইলকা আছিল গেঁদা ফুল বেচনের দিন।’ কথা বলতে বলতেই এদিক সেদিক তাকিয়ে ক্রেতা খুঁজতে থাকে।‘দাঁড়ান একটা ফুল বেইচ্যা আসি’ বলেই হাতভর্তি গোলাপ নিয়ে দৌড় দেয় সে। ‘আপা একটা গোলাপ নেন।’ হাঁটতে হাঁটতে চারুকলার সামনে দেখা হয় আরেক পথশিশুর সঙ্গে।কী নাম?—বিল্লাল।কী করো তুমি?সামনে রাখা বস্তাটা দেখিয়ে বলল, ‘ভাঙারি বেচি।’তাকিয়ে দেখলাম বস্তায় প্লাস্টিকের পাইপ, বোতল, গ্লাস ও ছেঁড়া জুতো রয়েছে!আজ কী দিন, তুমি জানো?‘আইজ ভালোবাসা দিবস। একজন আরেকজনের হতে ফুল দিয়া বলে ভালোবাসি।’তোমাকে তোমার মা-বাবা ভালোবাসে?‘নাহ! বাবা ছোট বেলায় মারে ছাইরা গেছে গা। মায় আবার বিয়া করছে।’ওর বয়সী একটি ছেলে দৌড়ে এসে এক জোড়া ছেঁড়া জুতা ওর বস্তার দিকে ছুড়ে দেয়। খানিকটা হাসি ফোটে জসিমের মুখে। আবার প্রশ্ন করি, কার কাছে থাক?‘পার্কে থাকি নানির লগে।’ পাশে চুড়ি বিক্রি করছিল এক বৃদ্ধা, তাকে ইশারায় দেখায়। সকালে কিছু খেয়েছে কি না জিজ্ঞেস করলে জানায়, খেয়েছে। পাশ থেকে নানি বিরক্তি নিয়ে বলেন, ‘কিছু খায় নাই, পাঁচটা টেকা দিয়া যান।’কথা বলি এক চটলেট বিক্রেতার সঙ্গে। বয়স দশ। নাম রাখি। আজিমপুরে ফুটপাতে দাদির কাছে থাকে।আজ কী দিবস জানো?‘হ, জানি। আজ ভালোবাসা দিবস।’আজ তোমার মা-বাবা কি তোমায় বেশি ভালোবাসবে?‘কেমনে বাসব? বাপ-মায় দেশে থাকে। আমিও যামু গা একুশে ফেবরুয়ারি কইরা!’একুশে ফেব্রুয়ারি কেন প্রশ্ন করতেই বলে, ‘ওই দিন বিক্রি বেশি হয়। ওই দিন এক হাজার টাকা বেচুম। আইজও বেশি বিক্রি হইছে। এহন পর্যন্ত ৩১২ টাকা হইছে।’ পকেট থেকে বের টাকাগুলো দেখায়।কত বিক্রি হয়?‘এই একশো-দেড়শো! আইজ পাঁচশো টাকা বেচনের চেষ্টা করুম।’ পাশের বেলুন বিক্রেতার একটি বেলুন উড়ে লেগে, ও লাফিয়ে ওঠে। বলে, ‘আপা দেহেন, বেলুনডা উইড়া গেছে।’ওকেও আজ আনন্দে পেয়েছে, বুঝতে পারি। জিজ্ঞেস করি, তুমি কোথাও ঘুরতে যাবে আজ?‘না, দাদি মাইর দিব। আইজ বেশি বেচতে হইব!’এগিয়ে যাই শাহবাগের মোড় হয়ে আজিজ মার্কেটের সামনে। সেখানে ভিক্ষা করছে বাদশা। ওর সঙ্গে কথা বলে জানা যায়, আজ কী সে জানে না। বিভিন্ন দিবসে শহর সব মানুষ রাস্তায় বের হয়ে এলেও এই শিশুদের কাছে এর কোনো বিশেষত্ব নেই। এদের কোনো পরিবার নেই। তাই মা-বাবার ভালোবাসাও পায় না। তাই এ দিনটি শুধু অতিরিক্ত আয় করার দিন। বিক্রি বাড়ার দিন। গোলাপ বেচনের দিন।