‘আছি ভালো তবু সাদাকালো’র মোড়ক উন্মোচন
সুনামগঞ্জের সংগীতশিল্পী অলক বাপ্পার প্রথম গানের অ্যালবাম আছি ভালো তবু সাদাকালোর মোড়ক উন্মোচন করা হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জের প্রবীণ সংগীতশিল্পী এমরান আলী ও গীতিকার আবদুল লতিফ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ইফতেখার আহমেদ, সুনামগঞ্জ মুক্তিযুদ্ধচর্চা ও গবেষণাকেন্দ্রের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জাহানুর, সংগীতশিল্পী দ্বিগ্বিজয় শর্মা চৌধুরী, সুরকার সুমন কল্যাণ, গল্পকার শেখ লুৎফর, অনোয়ার বখত, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, গ্রামবাংলার কথার সম্পাদক শাহানা রব্বানী, শেরগুল আহমেদ, প্রয়াত কবি মমিনুল মউজদীনের ছেলে ফিদেল নাহিয়ান, ক্লোজআপ ওয়ান তারকা সালমা, কিশোর, পুলক, আশিক, প্রতিমা, অলক প্রমুখ।এর আগে রুনা লেইছের সঞ্চালনে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন হুমায়ুন কবির জাহানুর। আছি ভালো তবু সাদাকালো অ্যালবামে নয়টি গান রয়েছে। এর মধ্যে প্রয়াত কবি মমিনুল মউজদীনের দুটি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে। পাঁচটি গান লিখেছেন সেজুল হোসেন। একটি করে গান লিখেছেন বাবর বখত ও হীরক ওয়াজেদ। একটি গানে অলক বাপ্পার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাঁর সহধর্মিণী প্রতিমা অলক।আলোচনা শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী অলক বাপ্পা, ক্লোজআপ ওয়ান তারকা সালমা, কিশোর, পুলক, আশিক ও মোহন।