‘আজকের শিশুরাই দেশটি একদিন সোনার দেশ বানাবে’
লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আজকের শিশুরাই ভবিষ্যতের বাংলাদেশ। এ শিশুরা যখন দেশের দায়িত্ব নেবে, তখন দেশটি সোনার দেশে পরিণত হবে।গতকাল শুক্রবার কেন্দ্রীয় খেলাঘর আসরের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে জাফর ইকবাল এ কথা বলেন। ‘নয় শঙ্কা নয় ভয়, চাই শিক্ষা আনন্দময়’ স্লোগান নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শিশু একাডেমীতে।অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘তোমাদের দেখে গর্বে আমার বুকটা ভরে গেছে। তোমরাই একদিন দেশটাকে দাঁড় করাবে। আমরা যা করতে পারিনি, তোমরা তা করে যাবে, এ দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত ও খেলাঘরের নিজস্ব সংগীতের মধ্য দিয়ে। এরপর কেন্দ্রবিন্দু নামের সংগঠন খেলাঘর সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।শুভেচ্ছা বক্তব্যে কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লেনিন চোধুরী বলেন, আনন্দময় শিক্ষার মধ্যদিয়ে শিশুর যথাযথ বিকাশ সম্ভব।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় শিশুতোষ কার্টুন সিসিমপুরের হালুম ও টুকটুকির উপস্থিতি। এ কার্টুন চরিত্রের উপস্থিতি শিশুদের মধ্যে আনন্দের নতুন মাত্রা যোগ করে।পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুহম্মদ জাফর ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে সারা দেশের প্রায় সাত হাজার শিশু-কিশোর, কর্মী-সংগঠক ও অভিভাবক অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাহফুজা খানমের সভাপতিত্বে আরও বক্তব্য উপস্থাপন করেন এক্সিম ব্যাংকের পরিচালক নূর ফজল বুলবুল।