বদলি হিসেবে খেলতে নেমে সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন। তাঁর গোলেই মুক্তিযোদ্ধাকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কাল ম্যাচের পর সুপার-সাব তৌহিদুল আলমের (সবুজ) উচ্ছ্বাস তো বাঁধভাঙাই হওয়ার কথা সেমিফাইনালের মতো বড় ম্যাচে জয়সূচক গোল...। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফাইনালে। নিশ্চয়ই দারুণ খুশি?তৌহিদুল আলম (সবুজ): খুবই ভালো লাগছে। বেশি ভালো লাগছে এই ভেবে, আমার গোলেই দল ফাইনালে উঠেছে। জাতীয় দলের খেলোয়াড়ে ঠাসা আপনাদের দল। প্রত্যাশার চাপ খুব বেশি ছিল?তৌহিদুল: আমরা চাপে ছিলাম না। তবে সবাই বলাবলি করছিল, আমাদের দলে ১৬ জন জাতীয় দলের খেলোয়াড় আছে। এরা এই চাপটা নিতে পারছে না। আমরা কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত বের করে এনেছি। এখন ফাইনালে জিতে দেখিয়ে দিতে চাই, আমরা আসলেই জাতীয় দল। আপনি বদলি হিসেবে খেলেছেন। কোচ জোরান কার্লেভিচের নির্দেশনা কী ছিল আপনার ওপর? তৌহিদুল: কোচের নির্দেশনা ছিল, শাকিলের বদলি হিসেবে নেমে যেন উইং দিয়ে আক্রমণে যাই। এরপর নিজের পজিশন খুঁজে নিয়ে নিজের খেলাটা খেলেছি। মুক্তিযোদ্ধার গোলকিপার বিপ্লবকে একা পেয়েও গোল করতে পারেননি....তৌহিদুল: একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছিলাম ওই শটের সময়। এ কারণে বল বাইরে চলে যায়। ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে নিশ্চয়ই খুব আনন্দ-উচ্ছ্বাস হয়েছে?তৌহিদুল: খুব বেশি আনন্দ হয়নি। এখনো আরও একটা ম্যাচ বাকি। তবে অধিনায়ক আমিনুল ভাই আমাকে জড়িয়ে ধরে বলেছেন, ‘তুই আমাদের মান বাঁচিয়েছিস।’ ক্রিকেটে এখন তারুণ্যের উন্মাদনা চলছে। তরুণ ফুটবলার হিসেবে আপনার কেমন লাগে?তৌহিদুল: ক্রিকেট যতই এগিয়ে যাক, আমি কিন্তু ছোটবেলা থেকে ফুটবলার হতে চেয়েছি। আমার বাবা বদরুল আলম ফুটবলের অন্ধভক্ত। আমি যখন খুব ছোট, জন্মদিনে একটা বল কিনে এনে আমাকে দেন। বাবার অনুপ্রেরণাতেই ফুটবলে এসেছি। খেলার পর বাবার ফোন পেয়েছিলেন?তৌহিদুল: হ্যাঁ। কক্সবাজারে আমাদের বাড়িতে পিকনিকের মতো আনন্দ করে সবাই খেলা দেখেছে। আমি গোল করার পর বেশি আনন্দ পেয়েছেন বাবা। বাড়িতে ফুল আর মিষ্টি পাঠিয়েছে পাড়ার লোকজন। ম্যাচ শেষে কোচ কী বললেন?তৌহিদুল: কোচ এমনিতেই আমাকে পছন্দ করেন। ম্যাচ শেষে অভিনন্দন জানিয়েছেন। এনামুল-এমিলিদের টপকে গোল করতে পারবেন ভেবেছিলেন?তৌহিদুল: এনামুল ভাই, এমিলি ভাইয়েরা দেশসেরা স্ট্রাইকার। সত্যি বলতে, আমি ম্যাচের আগের দিনও জানতাম না যে আজ (কাল) মাঠে নামব, খেলব। সকালে জানলাম, বদলি হিসেবে আমাকে বিবেচনায় রেখেছেন কোচ। গোল পেয়ে কোচের আস্থার প্রতিদান দিতে পেরেছি বলে খুব ভালো লাগছে। এসএ গেমসে আপনি ভারতের বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন। তারপর আজ (কাল) আবার দলকে জেতালেন। কোন গোলটা বেশি স্মরণীয়?তৌহিদুল: আজকের গোলটিই বেশি স্মরণীয়। কারণ, অনেক চাপ থেকে আমরা মুক্তি পেলাম এই গোলের কল্যাণে।