‘আগামীতে সরকারে থাকবেন না, এটা নিশ্চিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বনির্ধারিত গণমিছিল করেনি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এর পরিবর্তে দলটি আজ সোমবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ করেছে।তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল, বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফেরত ও জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জোটগতভাবে গণমিছিল কর্মসূচি পালন করার কথা ছিল।বিএনপির একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে এ ব্যাপারে তাঁদের দল যথাযথভাবে পূর্বানুমতি নিতে ভুল করেছে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে হয় বলে এ ধরনের কর্মসূচি করার আগে পুলিশের অনুমতি প্রয়োজন।তবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যে বলেছেন, দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্তে গণমিছিল না করে বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। তবে তিনি দাবি করেন, বিএনপির শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি করতে পুলিশ বাধা দিয়েছে।জানতে চাইলে পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আজকের পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচির অনুমতি মেলেনি। পুলিশ কোনো বাধা দেয়নি।আজ দুপুরের পর থেকে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকেল চারটার মধ্যে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী হাজির হন। এ সময় দুই পাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিকেল চারটায় গণমিছিল হওয়ার কথা ছিল। বিকেল তিনটার দিকে প্রচার হয়ে যায় গণমিছিল হবে না। নেতা-কর্মীরা ধারণা করেছিলেন, পুলিশ এই কর্মসূচি করতে দিচ্ছে না। সমাবেশে বিভিন্ন দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩০ জনের মতো নেতা বক্তব্য দেন। তবে গণমিছিল হবে না—এমন খবর শোনার পর সমাবেশ শেষ হওয়ার আগেই বহু নেতা-কর্মী সমাবেশস্থল ত্যাগ করেন। জামায়াতের নেতাদের বক্তব্যের পর তাঁদের দলীয় কর্মীদের বড় অংশ সেখান থেকে চলে যান।জানতে চাইলে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে বলেন, ‘মিছিল হবে না, এটা নেতা-কর্মীরা আগেই জেনে গেছেন। এ কারণে অনেকে চলে গেছেন।’সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, হত্যা ও গুমের মাধ্যমে এবং বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারে বাধা দিয়ে সরকার দেশকে অন্ধকার রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে। তিনি সরকারকে এ পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় জনগণ এর জবাব দেবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা বলেছেন। অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের বক্তব্যে প্রমাণিত হয়েছে, এই দাবি বিশ্বে জনমত সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘আমার বন্ধু সুরঞ্জিত সেনগুপ্ত হাতেনাতে ধরা পড়ল। আমরা তখনই বলেছিলাম, তদন্ত কমিটির কোনো গ্রহণযোগ্যতা নেই।’সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, ‘যত নির্যাতনই করুন, আগামীতে আপনারা সরকারে থাকবেন না, এটা নিশ্চিত। তাই পুলিশসহ অন্য কর্তৃপক্ষকে বলি, আপনারা সতর্ক হয়ে যান। আন্দোলনে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে যে কেউ রেহাই পাবেন না।’ জামায়াতের সহকারী সেক্রেটারি মুজিবুর রহমান সরকারপ্রধানের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এ সরকারকে আমি অসভ্য সরকার বলতে চাই না। যদি গুম হওয়া লোকদের ফেরত না দেন, জনমত উপেক্ষা করে যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন দেন, তাহলে ইতিহাসে অসভ্য সরকার হিসেবে বিবেচিত হবেন।’সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, এনডিপির সভাপতি গোলাম মোর্তুজা প্রমুখ বক্তব্য দেন।ছাত্রদল-শিবির ধাক্কাধাক্কি: বিকেলে জামায়াত-শিবিরের একাধিক মিছিল সমাবেশস্থলে উপস্থিত হয়। তারা মঞ্চের সামনে এবং ডান পাশে অবস্থান নেয়। এরপর ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা আসেন। জায়গা না পেয়ে এ সময় ছাত্রদলের কর্মীরা ছাত্রশিবিরের সঙ্গে মৃদু ধাক্কাধাক্কি করেন। পরে দুই পক্ষের নেতারা পরিস্থিতি সামাল দেন।১৮ দলীয় জোটের সমাবেশ হলেও জোটের বেশির ভাগ দলের নেতা-কর্মীরা কার্যত অনুপস্থিত ছিলেন। বিএনপির পর লক্ষণীয় উপস্থিতি ছিল জামায়াত ও ছাত্রশিবিরের।