শেখ রাসেল-আরামবাগ ম্যাচ শেষে কমলাপুর স্টেডিয়াম কাল হয়ে উঠল রণক্ষেত্র। প্রতিপক্ষ খেলোয়াড়ের হাতে আক্রান্ত হয়েছেন শেখ রাসেল কোচ মাহমুদুল ইসলাম। নিয়মিত খেলা দেখা বাফুফে ও বাংলাদেশ লিগ কমিটির সদস্য সাবেক ফুটবলার হাসানুজ্জামান বাবলু বলেছেন, বাফুফেকে আরও কঠোর হতে হবে কমলাপুর স্টেডিয়ামে আপনি এবং আরেক সদস্য ছাড়া বাফুফের কর্মকর্তারা খেলা দেখতে আসেন না। এই লিগের ওপর বাফুফের কোনো নিয়ন্ত্রণ কি আছে?হাসানুজ্জামান বাবলু: নিয়ন্ত্রণ নেই, তা বলা যাবে না। তবে সমস্যা হয়েছে কমলাপুর স্টেডিয়াম নিয়ে। এখানে নিরাপত্তার অভাব আছে। গ্যালারির সঙ্গেই মাঠ বলে পূর্ণ নিরাপত্তা দেওয়া কষ্টকর। গতকালই (পরশু) গ্যালারি থেকে ঢিলাঢিলিতে কয়েক মিনিট খেলা বন্ধ থাকল। বিশ্বকাপ ক্রিকেটের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা ফিরে গেলে সমস্যা কমবে আশা করি। বাফুফে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কী নিয়েছে?হাসানুজ্জামান: পুলিশ তো প্রতিদিনই থাকে। কেউ গোলমাল বাধিয়ে দিলে কী করার আছে। পুলিশ কিন্তু থামাচ্ছে। কথা হলো, ক্লাবগুলোকে সহনশীল ভূমিকা নিতে হবে। ক্লাবের সহযোগিতা ছাড়া কমলাপুরে খেলা চালানো কঠিন। মাঠে প্রায়ই গন্ডগোল হচ্ছে। ম্যাচের পর যেন আগুনে ঘি পড়ছে। এভাবে কি খেলা চলতে পারে?হাসানুজ্জামান: আমি একমত। তবে এখানে রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টই আসল। তাদের রিপোর্টের ভিত্তিতে যত বড় খেলোয়াড় বা কর্মকর্তাই হোক না কেন, শাস্তি নিশ্চিত করতে হবে। যথার্থ শাস্তি কি দেওয়া হচ্ছে? বাফুফে কি বিষয়গুলো দেখে?হাসানুজ্জামান: বাফুফে কিছুই দেখে না, এটা বলব না। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতো সব সুযোগ-সুবিধা কমলাপুর স্টেডিয়ামে নেই, এটা ঠিক। তবে লিগ শুরু করার সময় আমরা প্রতিটি দলের সঙ্গে আলোচনা করেছি। ক্লাবের ভূমিকাকে আমি তাই বড় করে দেখছি। কোনো কোনো ক্লাবের সমর্থকেরা চেয়ার ছুড়ছে মাঠে, রেফারিকে মারছে। বাফুফের তো কোনো পূর্বপ্রস্তুতিই থাকে না!হাসানুজ্জামান: আজ যে ঘটনাটা ঘটল, এটার জন্য ম্যাচ কমিশনার আছে, রেফারি আছে, এদের রিপোর্ট দেখে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়া না হলে এগুলো বাড়তেই থাকবে। আইন সবার জন্যই সমান ধরে নিয়ে এগোতে হবে। পরশু (কাল) লিগ কমিটির সভায় বিশদ আলোচনা করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব আমি। নামে পেশাদার লিগ, অথচ চাইলেই যে কেউ মাঠে ঢুকে পড়ে। লিগটা আল্লাহর ওয়াস্তে চলছে বলে অনেকে মন্তব্য করেন।হাসানুজ্জামান: আমি নিজে বাংলাদেশ লিগ কমিটির সদস্য, কিন্তু আমি মাঠে ঢুকি না। প্রায়ই দেখা যায়, অনেক ক্লাবের অফিশিয়ালরা বিরতির সময় হুট করে মাঠে ঢুকে পড়ে। এই বিষয়গুলো ক্লাবেরও বোঝা উচিত। আপনাদের সময় আর এখনকার মধ্যে কোনো পরিবর্তন দেখেন?হাসানুজ্জামান: পরিবর্তন অবশ্যই আছে। আমাদের সময় তো প্রায় প্রতি ম্যাচেই গোলমাল হতো। এখন সে তুলনায় অনেক কমেছে। তবে এতেও আমি সন্তুষ্ট নই। এসব নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। রেফারিকে মারধর করেছেন মোহামেডানের সমর্থকেরা। রেফারিং নিয়ে অসন্তোষ প্রায় প্রতিদিনই। মোহামেডানের কোচ অভিযোগ করেছেন, রেফারি ষড়যন্ত্র করছে তার দলের বিরুদ্ধে। আপনার কী মনে হয়?হাসানুজ্জামান: রেফারিং আগের চেয়ে ভালো হয়েছে। তবে ধারাবাহিকতার অভাব। লাল কার্ডের জায়গায় হলুদ, হলুদ কার্ডের জায়গায় দেখা গেল কিছুই দিল না রেফারি। অনেক সময় জেনুইন পেনাল্টি দেওয়া হয় না। আবার সাহস করে বড় দলের বিপক্ষেও পেনাল্টি দেওয়া হয়। আগে আমাদের সময় বড় দলের বিপক্ষে পেনাল্টি দেওয়া হতো না।