‘আগ্রহ কমে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ডমাস্টার ছাড়াই চলতি মাসে অলিম্পিয়াডে খেলতে যাচ্ছে বাংলাদেশ দাবা দল। নভেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের দলে থাকা দুই গ্র্যান্ডমাস্টারের একজন রিফাত বিন সাত্তারের যাওয়া নিয়েও সৃষ্টি হয়েছে ধূম্রজাল। কাল টেলিফোনে অলিম্পিয়াড ও এশিয়ান দাবা সম্পর্কে বলতে গিয়ে দেশের দাবার সংকট নিয়েও কথা বললেন তিনি এশিয়াডে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাচ্ছেন না কেন?রিফাত বিন সাত্তার: যাচ্ছি না, এটা ঠিক না। তবে আগ্রহ কমে গেছে। প্রথমত, ফেডারেশনের কর্মকাণ্ডে কোনো স্বচ্ছতা নেই। আমাকে না জানিয়ে কীভাবে বিওএতে (অলিম্পিক অ্যাসোসিয়েশনে) আমার নাম পাঠানো হলো বুঝলাম না। দলে রাখার আগে অন্তত আমার কাছে শোনা উচিত ছিল, আমি খেলব কি না। দ্বিতীয়ত, দল নির্বাচন নিয়েও আপত্তি আছে। তৃতীয়ত, আমার এশিয়াডে যাওয়ার ব্যাপারেও তারা এর আগে ভুল ব্যাখ্যা দিয়েছে। কী ভুল ব্যাখ্যা দিল?রিফাত: জানতে পেরেছি, আমি নাকি কর্মস্থল থেকে ছুটি পাইনি বলে অলিম্পিয়াডে যাচ্ছি না। আসলে পুরো ব্যাপারটা মিথ্যা। আমি এখন পর্যন্ত পেশাগত কারণে কোনো দিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করা বাদ দিইনি। কিন্তু তারা অবলীলায় সেটা বলে দিল। এসব সফরে দলের সঙ্গে ম্যানেজার হিসেবে কে যাচ্ছেন না যাচ্ছেন, এদের আদৌ সেই যোগ্যতা আছে কি না সেটাও কিন্তু দেখতে হবে। এসব কর্মকর্তা তো প্রমোদ ভ্রমণ করতে যায়। বরং এই টাকায় আরও বেশি খেলোয়াড় পাঠানো উচিত। দলনেতা বানানো উচিত কোনো সিনিয়র খেলোয়াড়কে। কর্মকর্তা যিনিই যান না কেন, আপনারও তো দেশের প্রতি দায়িত্ববোধ থাকা উচিত?রিফাত: আমার দায়িত্ববোধ নেই কে বলল? আমি এশিয়ান গেমসে যেতে দারুণ আগ্রহী। কিন্তু সেই পুরোনো কথাই বলব, ফেডারেশনের কর্মকাণ্ডে আগ্রহটা কমে গেছে। আপনাদের দেখেই তো তরুণ প্রজন্ম খেলায় আসবে। আপনারা সরে গেলে কী হবে? রিফাত: সরে গেলাম কোথায়? গত জাতীয় দাবায় একমাত্র গ্র্যান্ডমাস্টার হিসেবে আমিই খেলেছি। রাকিব-রাজীবদের তো খেলতে দেখলাম না। আমি বলছি না যে, আমি এই ফেডারেশনের পক্ষে, তবে আমার দায়িত্ববোধ থেকেই খেলেছি। রাকিব-রাজীবদের না খেলার বিষয়টা তো অনেকেই সমর্থন করে না। আপনি বিষয়টা কীভাবে দেখেন?রিফাত: দেখুন, খেলা বয়কট করা আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তবে ওরা ওদের অবস্থানে শক্ত হয়ে আছে। ওরা না খেলে প্রতিবাদ করছে। আর অনেকেই বাধ্য হয়ে খেলছে। এশিয়ান গেমস নিয়ে সমস্যার সমাধান হচ্ছে না কেন। আপনার কী মনে হয়?রিফাত: সমস্যার সমাধান করার উদ্যোগ নেই। না ফেডারেশনের না এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ)। আপনিও তো বছরের ১-২টার বেশি টুর্নামেন্টে খেলেন না। বর্তমান ফেডারেশনের নেতৃত্ব বদলে নতুন কমিটি আনা হলে কি নিয়মিত খেলবেন?রিফাত: আমি বছরে ১-২টা টুর্নামেন্ট খেলি এটা ঠিক না। লিগ খেলেছি, জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছি। এর বাইরে তো ফেডারেশন কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আয়োজনই করে না। কম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাই খেলার দরকার মনে করি না।