‘আইনে জনগণের বন্ধু হওয়ার সুযোগ নেই পুলিশের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সংস্কার কর্মসূচির প্রকল্প পরিচালক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি) মোখলেসুর রহমান বলেছেন, আইন অনুযায়ী জনগণের বন্ধু হওয়ার সুযোগ নেই পুলিশের। কেননা ১৮৬১ সালের যে আইনের আওতায় পুলিশ পরিচালিত হচ্ছে, তাতে শুধু বলপ্রয়োগের কথা বলা আছে। সেবার কথা বলা নেই।পুলিশ সংস্কার কর্মসূচির প্রকল্প পরিচালক বলেন, ওই আইন সংস্কার না হওয়ায় পুলিশের কাছ থেকে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। আইনটি সংস্কারে ইতিমধ্যে একটি খসড়া তৈরি হয়েছে। তবে এটি এখনো পাস হয়নি।আজ সোমবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) আয়োজিত ‘কমিউনিটি কনসালটেশন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ।সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সংস্কার প্রকল্পের ব্যবস্থাপক (পিআরপি) হেন্ক ভ্যান জিল ও রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) সিদ্দিকুর রহমান। সভায় রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) সিদ্দিকুর রহমান বলেন, রাজশাহীতে স্থলপথে ভারত থেকে মাদক আসছে। সীমান্তপথে দেশের ভেতরে মাদক প্রবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উত্থাপন করে সিদ্দিকুর রহমান বলেন, সীমান্তের দায়িত্বে যাঁরা আছেন তাঁরা কী করছেন, সেটা তাঁদের ব্যাপার। তবে পুলিশকে মাদকের বিস্তার রোধে কাজ করতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ জাকারিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র শরীফুল ইসলাম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক জিয়াউল হক।