‘আইনি প্রক্রিয়া ছাড়া যারা প্লট পেয়েছেন সবাই চোর’
হাতিরঝিল-বেগুনবাড়ি ও তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়ম হয়েছে কি না, তা তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ-সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।কমিটিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান, আইনসচিব আশীষ রঞ্জন দাশ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিম উদ্দিন চৌধুরী রাখতে বলা হয়েছে।শুনানির একপর্যায়ে আদালত বলেন, ‘আমরা চিন্তা করতে পানি না, সরকারি জমি বিজ্ঞাপন ছাড়া কীভাবে দেওয়া হয়? যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না হওয়াটাই চোর। যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া সেখানে যাঁরা প্লট পেয়েছেন, তাঁরা সবাই চোর। যথাযথ প্রক্রিয়া ছাড়া যাঁরা কেনেন তাঁরা এবং যাঁরা বিক্রি করেন তাঁরাও চোর। কারণ এটা জনগণের সম্পত্তি। তাঁদের না জানিয়ে এটা দেওয়া যায় না।’পরে আদেশে আদালত ওই এলাকায় প্লট বরাদ্দ প্রক্রিয়ায় কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে কি না, তা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালককে নির্দেশ দেন। সংশ্লিষ্টদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ ছাড়া যথাযথ প্রক্রিয়া কাদের প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই তালিকা আদালতে দাখিল করতে গৃহায়ণ ও গণপূর্তসচিবকে বলা হয়েছে। এ সময়ের মধ্যে শফিক রেহমান, কামরুল ইসলাম ও জিয়াউল হককে তাঁদের ঢাকার সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে।জানা যায়, তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দ বিষয়ে ‘রাস্তাকে প্লট বানিয়ে ভাগাভাগি’ এবং ‘সড়ক প্রকল্প রাতারাতি হয়ে গেল শিল্প প্লট’ শিরোনামে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা আদালতের নজরে আনা হলে গত ৯ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। একই সঙ্গে ব্যাখ্যা জানতে বিএনপির নেতা ও সাবেক দুই প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এবং কামরুল ইসলাম ও তাঁর স্ত্রী নাজমা ইসলাম ও জিয়াউল হক জিয়ার ছেলে জয়কে ১৬ মে হাজির হতে নির্দেশ দেন।ওই দিন শুনানি নিয়ে আদালত যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানসহ নাজমা ইসলাম ছাড়া অন্য তিনজনকে ২২ মে আদালতে হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশ অনুসারে তাঁরা আজ আদালতে হাজির হন। শুনানিকালে সাংবাদিক শফিক রেহমান, সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম এবং সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে জয়কে হাইকোর্টে দাঁড় করিয়ে রাখা হয়। বেলা সাড়ে ১১ টা থেকে প্রায় সোয়া দুই ঘণ্টা শুনানি হয়।