‘আগে এর চিকিৎসা দরকার’
‘বৃষ্টি নামলে ছাদ দিয়ে পানি পড়ে, স্যাঁতসেঁতে নোংরা পরিবেশ, বাইরের লোকজন হাসপাতাল এলাকা দখল করে বাড়ি বানিয়েছে, পানি নেই, গ্যাস নেই, রোগীদের বসার জায়গা নেই, নেশাখোরেরা হাসপাতাল চত্বরে প্রকাশ্যে নেশা করছে, এলাকাবাসী গরু-ছাগল চরাচ্ছে হাসপাতাল চত্বরে, যার যা ইচ্ছা তাই করছে—একা আর পারছি না, হাসপাতাল ও ক্লিনিক এখন নিজেই রোগী হয়ে পড়েছে, আগে এর চিকিৎসা দরকার’—কথাগুলো বলেন পাবনা বক্ষব্যাধি হাসপাতাল ও বক্ষব্যাধি ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা তাহসিনা বেগম।তাহসিনা বেগম আরও বলেন, ‘২০ শয্যার এই হাসপাতালে সমস্যার অন্ত নেই। এত সমস্যা দেখারও কেউ নেই। সরকারি কোনো দপ্তর থেকে এই ক্লিনিক ও হাসপাতালের খোঁজ নেওয়া হয় না। তাই নিজের চেষ্টায় যতটুকু সম্ভব তা করি।’ তাহসিনা বেগম আরও জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি হাসপাতালের সীমানাপ্রাচীরের ভেতরে বসতবাড়ি তৈরি করে বাস করছেন। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তাঁরা বাড়ি সরাননি। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতে মামলা হয়েছে।এদিকে হাসপাতাল ও ক্লিনিকটিতে চিকিৎসকের চারটি পদ থাকলেও তিনটি পদ শূন্য থাকায় তাঁকে একাই সব কাজ করতে হচ্ছে। তিনি না থাকলে পুরো অভিভাবকহীন হয়ে পড়ত এলাকা। এই সুযোগে স্থানীয় নেশাখোরেরা ইচ্ছামতো হাসপাতাল এলাকায় এসে নেশা করে। এলাকাবাসী হাসপাতালের খোলা মাঠে গরু-ছাগল চরায়। হাসপাতাল ও ক্লিনিকের দুটি ভবনই দীর্ঘদিন ধরে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে।খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতাল ও ক্লিনিক দুটিতে পানির তীব্র সংকট। এখনো গ্যাসের ব্যবস্থা হয়নি। জেনারেল হাসপাতাল থেকে পানি ধার করে প্রতিষ্ঠান দুটি চালানো হচ্ছে। প্রায় পাঁচ বছর আগে পাবনা শহরে গ্যাস এলেও এখনো ক্লিনিক ও হাসপাতালটিতে গ্যাসের সংযোগ দেওয়া হয়নি। ফলে রোগীদের খাবারের বরাদ্দ ২০ টাকা থেকে ছয় টাকার খড়ি কিনে তাদের জন্য রান্না করা হয়। এতে রোগীদের খাবারের মান কমে যায়। এদিকে হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স নেই। একটি জিপ থাকলেও তা প্রায় ১০ বছর আগে নষ্ট হয়ে গুদামে পড়ে আছে।চিকিৎসা কর্মকর্তা তাহসিনা বলেন, সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।হাসপাতাল ও ক্লিনিকের একজন ওয়ার্ডবয় নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় নেশাখোরদের অত্যাচারে এখানে বসবাস করাই কঠিন হয়ে উঠেছে। তারা যখন খুশি এখানে এসে নেশা করে। অনেক সময় মেয়েদের নিয়ে এসে হাসপাতালের কক্ষে ফুর্তি করে। কিছু বললেই মেরে ফেলার হুমকি দেয়। তাহসিনা বেগম বলেন, ‘এমন ঘটনা যে ঘটে না তা নয়। আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিত পুলিশ ও র্যাবের সদস্যদের সহযোগিতায় মাঝেমধ্যে এদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু সার্বক্ষণিকভাবে তো তা করা সম্ভব হয় না।’