‘আগে খেলা পরে পারলার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভলিবল ছাড়াও অন্য মেয়েরা যেখানে ফুটবল, ক্রিকেট, সাঁতারে অংশ নিচ্ছে, সেখানে পাবনার মেয়ে ইয়াসমিন আক্তার ব্যতিক্রম। শুধু ভলিবলই খেলেন তিনি। নিজের জেলা শহরে বিউটিশিয়ান বলেও তাঁকে চেনেন অনেকে। তবে ১০ বছরের ক্যারিয়ারে সাতবার টুর্নামেন্ট-সেরা হওয়া বিজেএমসির ডিফেন্ডার বললেন তাঁর ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে আবারও বিজেএমসি ফাইনালে উঠল। কেমন লাগছে?ইয়াসমিন আক্তার: ভীষণ খুশি। ম্যাচ শুরুর আগে একটু টেনশনে ছিলাম। তবে ভালোভাবেই ফাইনালে উঠেছি। গতবার ফাইনালে আনসার ও ভিডিপির কাছে হেরে গিয়েছিলাম। এবার আমাদের লক্ষ্য শিরোপা। ভলিবলে এখনো পেশাদারি ছোঁয়া লাগেনি। খেলায় কতটা উৎসাহ পান? ইয়াসমিন: ভলিবল খেলে সে রকম টাকাপয়সা পাই না। এ খেলায় টাকাপয়সা থাকলে আমাদের মেয়েরা অনেক ওপরে উঠতে পারত। কম হোক, টাকাটা যদি নিয়মিত দেওয়া হতো তা-ও একটু উৎসাহ বাড়ত। অন্য কোনো খেলায় অংশ নেন না?ইয়াসমিন: আমি প্রথমে হ্যান্ডবল খেলতাম। কিন্তু হ্যান্ডবলের কিছুই বুঝতাম না। কোনো অভিজ্ঞতাই ছিল না। আমার স্কুলের ম্যাডাম-স্যাররা একরকম জোর করেই খেলায় আনেন। একদিন আমার খেলা দেখে পাবনার কোচ সালভি আল ফাত্তাহ ভলিবলে নিয়ে আসেন। সেই থেকেই খেলছি।  মৌসুমে যখন খেলা থাকে না তখন কী করেন?ইয়াসমিন: ন্যাশনাল আর আন্তজেলার পর বাড়িতে অলস বসে থাকি। ভলিবলে লিগ হওয়ার কথা অনেক দিন ধরে শুনছি। কিন্তু সেটারও কোনো খবর নেই। লিগ হলে মেয়েরা অন্তত কিছু পাবে। শুনলাম, আপনি একজন বিউটিশিয়ান?ইয়াসমিন: বিউটিশিয়ান মানে পাবনায় আমার নিজের একটা বিউটি পারলার আছে। ব্যবসাটা আমার বোনের ছিল। বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এখন আমিই সবকিছু দেখাশোনা করি। খেলাধুলা ছেড়ে দিয়ে কি পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে যাবেন?ইয়াসমিন: না। আমার কাছে আগে খেলা পরে পারলার। ও রকম চিন্তা এখনো করিনি। তবে হ্যাঁ, একটা সময় খেলাধুলা তো ছেড়ে দিতেই হবে। কারণ বয়সেরও তো একটা বিষয় আছে। আর যখন ছেড়ে দেব তখন ব্যক্তিগত একটা কিছু করতে হবে। অন্যের ওপর নির্ভরশীল থাকতে মোটেও ভালো লাগে না। তখন পারলারটাই ধরে রাখব। বাংলাদেশে মেয়েরা তো বিয়ের পর খেলা ছেড়ে দেয়...ইয়াসমিন: আসলে বিয়ের পর মেয়েদের পারফরম্যান্স খারাপ হয়ে যায়। আমার স্বামী শ্বশুর-শাশুড়ি যদি খেলতে দেয় তাহলে খেলব। না হলে বাস্তবতা মেনে নিতে হবে।  পরিবারের সমর্থন কেমন পান?ইয়াসমিন: সাত ভাইবোনের মধ্যে আমি একাই খেলাধুলায় আছি। আমার মা-বাবা, ভাইবোন—সবাই আমাকে সমর্থন করেন। বিশেষ করে বাবা হাবিবুর রহমান আমাকে বেশি উৎসাহ দিতেন। বছর খানেক হলো বাবা মারা গেছেন। বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন আমি যেন জাতীয় দলের ভালো খেলোয়াড় হতে পারি। আমার মনে হয়, ওই জায়গাটায় আসতে পেরেছি। মাঝখানে তো বিজেএমসির খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল। হতাশ হয়ে পড়েছিলেন নিশ্চয়ই।ইয়াসমিন: হ্যাঁ। তখন ভেবেছিলাম, খেলাধুলা ছেড়ে দেব। আমার মেজো ভাইয়া এই কথা শুনে অনেক কষ্ট পেয়েছিল। এমনকি কেঁদে ফেলেছিল। বলেছিল তুমি কখনোই খেলাধুলা ছেড়ো না। তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি।  পাবনায় অনুশীলনের পরিবেশ কেমন? ইয়াসমিন: আগে স্টেডিয়াম আর স্কুলের মাঠে অনুশীলন করতাম। কিন্তু এখন স্টেডিয়ামে র‌্যাবের ক্যাম্প হওয়ায় অনুশীলন করতে পারি না। জেলা ক্রীড়া সংস্থা থেকে সাহায্য কেমন পান?ইয়াসমিন: সেভাবে সাহায্য পাই না। ঢাকায় খেলতে আসার আগে মাত্র তিন-চার দিন, বড়জোর এক সপ্তাহ অনুশীলন করতে পারি। এই এক সপ্তাহের অনুশীলনেই আমরা দীর্ঘ কয়েক বছর পাবনাকে রেজাল্ট দিচ্ছি। আসলে একটা প্রতিযোগিতার জন্য কমপক্ষে ১৫ দিন দরকার।