‘আওয়ামী লীগ জনগণের দল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, বিশ্বব্যাংক কোনো প্রমাণযোগ্য কারণ ছাড়াই পদ্মা সেতুর ঋণচুক্তি একতরফাভাবে বাতিল করেছে। বিশ্বব্যাংক বিএনপি আমলেও কয়েকটি প্রকল্পে অর্থায়ন বন্ধ করেছিল। বিএনপি তার প্রতিবাদ করা বাদ দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার জন্য অযৌক্তিক আবদার করেছে। কোনো ষড়যন্ত্র ও চক্রান্তই জননেত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজকে বাধাগ্রস্ত করতে পারবে না। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের সার্বিক কল্যাণই বর্তমান সরকারের মূল লক্ষ্য।আজ সোমবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে মোহাম্মাদ নাসিম এ কথা বলেন। তিনি কাজীপুরের নাটুয়ারপাড়া, চর গিরিশ, মনসুরনগর, নিশ্চিন্তপুর, তেকানিসহ কয়েকটি ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করেন। মোহাম্মাদ নাসিম বলেন, চট্টগ্রামের পাহাড়ধসে নিহতদের নিয়েও বিএনপি রাজনৈতিক মিথ্যাচার করেছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে খালেদা জিয়া ও তাঁর দোসররা নানা অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তিনি সরকারের নিন্দার পরিবর্তে দেশবাসীর স্বার্থ সমুন্নত রাখার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। এ সময় উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রেফাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।