‘আইনজীবীরা অতিরিক্ত ফি আদায় করতে পারবেন না’
১ দশমিক ২ মিলিয়ন ডলার মূল্যমানের সম্পত্তি রেখে মারা যান আমেরিকার বার্টলি জে কিং। মারা যাওয়ার আগে সব সম্পত্তি তিনি উইল করে দিয়ে যান মেয়ে লুইস ফুলানের নামে। ব্যাপারটা মোটেও ভালো চোখে দেখেনি অন্য ওয়ারিশরা। বার্টলির জীবদ্দশায় তার পরও কেউ রা করেনি মুখে। কিন্তু তাঁর মৃত্যুর পর পরই উইলটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে তারা মামলা ঠুকে দিল। ফুলানের পক্ষে মামলাটি পরিচালনার ভার নিল বোস্টনের ল ফার্ম কে অ্যান্ড এল গেটস। নয় দিন শুনানি শেষে বিচারিক আদালত ফুলানের পক্ষেই রায় দেন। মামলা পরিচালনায় অংশ নেন সিনিয়র ও জুনিয়র মিলে কে অ্যান্ড এল গেটসের ১৮ জন আইনজীবী। রায় শেষে মামলা পরিচালনা ও অন্যান্য খরচ বাবদ তাঁরা প্রায় আট লাখ ডলারের বিল পেশ করেন। আদালত তো বিস্ফোরিত। গোটা সম্পত্তির (বিরোধীয়) মূল্যমান ১ দশমিক ২ মিলিয়ন ডলার। আর মামলার ফি কিনা তার ৬৭ শতাংশেরও বেশি। তার পরও আদালত মামলা পরিচালনা ও অন্যান্য খরচ বাবদ পাঁচ লাখ ৬৪ হাজার ডলার (যা কিনা মামলার মূল্যমানের অর্ধেক) মঞ্জুর করলেন। আদালতের এ সিদ্ধান্তে নাখোশ কে অ্যান্ড এল গেটস ফির বিষয়টি পুনর্বিবেচনার জন্য ম্যাসাচুসেটসের সুপ্রিম জুুডিশিয়াল আদালতের কাছে অনুরোধ জানান। দাবি শুনে এ আদালত তো রেগে আগুন—কী এক মামলায় ১৮ জন আইনজীবী! মামলার মূল্যমানের ৬৭ শতাংশেরও বেশি ফি দাবি! আদালত তাঁর সিদ্ধান্তে বললেন, ‘এটা সম্পূর্ণ বাড়াবাড়ি। দু-তিনজন আইনজীবী দিয়ে যেখানে কাজ সারা সম্ভব, সেখানে ১৮ জনের অংশগ্রহণ নিঃসন্দেহে অপ্রয়োজনীয়।’ ম্যাসাচুসেটসের আদালত মামলার মূল্যমানের অর্ধেক ফি মঞ্জুর করায় একই সঙ্গে নিম্ন আদালতেরও সমালোচনা করেন। ম্যাসাচুসেটসের সুপ্রিম জুডিশিয়াল আদালত মনে করেন, এ রকম সিদ্ধান্ত নেওয়ার আগে আইনজীবীদের পূর্ববর্তী বিলের রেকর্ড, মামলা পরিচালনায় ব্যয়িত ঘণ্টা, ঘণ্টাপ্রতি দাবি করা ফির পরিমাণ, আইনি সেবার ধরন-পরিমাণ প্রভৃতিসহ আনুষঙ্গিক বিষয় বিবেচনা করেই আইনজীবীদের জন্য ন্যায্য ও যৌক্তিক ফির বিষয়টি নিষ্পত্তি করা উচিত ছিল।ইন্টারনেট অবলম্বনে আফতাব রাগিব