সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে মাহফুজুর রহমান
‘আক্রমণাত্মক প্রশ্নের মুখে যতটুকু জানি, তা সরলভাবে প্রকাশ করি’
এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেছেন, ‘আক্রমণাত্মক প্রশ্নের মুখে আমি যতটুকু জানি, তা সহজ সরলভাবে ও সত্ বিশ্বাস নিয়ে প্রকাশ করি।’৩০ মে লন্ডনে মাহফুজুর রহমানের দেওয়া বক্তব্য নিয়ে সাংবাদিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এক বিবৃতি মাহফুজুর রহমান এ কথা বলেন। লন্ডনে মাহফুজুর বলেছিলেন, সাগর-রুনি পরকীয়ার বলি। এ ছাড়া রুনির বাসায় মদের আসর বসা, রুনির শিশুসন্তানের বক্তব্যের রেকর্ড তাঁর কাছে থাকার কথা বলেন তিনি। এরপর সাংবাদিক সমাজ বিক্ষোভে ফেটে পড়ে। গতকাল মঙ্গলবার সাংবাদিক সমাবেশ থেকে সাংবাদিকদের সব সংগঠন ও ইউনিয়ন নেতারা একযোগে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।সাংবাদিকদের ক্ষোভ ও জিজ্ঞাসাবাদের দাবির মুখে দেওয়া বিবৃতিতে মাহফুজুর রহমান দাবি করেছেন, গত ৩০ মে লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর দেওয়া বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘এর পরও এসব বক্তব্যের কোনো কোনো অংশের প্রতিক্রিয়ায় সাংবাদিক সমাজসহ যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর দুঃখ প্রকাশ করছি।’এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, ‘প্রশ্নোত্তর পর্বে একটি পত্রিকার ব্যবস্থাপক পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে সাগর-রুনি খুনের ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে ব্যক্তিগত আক্রমণাত্মক প্রশ্ন করেন। অপ্রাসঙ্গিক হলেও এ প্রসঙ্গে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অবস্থান তুলে ধরি। আক্রমণাত্মক প্রশ্নের মুখে আমি যতটুকু জানি, তা সহজ সরলভাবে ও সত্ বিশ্বাস নিয়ে প্রকাশ করি।’মাহফুজুর বলেন, ‘আমি স্পষ্টভাবে বারবার বলেছি, একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী এর প্রকৃত সত্য উদঘাটন করতে পারে। তদন্তকারী কর্তৃপক্ষ তদন্তের প্রেক্ষিতে সত্য উদঘাটন করে বিস্তারিত বিষয় কেন জাতির সামনে তুলে ধরছেন না, সেই সম্পর্কে আমি আমার মনোবেদনা এবং দুঃখ প্রকাশ করি।’ তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠানের অন্যতম সদস্য, আমার কন্যাসম রুনির অকালপ্রয়াণে আমিও গভীরভাবে শোকাহত। তাঁর প্রতি অশ্রদ্ধা প্রকাশ করার কথা আমি কল্পনাও করতে পারি না।’