‘আজব ও জবর-আজব অর্থনীতি’ বইয়ের প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির সাম্প্রতিক গুরুগম্ভীর তত্ত্ব ও বিষয়-আশয় নিয়ে প্রাঞ্জল ভাষায় ও সুরসিক ভঙ্গিতে লেখালেখির ক্ষেত্রে আকবর আলি খান এক অনন্য দক্ষতা অর্জন করেছেন। তাঁর সম্প্রতি প্রকাশিত বই আজব ও জবর-আজব অর্থনীতি আবার তার স্বাক্ষর রেখেছে। বইটিতে সমাজ ও রাষ্ট্রের বিচিত্র বিষয় অর্থনীতির আলোকে উপভোগ্য করে পরিবেশন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান রচিত এই বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।বক্তারা বইটির প্রশংসা করে আরও বলেন, দুর্নীতি, সুখ, সুশীল সমাজ ইত্যাদি মোটা দাগের অর্থনীতির বাইরের নানা বিষয় অর্থনীতির তত্ত্বে চমকপ্রদভাবে এতে উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বইটির ওপর আলোচনা করেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, নারী-বিশেষজ্ঞ সালমা খান এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক বিনায়ক সেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘বইটি পড়ে খুবই আনন্দ পেয়েছি। অর্থনীতিকে বিষণ্ন বিষয় বলা হলেও বইটি পড়ে মনে হচ্ছে, একে প্রসন্ন বিষয়ও বলা যেতে পারে।’ তিনি বলেন, অর্থনীতিবিদেরা গতকালের বিষয় নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন। কিন্তু আগামীকাল কী ঘটবে, তা বলতে পারেন না। কারণ, যেকোনো অপ্রত্যাশিত ঘটনা বা মানুষের মন সব এলোমেলো করে দিতে পারে। তিনি আরও বলেন, ‘লেখকের ভূমিকা পড়ে বুঝতে পেরেছি, এই বই তিনি কেমন করে লিখলেন। পরিবারের প্রতি লেখকের কৃতজ্ঞতার প্রকাশ থেকে বোঝা যায়, পরিবার তাঁকে কীভাবে অনুপ্রাণিত করেছে।’জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, অর্থনীতির মতো কঠিন বিষয়ও যে কত প্রাঞ্জলভাবে লেখা সম্ভব, আকবর আলি খান এই বইয়ে তা প্রমাণ করেছেন। বইটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অর্থনীতি এক বিচিত্র শাস্ত্র। একেবারে পরস্পরবিরোধী তত্ত্বের কারণে দুজন অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পেয়েছেন।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এই বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চমক। আলোচনায় সবকিছু বলে দিয়ে বইটির চমক নষ্ট না করে দেওয়াই ভালো। তিনি বলেন, বইটির তিনটি বিশেষ বৈশিষ্ট্য আছে—সহজবোধ্য ভাষা, আনন্দদায়ক বিষয় এবং মূলধারার অর্থনীতির বাইরের বিষয়ে আলোকপাত। তিনি আরও বলেন, আকবর আলি খান বাংলা ভাষায় আকর্ষণীয় ও সহজবোধ্যভাবে অর্থনীতিচর্চার পরিসরটি বাড়ানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মূলধারার অর্থনীতির মধ্যেও বহু চমকপ্রদ বিষয় আছে—মন্তব্য করে এক অর্থনীতিবিদের বরাত দিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একই ধরনের কায়িক পরিশ্রম করেও যে বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রে একজন শ্রমিক ১০০ গুণ বেশি মজুরি পান, ভিন গ্রহের কেউ এসে এ বিষয়টি দেখতে পেলে বিস্মিত হয়ে যেত।সালমা খান বলেন, প্রায়ই দেখা গেছে, অর্থনীতির ক্ষেত্রে তথ্য ও পরিসংখ্যান নিয়ে নানা কারসাজি করে বিশ্লেষণ গড়াপেটা করা হয়। মূলত রাজনীতিই অর্থনীতির গতিপ্রকৃতি নির্ণয় করে। তিনি আরও বলেন, অর্থনীতির পরিসরে নারীদের নিরিখ অধিকাংশ ক্ষেত্রেই অবহেলিত থেকে যায়। এ বইয়েও তা ঘটেছে।বিনায়ক সেন বলেন, গত ২০ বছরে নব্য ধ্রুপদি অর্থনীতির যে শাখা-প্রশাখা গড়ে উঠেছে, এই বইয়ে তার একটি চিত্র ফুটে উঠেছে। লেখকের প্রশংসা করে তিনি বলেন, তিনি প্রাতিষ্ঠানিক অর্থনীতিকে পারঙ্গমতার সঙ্গে বিশ্লেষণ করতে পারেন। তিনি আরও বলেন, সুখের সংজ্ঞা সাম্প্রতিক নয়, পৌরাণিক। মহাভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, অপ্রবাসী না থেকে, ঋণ না নিয়ে শাকান্ন খেয়ে জীবন যাপন করেও সুখী হওয়া সম্ভব। তবে উনিশ শতকে ঋণ করে ঘি খাওয়ার প্রবণতা শুরু হয়। তাই আয় বাড়লেও মানুষ আর সুখী হয় না। আকবর আলি খান বলেন, যাঁরা তাঁর বইয়ের প্রশংসা করেছেন, তাঁদের কথা শুনে স্বাভাবিকভাবেই তাঁর খারাপ লাগেনি। তবে যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের কথাও তাঁর ভালো লেগেছে। কারণ, লেখক হিসেবে সেসব তাঁর কাজে লাগবে। আলোচকদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।আকবর আলি বলেন, ‘আলোচকদের কেউ কেউ বইটিতে রাজনৈতিক অর্থনীতির, আবার কেউ বা নারীবাদী দৃষ্টিভঙ্গির অভাবের কথা বলেছেন। এ সমালোচনা আমারও। এ বিষয়গুলো আরও গভীরভাবে সম্পৃক্ত করতে গেলে আমাকেও তো রাজনীতিবিদ, নারীবাদী বা সমাজবিদ হতে হবে।’ সাবেক মন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও হোসেন জিল্লুর রহমান, সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী, কলাম লেখক এ জেড এম আবদুল আলী, সৈয়দ আবুল মকসুদ ও বদিউল আলম মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।