‘আগে ছবি তারপর বিয়ে’
বহুল আলোচিত পর্দার ও বাস্তবের জুটি সাইফ আলী খান-কারিনা কাপুর অভিনীত ‘এজেন্ট বিনোদ’ মুক্তি পাচ্ছে ২৩ মার্চ। খবর রটেছিল, ছবি মুক্তির এক সপ্তাহের মাথায়ই বিয়ের পিঁড়িতে বসবেন সাইফ-কারিনা। তবে সম্প্রতি কারিনা জানিয়েছেন, বিয়ে নিয়ে কোনো রকম তাড়াহুড়ো নেই তাঁদের মধ্যে। চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন বলেই ইঙ্গিত দিয়েছেন ৩১ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী।কারিনা জানিয়েছেন, ‘এই মুহূর্তে হিরোইন ছবির কাজ নিয়ে খুবই ব্যস্ত আছি। আমাকে আগে এই ছবির কাজ শেষ করতে হবে, তারপর বিয়ে। সে জন্য এখনই বিয়ের দিনক্ষণ ঘোষণা করছি না। এই মুহূর্তে বিয়ে নিয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। তবে এ বছরের মধ্যেই শুভ কাজটি সম্পন্ন হবে। আশা করছি, চলতি বছরের শেষের দিকেই বিয়ে করব আমরা।’‘হিরোইন’ ছবি প্রসঙ্গে কারিনা বলেছেন, ‘ছবিতে সিজোফ্রেনিক একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করছি। ক্ষণে ক্ষণে চরিত্রটির মানসিক অবস্থা পরিবর্তিত হয়। এই বিষয়টিকে ফুটিয়ে তুলতে আমাকে বেশ বেগ পেতে হচ্ছে। তার পরও এমন চমত্কার একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুবই আনন্দিত আমি। এই ছবিতে সালমান কিংবা শাহরুখ নেই। কাজেই অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার দারুণ একটি সুযোগ এটা। বিষয়টি ভেবে বেশ মজা পাচ্ছি।’কারিনা মনে করেন, বলিউডের ছবিতে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু এখনো পুরুষ তারকারা নারী তারকাদের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। কারিনা চান, এই অবস্থার পরিবর্তন হোক। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘শুরু থেকেই বলিউডে নারী তারকাদের তুলনায় পুরুষ তারকারা বেশি পারিশ্রমিক পেয়ে আসছেন। এই ধারা এখনো অব্যাহত। উদাহরণ হিসেবে বলা যায়, এখন প্রতিটি ছবিতে বলিউডের খান সাহেবেরা যে পারিশ্রমিক পান, তার ধারে কাছেও নেই আমার পারিশ্রমিক। এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত।’