‘আইনটা করতেই ঝামেলায় পড়েছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়-কাণ্ডে বিব্রত বাফুফে। ফুটবল মাঠে শৃঙ্খলা আনার কথা বলা হলেও তা আসছে না। বাফুফে কী করছে? এসব বিষয় তো আছেই, আরও কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে কাল রাতে মুঠোফোনে কথা বললেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পিস্তল নিয়ে বাফুফের সহসভাপতি আরিফ খান জয় গত মঙ্গলবার মাঠে ঢুকেছেন। রেফারিকে শাসিয়েছেন। এটাকে আপনি কীভাবে দেখছেন?কাজী সালাউদ্দিন: আমার তো দেখার কিছু নেই। বিষয়টা ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হয়েছে। যা করার ওই কমিটিই করবে। এ নিয়ে আমি কিছু বললে বিচার প্রভাবিত হতে পারে।  আপনি এর আগে বলেছেন, বাইলজ অনুযায়ীই জয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা হলে এখন বলতে চান না কেন?সালাউদ্দিন: এখন আমি কিছু বলা সমীচীন মনে করছি না। একটু অপেক্ষা করুন, সবই দেখতে পাবেন। রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্ট আছে, তা ছাড়া দৃশ্যটা তো সবাই দেখেছেন। কাজেই এখানে লুকোছাপার কিছু নেই। ঘটনাটা যখন জানলেন, একজন সাবেক খেলোয়াড় হিসেবে আপনার কেমন লেগেছে?সালাউদ্দিন: আমি পরদিন পত্রিকায় ঘটনাটা পড়েই সালামকে ফোন করি (সালাম মুর্শেদী, বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি)। তাকে বলি বিষয়টা গুরুত্বসহকারে দেখতে। সেই অনুযায়ী ওকে শোকজ করা হয়েছে। আর সাবেক খেলোয়াড় হিসেবে এভাবে মাঠে কেউ পিস্তল নিয়ে যাবে মানতে পারি না। ফেডারেশন সদস্যদের ম্যাচ চলাকালীন মাঠে যাওয়া নিষিদ্ধ করে আইন করা হয়েছে। কিন্তু সেই আইন তো কেউ মানছে না। আইনের প্রয়োগ না থাকলে আইন করে লাভ কী?সালাউদ্দিন: এই আইন করতে আমাকে ঝামেলায় পড়তে হয়েছে। ফেডারেশনের একজন সদস্য একদিন কয়েকজনকে নিয়ে এসে আমার কাছে প্রসঙ্গটা তুলতে চাইল। যেন সে ম্যাচের সময় মাঠে যেতে পারে। সে এবং তার লোকজন বলতে চাইল, আইনটা যাতে না হয়। কিন্তু আমি ওদের ওই প্রসঙ্গটা তুলতেই দিইনি। বলেছি, নো, আমি কোনো কথা শুনব না। ফেডারেশনের কেউ ম্যাচ চলাকালে মাঠে যেতে পারবে না, এই আইন হবেই এবং হয়েছেও।  এই যে যার যখন খুশি মাঠে ঢুকছে। কোনো নিরাপত্তা নেই। ফেডারেশনের কোনো তদারকি দেখা যাচ্ছে না কেন?সালাউদ্দিন: কোনো সমস্যা থাকবে না। সব ঠিক করে দেব। মাঠে যাতে লোক ঢুকতে না পারে, এটা দেখার জন্য পুলিশ আছে। আশা করি, এই ব্যাপারগুলো আর ঘটবে না।  এবার অন্য প্রসঙ্গ। দ্বিতীয় মেয়াদে বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর ছয় মাস চলছে আপনার। কেমন যাচ্ছে সবকিছু?সালাউদ্দিন: ভালোই তো। যেভাবে ফেডারেশন চলছে আমি খুশি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। মাঠে খেলা আছে।  কিন্তু পাতানো খেলা বন্ধে ফেডারেশনকে নির্লিপ্ত দেখা যাচ্ছে। গোটা তিনেক অভিযোগের সুরাহা হচ্ছে না চার-পাঁচ মাসেও। তার মানে ফেডারেশন চায় না পাতানো খেলা বন্ধ হোক?সালাউদ্দিন: ইতালির দিকে তাকান। ওখানে পাতানো খেলা ধরা পড়েছে সাত-আট বছর পর। কাজেই অস্থির হওয়ার কিছু নেই। তদন্ত চলছে, সবকিছু সময় মতো প্রকাশ পাবে।  কিন্তু তদন্তের কিছুই তো দৃশ্যমান নয়। তা হলে কীভাবে বুঝব তদন্ত চলছে?সালাউদ্দিন: আমি বললাম তো, তদন্ত চলছে। পাতানো খেলার ব্যাপারে কোনো ছাড় নেই। কিন্তু দেখেন, পুলিশের সাহায্য চেয়েছিলাম, তদন্ত কমিটিতে পুলিশের প্রতিনিধি চেয়ে চিঠি দিই, কিন্তু পুলিশ বলেছে, তারা কিছু করতে পারবে না। দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি চেয়েছিলাম, সেখান থেকেও ‘না’ বলা হয়েছে।  আপনি বলেছিলেন, সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে। ঢাকায় বাফুফের উদ্যোগে আন্তর্জাতিক টুর্নামেন্ট করবেন। ম্যানইউকে ঢাকায় আনবেন। এসবের কী হলো?সালাউদ্দিন: সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে স্পনসর পেলে। ঢাকায় আগামী বছর আন্তর্জাতিক টুর্নামেন্ট করব। ফেডারেশনে আসুন, এসব নিয়ে বিস্তারিত কথা বলব। আমি এখন একটা ডিনারে।