দলীয় শীর্ষ নেতাদের গ্রেপ্তারের বর্ষপূর্তি সামনে রেখে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। চারদলীয় ঐক্যজোটের শরিক এ দলটি আগামী জুলাই মাসে হরতাল দেওয়ার চিন্তাভাবনা করছে বলে দলীয় সূত্র জানিয়েছে।দলটির কেন্দ্রীয় এক নেতা জানান, জামায়াত অনেক দিন চুপ ছিল। কিন্তু সম্প্রতি ২১ আগস্ট মামলায় দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় আমির মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার দেখানোর ঘটনায় মাঠে নামার ব্যাপারে দলের বিভিন্ন পর্যায় থেকে চাপ আসছে। তিনি বলেন, মাঠে আক্রমণাত্মক ভূমিকা রাখার লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই নেতা আরও বলেন, মূল লক্ষ্য মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার থাকা পাঁচ শীর্ষ নেতার মুক্তি দাবি হলেও, আন্দোলনে নামার ক্ষেত্রে ধর্মীয় ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয়কে তাঁরা অছিলা বানাবেন। এর মধ্যে আছে সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ এবং নারীনীতি ও শিক্ষানীতির বিরোধিতা, শেয়ারবাজার কেলেঙ্কারি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, ভারতের সঙ্গে ট্রানজিট ও বন্দর ব্যবহারের দ্বিপক্ষীয় চুক্তি ইত্যাদি।জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শীর্ষ নেতাদের জেলে রেখে ঘরমুখো কর্মসূচি আর কত দিন। তৃণমূলের জনশক্তিরও চাপ আছে মাঠে নামতে। কেন্দ্রীয় নেতারাও তা উপলব্ধি করছেন।’জামায়াতের শীর্ষ নেতা নিজামী, মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রেপ্তারের এক বছর পূর্তি হবে আগামী ২৬ জুন। ওই দিনটি সামনে রেখে এক দিনের হরতাল দেওয়ার কথাও আলোচনা হচ্ছে দলটিতে। দলের কেন্দ্রীয় কমিটির একটি সূত্র জানায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ধর্মীয় ইস্যুতে জামায়াতের অনুগত কোনো সংগঠনকে দিয়েও হরতাল ডাকা হতে পারে। সে ক্ষেত্রে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানার ব্যবহার হতে পারে। অবশ্য ওলামা মাশায়েখ পরিষদ ১৪ মে সংবাদ সম্মেলন করে জুলাইয়ের শুরুতে হরতাল ডাকার ঘোষণা দিয়ে রেখেছে। এটাও জামায়াতের পরিকল্পনার অংশ বলে জানা গেছে। ওলামা মাশায়েখ পরিষদের নীতিনির্ধারক পর্যায়ের কয়েকজন নেতা জামায়াতের সঙ্গে যুক্ত। ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য যাইনুল আবেদীন গত শনিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জুলাইতে হরতাল হবে। তবে আমরা চাচ্ছি, সবার সঙ্গে পরামর্শ করে সম্মিলিতভাবে হরতাল দিতে।’ সবার সঙ্গে পরামর্শ বলতে জামায়াতের এই নেতা কার দিকে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি। এর আগে প্রস্তাবিত শিক্ষানীতি সংশোধনের দাবিতে গত ২৬ ডিসেম্বর এই সংগঠনটির ডাকা হরতালে জামায়াত ও বিএনপি সমর্থন দিয়েছিল।জানতে চাইলে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের ফোরামে হরতাল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিভিন্ন ফোরামে এ নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে।’