‘আওয়ামী সন্ত্রাসীরা’ গুলশান কার্যালয় লক্ষ্য করে গুলি করেছে: ফখরুল
আওয়ামী সন্ত্রাসীরা’ বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় লক্ষ্য করে গুলি করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এই দাবি করেন। তবে সংবাদ সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি।গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করছি, এটি গণতন্ত্রের ওপর আঘাত। দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।’ তিনি বলেন, কূটনৈতিক এলাকায় এ ধরনের গুলির ঘটনায় প্রমাণিত হয়, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফখরুল দাবি করেন, তিনটি মোটরবাইকে করে আসা ছয়জন ‘আওয়ামী সন্ত্রাসী’ গত রাত সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার দিকে গুলশান কার্যালয় লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তিনি ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি জানান, গুলশান কার্যালয়ে গুলিবর্ষণের প্রতিবাদে ৪ এপ্রিল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।আগামীকালের হরতালে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান বিএনপির এই মুখপাত্র।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।